আন্তসম্পর্কের উন্নয়ন ছাড়া প্রশাসন দক্ষ হবে না: মোজাফফর আহমদ
অধ্যাপক মোজাফফর আহমদ বলেছেন আন্তসম্পর্কের উন্নয়ন ছাড়া প্রশাসনকে দক্ষ ও যোগ্য করে গড়ে তোলা যাবে না। পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) নিয়োগ দেওয়া ক্যাডারগুলোর মধ্যে কোনো আন্ত সম্পর্ক নেই। আগে পুলিশেরা জেলা প্রশাসকের কাছে প্রতিবেদন (রিপোর্ট) দিলেও এখন দেয় না। এখন শুরু হয়েছে জুডিশিয়ারিদের সঙ্গে দ্বন্দ্ব। এটা কোনো শুভ লক্ষণ নয়। আজ বুধবার ‘সরকারি প্রশাসন বিষয়ক রিপোর্ট ২০০৯-এর প্রকাশ অনুষ্ঠানে’ সভাপতির বক্তব্যে তিনি এসব কথা। সরকারের এক বছর পূর্তিতে প্রশাসন বিষয়ে আজ বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে এ অনুষ্ঠানের আয়োজন করে ‘নীতি ও গবেষণা কেন্দ্র’। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সালাউদ্দিন এম আমিনুজ্জামান, অধ্যাপক মোবাশ্বের মোনেম, সমকাল-এর ব্যবস্থাপনা সম্পাদক আবু সাঈদ খান প্রমুখ।মোজাফফর আহমদ আরও বলেন, আগে কর্মকর্তারা ‘কোড অব কন্ডাক্ট’ মেনে চলত। জেলা জজ ও মুন্সেফরা কোনো সামাজিক বা পারিবারিক (পাবলিক প্রোগ্রামে) অনুষ্ঠানে যেত না। কিন্তু এখন এ প্রবণতা লক্ষণীয়। তিনি আরও বলেন, প্রশাসনের শিক্ষানবিশ কর্মকর্তারা কোড অব কন্ডাক্ট জানেন না বা তাঁদের জানতেও দেওয়া হয় না। সচিব বা ঊর্ধ্বতন কর্মকর্তারা যা করেন বা বলেন, সেটাই তাঁরা শেখেন বা করেন।প্রশিক্ষণের গুরুত্ব উপলব্ধি করে মোজাফফর আহমদ বলেন, শিক্ষানবিশদের প্রশিক্ষণ দরকার। প্রশিক্ষণ দেশে বা বিদেশে—দুই জায়গায় হতে পারে। তবে অর্থনীতির বিষয়ে প্রশিক্ষণ নিয়ে দেশে ফিরে টেলিকমিউনিকেশনে যেন কাজ না দেওয়া হয়। যদিও এমনটা প্রশাসনে হর-হামেশাই ঘটছে।আন্তসম্পর্কের উন্নয়নের কথা বলতে গিয়ে মোজাফফর আহমদ বলেন, সেনাবাহিনীর সদস্যদের রাষ্ট্রদূত, উপসচিবদের মতো পদ দেওয়া হলেও পুলিশের বেলায় কিন্তু এমনটি ঘটে না। এগুলো অসন্তোষ বাড়ায়। এ ব্যাপারগুলোর প্রতি দৃষ্টি দিতে হবে। অধ্যাপক সালাউদ্দিন এম আমিনুজ্জামান বলেন, ‘আমলাতন্ত্র নেতিবাচক বিষয় নয়। এটা এত নেতিবাচক বিষয় হলে আমরা এত দূর আসতে পারতাম না। কর্মকর্তারা রাজনৈতিক চাপে হয়তো অনেক সময় নেতিবাচক কাজ করেন। সরকারের কাজ হচ্ছে প্রশাসনকে দিকনির্দেশনা দেওয়া। আর বিরোধী দলের কাজ হলো প্রশাসনকে জবাবদিহিতা করতে কাজ করা।’