আন্দামানে বন্দী বাংলাদেশিদের ফিরিয়ে আনতে হাইকোর্টের রুল
আন্দামানে বন্দী ১৮৯ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তাদের ফিরিয়ে আনতে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ও মৌলিক অধিকারের পরিপন্থী ঘোষণা করা হবে না, তাও জানতে চাওয়া হয়েছে। আগামী ছয় সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে।আজ বিচারপতি মির্জা হুসেইন হায়দার ও বিচারপতি মো. নূরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এই রুল জারি করেন। এ ছাড়া তাদের ফিরে আনার ব্যাপারে কী পদক্ষেপ নেওয়া হয়েছে তার অগ্রগতির প্রতিবেদন চার সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্রসচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশীয় অনু বিভাগের মহাপরিচালক ও স্বরাষ্ট্র যুগ্ম সচিবকে (রাজনৈতিক) জানাতে বলা হয়েছে।গত ২৫ এপ্রিল ‘আন্দামানে বন্দী ১৮৯ বাংলাদেশিকে ফিরিয়ে আনতে ধীরগতি’ শিরোনামে দৈনিক প্রথম আলোতে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এটা যুক্ত করে এ ব্যাপারে নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী শহীদুল ইসলাম হাইকোর্টে রিট দায়ের করেন। রিটের প্রাথমিক শুনানি শেষে আদালত রুল জারি করেন ও অন্তর্বর্তীকালীন আদেশ দেন। রিট আবেদনকারী শহীদুল ইসলাম নিজেই মামলাটি পরিচালনা করেন।