আন্দামানের আশপাশে পর্যটকেরা অবাঞ্ছিত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত মহাসাগরে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ ভারতের অন্যতম প্রধান পর্যটন এলাকা। প্রতিবছর হাজার হাজার পর্যটক দ্বীপটিতে ঘুরতে যান। এতে করে বিপুল আয় হয় দেশটির সরকারের। কিন্তু এবার দেশটির সুপ্রিম কোর্ট পর্যটনশিল্পের জন্য হুমকি এমন এক রুল জারি করেছেন। সুপ্রিম কোর্ট গতকাল মঙ্গলবার আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সংখ্যালঘু আদিবাসীদের এলাকার আশপাশে যাওয়া ও ঘোরাফেরা করার ওপরে নিষেধাজ্ঞা জারি করে। গার্ডিয়ান অনলাইনে প্রকাশিত এক খবরে আজ বুধবার এ কথা জানানো হয়।আন্দামানে জারওয়া আদিবাসীরা সংখ্যায় সবচেয়ে কম। দ্বীপটিতে সংরক্ষিত জারাওয়া এলাকায় এদের বাস। জারওয়ারা এখনো আদিম জীবনযাপন করে এবং নিজেদের ছাড়া বাইরের এলাকার লোকদের সতর্কতার সঙ্গে এড়িয়ে চলে। আদালত জারওয়া এলাকার চারপাশে পাঁচ কিলোমিটার পরিধিতে কোনো হোটেল বা পানশালা স্থাপন করার ওপরেও নিষেধাজ্ঞা জারি করেন। গতকাল মঙ্গলবার বিকেলে জারি করা ওই নিষেধাজ্ঞার অর্থ হলো ওই আদিবাসীদের এলাকার আশপাশে গড়ে উঠা বেশ কিছু বিনোদন কেন্দ্র এরপর বন্ধ হয়ে যাবে।জারওয়ারা বিশ্বের অন্যতম প্রাচীন গোষ্ঠী। এরা তীরন্দাজ ও শিকারে অভ্যস্ত। আগুন জ্বালানোর জন্য এই আদিবাসীরা এখনো পাথর ঘষে। সমাজবিজ্ঞানী মনে করেন, ৭০ হাজার বছর আগে যে জাতিরা আফ্রিকা থেকে এশিয়ায় এসেছিল তাদের অন্যতম জারওয়ারা।১৯৯৬ সাল পর্যন্ত সরকারের সঙ্গে জারাওয়াদের কোনো প্রত্যক্ষ যোগাযোগ ছিল না। গত কয়েক বছর আগেও তারা পুরোপুরি আদিম জীবনযাপনে অভ্যস্ত ছিল। নিজস্ব এলাকার বাইরে জারওয়ারা ছোট ছোট দলে শিকারে বের হয়। কেবল তখনই বাকি দুনিয়ার মানুষের সঙ্গে তাদের দেখা মিলে। বিজ্ঞানীদের মতে, আন্দামানের দক্ষিণ ও মধ্যাঞ্চলে এখন ৩২০ জনের মতো জারওয়া বাস করে।ভারত সরকারের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, সরকার জারাওয়াদের রক্ষায় যথাযথ পদক্ষেপ নিচ্ছে না। সমালোচকেরা বলছেন, স্থানীয় সরকার বিবেচনাহীনভাবে পর্যটন সংস্থাগুলোকে বিভিন্ন কাজের অনুমতি দিয়ে ‘মানব ব্যবসা’কে উত্সাহিত করছে। আন্দামানের স্থানীয় সরকার জারওয়াদের এলাকার ভেতর দিয়ে ‘আন্দামান ট্রাঙ্ক রোড’ নির্মাণের পরিকল্পনা করে। ২০০২ সালে দেশটির সুপ্রিম কোর্ট ওই মহাসড়ক নির্মাণ স্থগিত করে আদেশ জারি করেন। কিন্তু, সরকার তা আমলে নেয়নি। সম্প্রতি ভারতের মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে, যেসব ব্যক্তি জারওয়াদের জীবনযাপনকে হুমকিগ্রস্ত করবে বা জারাওয়াদের ছবি তোলার চেষ্টা করবে, তাদের কঠোর শাস্তি দেওয়া হবে।গত বছর মানবাধিকার কর্মীরা জারওয়াদের নিয়ে প্রকাশিত এক সংবাদ প্রতিবেদন ও প্রচারিত এক ভিডিও দেখে ফুঁসে ওঠেন। ভিডিওতে দেখা যায়, খাবার দেওয়ার লোভ দেখিয়ে পর্যটকদের সামনে এক নগ্ন জারওয়া নারীকে নাচতে বাধ্য করছে একজন পুলিশ। লন্ডনভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা সারভাইভাল ইন্টারন্যাশনাল আদালতের এই নতুন রুল জারি পরে স্বস্তি প্রকাশ করেছে। সংস্থাটি আদিবাসীদের অধিকার রক্ষায় কাজ করে। গতকাল এক বিবৃতিতে সংগঠনটি জানিয়েছে, ‘আন্দামান ট্রাঙ্ক রোড নির্মাণ বন্ধ না হলে এবং একটি বিকল্প পথ তৈরি না করলে জারওয়াদের বঞ্চনা কমবে না।’