আন্দোলন ও জোট সম্প্রসারণ নিয়ে আলোচনা করবে বিএনপি
সরকারবিরোধী আন্দোলনের কর্মসূচি নির্ধারণ ও জোট সম্প্রসারণের বিষয়ে সমমনা দলগুলোর সঙ্গে শিগগির বৈঠকে বসবে বিএনপি। আজ রোববার সন্ধ্যায় রাজধানীর শমরিতা হাসপাতালে সিরাজগঞ্জের আহত নেতা-কর্মীদের দেখতে এসে বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন সাংবাদিকদের একথা জানান। সিরাজগঞ্জের কাজীপুর বিএনপির সাধারণ সম্পাদক রবিউল হাসান, যুবদলের নেতা খোকন ও শ্রমিক দলের নেতা বাবুল স্থানীয় আওয়ামী লীগের সন্ত্রাসীদের হামলায় আহত হন বলে বিএনপি অভিযোগ করে আসছে। খোন্দকার দেলোয়ার বলেন, সরকার দেশের মানুষের কল্যাণে কোনো কাজ না করে বিরোধী দলের ওপর দমনপীড়ন চালানোয় ব্যস্ত হয়ে পড়েছে। বিরোধী দলকে কোণঠাসা করতে অহরহ মিথ্যা মামলা দিয়ে নেতা-কর্মীদের অযথা হয়রানি করা হচ্ছে। তারা প্রতিহিংসার বশবর্তী হয়েই এসব করছে। তিনি বলেন, বিএনপি আইনের মধ্যে থেকেই এসব অন্যায়-অবিচারের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাবে।বিএনপির মহাসচিব বলেন, অচিরেই সমমনা দলগুলোর সঙ্গে বসে সরকারের বিরুদ্ধে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। জোট সম্প্রসারণের বিষয়ে দলের হাইকমান্ড আলোচনায় বসবে। তিনি অভিযোগ করেন, সরকার দেশের স্বার্থে নয়, বিদেশিদের পক্ষে কাজ করছে। বিএনপির নেতা ইকবাল হাসান মাহমুদ, ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।