আন্দোলন কঠিন থেকে কঠিনতর হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম বলেছেন, তাঁদের চলমান আন্দোলন ধাপে ধাপে কঠিন থেকে কঠিনতর করা হবে।আজ রোববার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণবিক্ষোভ কর্মসূচিতে তরিকুল ইসলাম এ কথা বলেন। তিনি বর্তমান সরকারের অধীনে দেশকে ‘হীরক রাজার দেশ’-এর সঙ্গে তুলনা করে এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন, ‘হীরক রাজার রশি ধরে মার টান, গদি হবে খান খান।’ ‘সরকারের নির্যাতন-নিপীড়ন ও জনদুর্ভোগের প্রতিবাদে এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ রাজবন্দীদের মুক্তির দাবিতে’ দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহনগর ১৮ দল এই বিক্ষোভের আয়োজন করে।ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুক্তির দাবি জানিয়ে বিএনপির মুখপাত্র তরিকুল বলেন, একটি প্রধান দলের মহাসচিবকে জেলে বন্দী করে রাখার সংস্কৃতি গত ৩০ বছর ছিল না। তিনি অভিযোগ করেন, মহাজোট সরকারের আমলে গুমের মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। দেশ পরিণত হয়েছে মৃত্যু-উপত্যকায়।তরিকুল ইসলাম অভিযোগ করেন, বড় বড় ব্যবসা-বাণিজ্য সরকারদলীয় লোকজন কুক্ষিগত করে রেখেছেন। বেসরকারি ব্যাংক, বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, টেলিভিশন চ্যানেল থেকে শুরু করে জাহাজনির্মাণ শিল্প, টেলিকম খাত—সব একচেটিয়া অধিকারে রেখেছেন সরকারদলীয় লোকজন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান অভিযোগ করেন, বিরোধীদলীয় নেতা-কর্মীদের জেলে ঢুকিয়ে সরকার গায়ের জোরে দেশ শাসন করতে চায়।স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, তত্ত্বাবধায়ক সরকার বিএনপির দাবি ছিল না। এটি ছিল জামায়াত-আওয়ামী লীগের দাবি। তাদের ‘যৌথ মিলনে’ যে সন্তানের জন্ম হয়, সেটি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার। তিনি বলেন, ‘সে সন্তানকে শেখ হাসিনা গলা টিপে হত্যা করছেন। জামায়াত তাকে রক্ষা করতে মাঠে নেমেছে। আমরা সঙ্গে আছি।’সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, জামায়াতের নেতা মজিবুর রহমান, আবদুল্লাহ মোহাম্মদ তাহের, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি শফিউল আলম, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী প্রমুখ বক্তব্য দেন। মহানগর বিএনপির সদস্যসচিব আবদুস সালাম এতে সভাপতিত্ব করেন।