আন্দোলন চলছে, ১১ শিক্ষার্থী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের মূল ফটকে তালা ঝুলিয়ে আজ সোমবার দ্বিতীয় দিনের মতো অবস্থান ধর্মঘট পালন করছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের ঈশা খাঁ হলকে পরিত্যক্ত ঘোষণা করার সিদ্ধান্ত বাতিল ও সংস্কারের দাবিতে গতকাল রোববার সকাল থেকে অবস্থান ধর্মঘট করছেন ওই হলের শিক্ষার্থীরা।এদিকে, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা লাগানো ও অবরোধের ঘটনায় করা মামলায় গতকাল দিবাগত রাত দেড়টার দিকে ১১ জন শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে ঈশা খাঁ হলের শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের মূল ফটকে তালা ঝুলিয়ে দেন। এতে প্রশাসনিক ভবনে আটকা পড়েন শতাধিক কর্মকর্তা-কর্মচারী। প্রায় সাত ঘণ্টা অবরুদ্ধ থাকার পর বিকেল পাঁচটার দিকে তাঁদের বের করে আনা হয়। পরে আবার ভবনে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা। দাবি না মানা পর্যন্ত প্রশাসনিক ভবন অবরুদ্ধ রাখার ঘোষণা দেন তাঁরা।এ ঘটনায় গতকাল দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার প্রধান মহিউদ্দিন হাওলাদার বাদী হয়ে ১৭ শিক্ষার্থীকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করেন। রাত দেড়টায় প্রশাসনিক ভবনের সামনে থেকে ওই হলের ১১ জন আবাসিক শিক্ষার্থীকে গ্রেপ্তার করে পুলিশ। আজ সকালে গ্রেপ্তারের ঘটনা জানাজানি হলে ছয়টি অনুষদের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করে আন্দোলনে যোগ দেন। তাঁরা সব অনুষদ ভবন ও প্রক্টরের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন। বেলা দুইটায় শেষ খবর পাওয়া পর্যন্ত সহস্রাধিক শিক্ষার্থী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছিলেন।আজ সোমবার রাষ্ট্রপতি জিল্লুর রহমানের মৃত্যুতে শোকসভার আয়োজন করেছিল প্রশাসন। অনিবার্য কারণ দেখিয়ে শোকসভা স্থগিত ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।এ বিষয়ে কথা বলার জন্য মুঠোফোনে প্রক্টর মো. শহীদুর রহমান খানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি।