আন্দোলন জোরদার করতে সাত দলের সঙ্গে বিএনপির বৈঠক
সরকারবিরোধী আন্দোলন জোরদার করতে সমমনা সাতটি দলের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। আজ শনিবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে আন্দোলনের বিভিন্ন দিক ও কৌশল নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।বৈঠকে অংশ নেওয়া বাকি দলগুলো হলো জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ), ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), লেবার পার্টি, ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ ভাসানী), ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এডিপি) ও মুসলিম লীগ। বৈঠকে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ, রুহুল কবির রিজভী, প্রচার সম্পাদক জয়নুল আবদিন ফারুক, বিএনপির নেতা নাজিম উদ্দিন আলম, আবদুস সালাম, হাবিব উন নবী খান প্রমুখ উপস্থিত ছিলেন।