আন্দোলন দমাতে আলজেরিয়ায় ব্যাপক নিরাপত্তা
সব ধরনের গণতান্ত্রিক আন্দোলন প্রতিহত করতে আলজেরিয়ার সরকার রাজধানী আলজিয়ার্সে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। বিবিসির খবরে বলা হয়েছে, দেশটির গণতন্ত্রপন্থীরা আজ শনিবার আলজিয়ার্সে সরকারবিরোধী বিক্ষোভ মিছিলের পরিকল্পনা করেছে। বিরোধী দল র্যালি ফর কালচার অ্যান্ড ডেমোক্রেসির (আরসিডি) প্রধান সাঈদ সাদি অভিযোগ করে বলেছেন, সরকার আলজিয়ার্সে আজকের মিছিল-সমাবেশ রুখতে মরিয়া। ট্রেনসহ অন্য গণপরিবহন বন্ধ করে দেওয়া হয়েছে। সরকার শহরে শহরে বিপুলসংখ্যক দাঙ্গা পুলিশ মোতায়েন করেছে।বিভিন্ন সংবাদ মাধ্যমও রাজধানী আলজিয়ার্সের কেন্দ্রস্থলে বিপুলসংখ্যক দাঙ্গা পুলিশ মোতায়েনের খবর প্রকাশ করেছে।তবে বিরোধীরা বলেছে, তারা যেকোনো মূল্যে আজ সমাবেশ করবে। আরসিডির একজন মুখপাত্র বলেছেন, ‘আমরা এই সমাবেশের জন্য প্রস্তুত। এটা হতে যাচ্ছে আলজেরিয়ার গণতন্ত্রের জন্য একটি ঐতিহাসিক দিন।’এদিকে মিসরের গণতন্ত্রপন্থী জনতার প্রতি সংহতি জানিয়ে গতকাল শুক্রবার বিরোধীরা আলজিয়ার্সে মিছিল করতে চাইলে পুলিশ তাতে বাধা দেয়। বিশ্লেষকেরা বলছেন, আলজেরিয়া সরকার মিসর ও তিউনিসিয়ার মতো পরিস্থিতি এড়াতে চায়। ১৯৯২ সালে আলজেরিয়ায় জরুরি অবস্থা জারি করা হয়। তখন থেকে দেশটিতে সব ধরনের মিছিল-সমাবেশ নিষিদ্ধ রয়েছে। তিউনিসিয়া ও মিসরের ঘটনায় উদ্বুদ্ধ হয়ে সম্প্রতি আলজেরিয়ায় কয়েক দফা সরকারবিরোধী বিক্ষোভ সংঘটিত হয়। এ পরিপ্রেক্ষিতে আবদেলাজিজ বুতেফ্লিকা দ্রুত জরুরি অবস্থা তুলে নেওয়ার ইঙ্গিত দেন।