আন্দোলন দমাতে দুর্ধর্ষ সন্ত্রাসীকে মুক্তি
বিরোধী দলের আন্দোলন দমন করতে সরকার পুরস্কার-ঘোষিত শীর্ষ সন্ত্রাসী বিকাশ কুমার বিশ্বাসকে মুক্তি দিয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।আজ শনিবার সন্ধ্যায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। দুর্ধর্ষ সন্ত্রাসী বিকাশকে কঠোর গোপনীয়তায় মুক্তি দেওয়ার প্রতিবাদে বিএনপি এ সংবাদ সম্মেলন করে।রিজভী বলেন, বিরোধী দলের আন্দোলন দমন করতে সব ধরনের অপচেষ্টা এবং ক্ষমতার অ্পব্যবহার করে ব্যর্থ হয়েছে সরকার। তাই এবার শীর্ষ সন্ত্রাসীদের মুক্তি দেওয়া হচ্ছে। বিএনপির কেন্দ্রীয় দপ্তরের দায়িত্বপ্রাপ্ত এ নেতা বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী যুবলীগ ও ছাত্রলীগকে উসকানি দেওয়ার পর বিশ্বজিত্ হত্যাকাণ্ড ঘটে। এখন আবার খুনোখুনি ও রক্তারক্তির জন্য সন্ত্রাসীদের মুক্তি দিচ্ছে। তিনি সরকারকে হুঁশিয়ার করে দিয়ে বলেন, ‘কোনো ষড়যন্ত্রই জনগণের আন্দোলন বন্ধ করতে পারবে না। বিশ্বের সব স্বৈরশাসকের মতো আপনারাও মুখ থুবড়ে পড়বেন।’ সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির গণশিক্ষাবিষয়ক সম্পাদক সানাউল্লাহ মিয়া, সহ-দপ্তর সম্পাদক আবদুল লতিফ প্রমুখ।