আন্দোলন দুই দিনের জন্য স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপাচার্য ও সহ-উপাচার্যের পদত্যাগের দাবিতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের চলমান আন্দোলন দুই দিনের জন্য স্থগিত করা হয়েছে। একই সঙ্গে সমস্যা নিরসনে সরকারের উদ্যোগের প্রতি আস্থা জ্ঞাপন করেছেন আন্দোলনকারীরা। গতকাল বুধবার বেলা ১১টার দিকে বুয়েট ক্যাম্পাসের কাউন্সিল ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে বুয়েট শিক্ষক সমিতির সভাপতি মুজিবুর রহমান এ তথ্য জানান।মুজিবুর রহমান বলেন, ‘কাল (আজ) বৃহস্পতিবার ও পরশু শুক্রবার আন্দোলন স্থগিত থাকবে। শনিবার বেলা ১১টায় আন্দোলনস্থলে আবারও সবাই মিলিত হবে।’ তিনি বলেন, বুয়েটের শিক্ষকেরা অধীর আগ্রহে সরকারের পক্ষ থেকে সমাধান আশা করছেন। যত শিগগিরই সমাধান আসবে, তত তাড়াতাড়ি শিক্ষকেরা শ্রেণীকক্ষে ফিরে যেতে পারবেন।আন্দোলন থেকে শিক্ষকেরা পিছু হটে যাচ্ছেন কি না, এমন প্রশ্নের জবাবে শিক্ষক সমিতির সভাপতি বলেন, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের প্রতি আস্থা ও বুয়েটের চলমান সমস্যা সমাধানে তাঁর উদ্যোগের প্রতি সম্মান রেখে আন্দোলন দুই দিনের জন্য স্থগিত করা হয়েছে। উপাচার্য ও সহ-উপাচার্যের অপসারণ না হলে আগামী শনিবার ১১টা থেকে আবার আন্দোলন শুরু হবে।বুয়েটের সংকট সমাধানে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে গত সোমবার আলোচনার পর শিক্ষকেরা গণপদত্যাগের হুমকি দেওয়ায় ক্ষুব্ধ হন শিক্ষামন্ত্রী। তিনি আন্দোলনকারীদের সমালোচনা করে বলেন, ‘গণপদত্যাগের সিদ্ধান্ত নিয়ে তারাই (শিক্ষক সমিতি) সমস্যা সমাধানে বাধা সৃষ্টি করছে। মনে হচ্ছে, তারাই সমস্যার সমাধান চায় না।’ মন্ত্রীর এমন অভিযোগের বিষয়ে শিক্ষক সমিতির পক্ষ থেকে সভাপতি বলেন, ‘আমরা সমাধান চাইছি না, এটা বলা ঠিক হবে না। শিক্ষামন্ত্রীর উদ্যোগের প্রতি সম্মান রেখে লাগাতার অবস্থান ধর্মঘট কমিয়ে দুই ঘণ্টায় নিয়ে আসা হয়েছে। এ থেকে প্রতীয়মান হয় যে আমরা সহযোগিতা করতে চাইছি।’ তিনি বলেন, বুয়েটের উপাচার্য ও সহ-উপাচার্যের অপসারণের দাবিতে ডিন ও বিভাগীয় প্রধানেরা একযোগে পদত্যাগ করেছেন। বুয়েটের ইতিহাসে এটা নজিরবিহীন, এর পরও তাঁরা স্বপদে বসে আছেন। এখন মনে হচ্ছে, শিক্ষকদেরই চলে যেতে হবে।শুধু সহ-উপাচার্য পদত্যাগ করলেই হবে কি না, এমন প্রশ্নের জবাবে মুজিবুর রহমান বলেন, ‘দুজনকেই সরে যেতে হবে।’ তাঁদের প্রতি বুয়েট পরিবারের যে অনাস্থা, অপসারণই তা সমাধানের একমাত্র উপায়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শিক্ষক সমিতির কোষাধ্যক্ষ আতাউর রহমান। সেখানে শিক্ষামন্ত্রীর বক্তব্যের বিষয়ে শিক্ষক সমিতির অবস্থান স্পষ্ট করা হয়। লিখিত বক্তব্যে বলা হয়, গত সোমবার বিকেল চারটায় শিক্ষক সমিতির সভা ডাকা হয়। এ ব্যাপারে আগের দিন রোববার বিজ্ঞপ্তি দিয়ে শিক্ষকদের জানিয়ে দেওয়া হয়। কিন্তু সোমবার দুপুরে শিক্ষামন্ত্রী ডিন ও বিভাগীয় প্রধানদের সঙ্গে বৈঠক করেন। তাই শিক্ষকদের গণপদত্যাগের সিদ্ধান্তের সঙ্গে শিক্ষামন্ত্রীর বৈঠকের বিষয়টি সংশ্লিষ্ট না।লিখিত বক্তব্যে আরও বলা হয়, গণপদত্যাগ প্রচলিত নিয়মতান্ত্রিক আন্দোলনের বহুল প্রচলিত একটি প্রতিবাদের ভাষা, যার মাধ্যমে মূলত অনাস্থা প্রকাশ করা হয়। বুয়েট শিক্ষক সমিতির সাধারণ সভায় গৃহীত গণপদত্যাগের সিদ্ধান্ত বর্তমান কর্তৃপক্ষের প্রতি অনাস্থার ধারাবাহিকতারই অংশ। এ পদক্ষেপ সরকারকে হুমকি দেওয়ার কোনো চেষ্টা নয়। শিক্ষকেরা আশা করেন, সরকার উপাচার্য ও সহ-উপাচার্যকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে ঐতিহ্যবাহী বুয়েটকে তার স্বমহিমায় ফিরিয়ে আনতে সাহায্য করবে। এ প্রচেষ্টায় সব শিক্ষকের সম্পূর্ণ সহযোগিতা থাকবে। শিক্ষকদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে উপাচার্যের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলতে রাজি হননি। তবে সহ-উপাচার্য হাবিবুর রহমান তাঁর কার্যালয়ে সাংবাদিকদের আবারও পদত্যাগ না করার কথা জানান। তিনি বলেন, যে অভিযোগগুলো আনা হয়েছিল, সেগুলো সত্য নয়।