আন্দোলন নিয়ে তাড়া নেই বিএনপির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারবিরোধী কঠোর আন্দোলনে যাওয়ার ব্যাপারে খুব একটা তাড়াহুড়ো নেই বিএনপির। একটি সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে এগোতে চায় দলটি। এ জন্য কিছু বিব্রতকর বিষয়ে সরকারের অবস্থান পর্যবেক্ষণ ও দীর্ঘ আন্দোলনের পথ পাড়ি দিতে দলীয় নেতা-কর্মীদের প্রস্তুত করার কৌশল নিয়েছে তারা।দলের একাধিক নেতা জানান, মূলত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার দুই ছেলে তারেক রহমান ও আরাফাত রহমান কোকোকে নিয়ে বিপাকে পড়েছে দলটি। তাই শুধু তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে মাঠে থাকতে পারছে না তারা। খালেদা জিয়ার দুই ছেলের মামলা এবং তাঁদের ব্যাপারে সরকারের অবস্থান সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাওয়ার পরই দলটি তত্ত্বাবধায়ক ব্যবস্থা নিয়ে ভবিষ্যৎ করণীয় নির্ধারণ করবে।বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান প্রথম আলোকে বলেন, আন্দোলন হঠাৎ করে গড়ে ওঠে না। এর জন্য সময় লাগে। সরকার তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করেছে। এর নেতিবাচক প্রভাব সম্পর্কে মানুষকে জানাতে হবে। জনসচেতনতা, দল গোছানোসহ অনেক কাজ করতে হবে। বিএনপি এগুলো করছে। জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়ার চক্রান্তের প্রতিবাদ জনগণই করবে।একাধিক জ্যেষ্ঠ নেতা জানান, তারেক ও কোকোর ব্যাপারে সরকারের অবস্থান সম্পর্কে জানতে বিএনপিকে খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না। ইতিমধ্যে কোকোর সাজা হয়েছে। এখন দেখার বিষয়, তাঁকে দেশে ফিরিয়ে আনতে সরকার কোনো পদক্ষেপ নেয় কি না। আর ২১ আগস্টের গ্রেনেড হামলা মামলার অভিযোগপত্র শিগগিরই দেওয়ার কথা। এতে তারেককে আসামি করা হতে পারে বলে বিএনপির কাছে খবর আছে। এ ছাড়া মানি লন্ডারিং প্রতিরোধ আইনে একটি মামলায় তারেকের বিরুদ্ধে ৭ জুলাই অভিযোগপত্র দেওয়া হতে পারে বলে বিএনপির আইনজীবীরা জানিয়েছেন। এ অবস্থায় হরতালসহ কঠোর আন্দোলনে গেলে সাধারণ মানুষের কাছে মনে হতে পারে, বিএনপি তারেক-কোকোর কারণে কর্মসূচি দিচ্ছে। সে ক্ষেত্রে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের মতো বিষয়টি হারিয়ে যেতে পারে।স্থায়ী কমিটির একজন প্রভাবশালী নেতা প্রথম আলোকে বলেন, কমিটির সদস্য ও জ্যেষ্ঠ নেতাদের বেশির ভাগই মনে করেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের বিরুদ্ধে শুধু অবস্থান নেওয়া হলে তা বিএনপির রাজনীতির জন্য ভালো হবে। এর সঙ্গে দ্রব্যমূল্য বৃদ্ধি, শেয়ারবাজার কেলেঙ্কারি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকতে পারে। তা ছাড়া সময়ে সময়ে জনস্বার্থের বিষয়গুলো আসতে পারে। কিন্তু জিয়া পরিবারের বিষয়গুলো সামনে এলে মানুষ বিএনপির রাজনীতি ও কৌশল নিয়ে ভুল বুঝতে পারে।দলীয় সূত্রে জানা গেছে, আপাতত ধাপে ধাপে কিছু কর্মসূচি পালন করবে বিএনপি। এই সপ্তাহে বিক্ষোভ কর্মসূচি থাকতে পারে। দুই দিনের একটি হরতাল কর্মসূচির ব্যাপারেও আলোচনা হয়েছে। তবে খালেদা জিয়া কোনো সিদ্ধান্ত দেননি। তা ছাড়া ধাপে ধাপে দেশব্যাপী গণসংযোগ, খালেদা জিয়ার সফর, রোডমার্চের মতো কর্মসূচি থাকবে। লাগাতার কঠোর আন্দোলনে যেতে সময় নেবে দলটি।স্থায়ী কমিটির অপর সদস্য এম কে আনোয়ার বলেন, এটা পরিষ্কার যে সুষ্ঠু পন্থায় ক্ষমতা হস্তান্তরের পথ আর খোলা নেই। বিএনপি কৌশল নির্ধারণ করছে। সরকারের বিরুদ্ধে কঠোর অবস্থান নির্ধারণের পর তা দেশব্যাপী ছড়িয়ে দেওয়া হবে। বিএনপি এতে সফল হবে।বিব্রত দলীয় নেতাদের নিয়ে: বিএনপির নেতারা জানান, দল ও চারদলীয় জোটের নেতাদের বিরুদ্ধে নানা অভিযোগ থাকায় দলীয় নেতা-কর্মীদের বিব্রত হতে হচ্ছে। তা ছাড়া কোকোর বিরুদ্ধে অভিযোগ যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুরে প্রমাণিত হওয়ায় একে আর রাজনৈতিক প্রতিহিংসা বলা যাচ্ছে না।জোট সরকার আমলের জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেন নাইকোর কাছ থেকে ঘুষ নিয়েছেন। এটা এখন আর অভিযোগের পর্যায়ে নেই। ইতিমধ্যে কানাডার আদালতে তা প্রমাণিত হয়েছে এবং নাইকোকে ঘুষ দেওয়ার অপরাধে জরিমানাও করা হয়েছে। ফলে এ নিয়ে দলটি জোর দিয়ে কিছু বলতে পারছে না।এ ছাড়া সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামীকে ১০ ট্রাক অস্ত্র মামলায় আসামি করা হয়েছে। আবার বিএনপি ও শরিক দলের নেতাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বিচার চলছে। এসব বিষয়ে নেতা-কর্মীদের নানাভাবে বিব্রত হতে হচ্ছে।বিদেশ সফরে যাওয়ার আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ প্রথম আলোকে বলেন, একটি সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে বিএনপিকে সরকারবিরোধী অবস্থানে আসতে হবে। বিভিন্ন বিষয়ে জনগণকে অনেক প্রশ্নের জবাব দিতে হবে। তাদের আস্থা অর্জন করতে হবে। বৃহত্তর আন্দোলনে যাওয়ার আগে এই বিষয়গুলোতে সাফল্য অর্জন করতে হবে।বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৩ জুলাই কর্মসূচি ঘোষণা করবেন বলে জানিয়েছেন। তিনি বলেন, স্থায়ী কমিটি আন্দোলনের কর্মসূচি ও করণীয় নির্ধারণ করবে। চূড়ান্ত বিজয়ের জন্য বিএনপি ধাপে ধাপে অগ্রসর হবে। বিএনপি একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে। রাজপথ গণতান্ত্রিক শক্তির দখলে রাখতে নেতা-কর্মীদের মাঠে থাকার প্রস্তুতি নেওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি।জানা গেছে, জুলাই মাসে বেশ কিছু কর্মসূচি দিয়ে দলকে সক্রিয় করা হবে। এরপর আগস্টে রোজা এবং এরপর ঈদের কারণে ভবিষ্যৎ প্রস্তুতি নিতে লম্বা সময় পাবে দলটি। ওই সময় সাংগঠনিক কাজগুলো যতটা সম্ভব শেষ করার উদ্যোগ নেওয়া হবে। ইফতার মাহফিলের মাধ্যমে বিবদমান পক্ষগুলোকে এক করার কাজ করা হবে। এর দুই মাস পর ঈদুল আজহা। মূলত নভেম্বরের আগে সমন্বিত আন্দোলনের সুযোগ নেই।