আন্দোলন বিভ্রান্ত করতে সাম্প্রদায়িক সহিংসতা না চালানোর আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরের মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসি এবং আইন করে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবি পুনর্ব্যক্ত করা হয়েছে গণজাগরণ মঞ্চের যাত্রাবাড়ীর সমাবেশ থেকে। এ সময় তাদের আন্দোলনকে বিভ্রান্ত করার জন্য সাম্প্রদায়িক সহিংসতা না চালানোর আহ্বান জানানো হয়।গণজাগরণ মঞ্চের মুখপাত্র, ব্লগার ও অনলাইন অ্যাকটিভিস্ট ফোরামের আহ্বায়ক ইমরান এইচ সরকার গতকাল যাত্রাবাড়ীতে শাহবাগের বাইরে গণজাগরণ মঞ্চের পঞ্চম সমাবেশে এই দাবি জানান। রায়েরবাজার বধ্যভূমি, মিরপুর ১০ নম্বর গোলচত্বর, মতিঝিলের শাপলা চত্বর ও বাহাদুর শাহ পার্কের পর গতকাল বিকেলে যাত্রাবাড়ীতে হয়ে গেল এই জাগরণ সমাবেশ।নির্ধারিত সময়ের অনেক আগে থেকেই ডেমরা, শ্যামপুর, কদমতলী, কাজলারপাড়, সায়েদাবাদ, জুরাইন, মুগদাসহ যাত্রাবাড়ীর আশপাশ এলাকা থেকে মিছিল আসতে শুরু করে জাগরণ সমাবেশে। বেলা আড়াইটার পর থেকে স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে সমাবেশস্থল। যাত্রাবাড়ী চৌরাস্তার অদূরে বিবির বাগিচা এলাকায় স্থাপন করা হয় সমাবেশের মঞ্চ।সমাবেশে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ধনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ, শহীদ ফারুক উচ্চবিদ্যালয়, এ কে স্কুল, আদর্শ স্কুল, শেখদী আব্দুল্লাহ মোল্লা উচ্চবিদ্যালয়, মাতুয়াইল উচ্চবিদ্যালয়, মুরাদপুর সমীরন্নেসা উচ্চবিদ্যালয়, আশ্রাফ মাস্টার উচ্চবিদ্যালয়, সবুজ বিদ্যাপীঠসহ আশপাশের প্রায় সব এলাকা থেকে দলে দলে শিক্ষক-শিক্ষার্থী সমাবেশে যোগ দেয়। শুধু শিক্ষার্থী নয়, সমাবেশে নারী, শিশু, বৃদ্ধ থেকে শুরু করে সব শ্রেণী-পেশার মানুষ যোগ দেন। আনুষ্ঠানিকভাকে সমাবেশ শুরুর আগে চলে গণসংগীত। বিকেল চারটার দিকে উদীচীর শিল্পীদের সঙ্গে সবাই মিলে জাতীয় সংগীতের মধ্য দিয়ে সমাবেশ শুরু করেন। এরপর শুরু হয় বক্তৃতাপর্ব। সমাবেশে ছাত্রনেতাদের মধ্যে ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জামান, সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম, ছাত্র ইউনিয়নের সভাপতি এস এম শুভ, ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক মেহেদী হাসান, ছাত্রমৈত্রীর সাধারণ সম্পাদক তানভীর রুসফাক, বিপ্লবী ছাত্রমৈত্রীর সভাপতি আবদুর রউফ, ছাত্র ফেডারেশনের সভাপতি প্রবীর সাহা, জাসদ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, ছাত্র ঐক্য ফোরামের আহ্বায়ক সোহান সোবহান, ছাত্র আন্দোলনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজরুল সিকদার, ছাত্র সংহতির সভাপতি মীর রেজাউল করিম প্রমুখ বক্তব্য দেন।সমাবেশে সাংসদ হাবিবুর রহমান মোল্লা, সাংসদ সানজীদা খানমসহ আওয়ামী লীগ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), ওয়ার্কার্স পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) নেতারা সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন।সমাবেশে ছিলেন আলেম-ওলামারাও। আলেম সমাজের পক্ষে আল্লামা আবু ইউসুফ খান আল মুজাদ্দেদী দেশের আলেম ও পীরদের বেশ কয়েকজনের নাম উল্লেখ করে বলেন, ‘তাঁরা ফতোয়া দিয়ে জানিয়ে দিয়েছেন, জামায়াত-শিবির কাফের। তাঁরা বলেছেন, জামায়াতকে যাঁরা সহযোগিতা করবেন, তাঁরা ইমানদার নন। জামায়াতের সঙ্গে আত্মীয়তা ও বন্ধুত্ব করা হারাম। জামায়াতের পেছনে নামাজ পড়াও হারাম।’একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে গত ৫ ফেব্রুয়ারি কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ওই দিন বিকেলে কাদের মোল্লাসহ একাত্তরের মানবতাবিরোধী সব অপরাধীর ফাঁসির দাবিতে শাহবাগে অবস্থান নেন ব্লগার অ্যান্ড অনলাইন অ্যাকটিভিস্ট নেটওয়ার্কের সদস্যরা। এরপর সেখানে সমাজের নানা শ্রেণী-পেশার মানুষ গিয়ে যোগ দেন। এরপর সেই আন্দোলন ছড়িয়ে পড়ে সারা দেশে। গতকাল ছিল আন্দোলনের ২৯তম দিন।গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার তাঁদের আন্দোলন থেকে জাতীয় নেতৃত্বকে শিক্ষা গ্রহণের আহ্বান জানিয়ে বলেন, ‘গণজাগরণ মঞ্চ অহিংস আন্দোলনের ইতিহাস তৈরি করেছে। আপনারাও শিখুন কীভাবে জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ হওয়া যায়।’ তিনি বলেন, ‘গণজাগরণ মঞ্চকে দলীয় ট্যাগ দেওয়ার চেষ্টা করবেন না এবং আন্দোলনকে বিভ্রান্ত করার জন্য সাম্প্রদায়িক সহিংসতা চালাবেন না।’ তিনি দেশের সব মানুষের কাছে মসজিদ-মন্দির রক্ষা, সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়ে বলেন, ‘স্বাধীনতাবিরোধীরা যখনই বিপদে পড়েছে, তখনই সাম্প্র্রদায়িক দাঙ্গা বাধানোর চেষ্টা করেছে। আমরা মুসলমান ভাইদের বলছি, আপনারা মসজিদে নামাজ পড়ে মন্দির পাহারা দেবেন। হিন্দু ভাইয়েরা মসজিদের নিরাপত্তা দেবেন, যাতে কেউ ধর্মীয় দাঙ্গা বাধাতে না পারে।’ইমরান পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামীকাল বৃহস্পতিবার সাতই মার্চে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তনে শ্রদ্ধা নিবেদন সমাবেশ এবং ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে শাহবাগে নারী জাগরণ সমাবেশে সবাইকে যোগ দেওয়ার আহ্বান জানান।এদিকে, আন্দোলনকারীদের ছয় দফা দাবির সমর্থনে গতকালও সকাল থেকে শাহবাগে গণস্বাক্ষর সংগ্রহ চলেছে। গণস্বাক্ষর সংগ্রহকারীদের অন্যতম দেওয়ান তৌফিক জানান, গতকাল পর্যন্ত শাহবাগেই চার লাখ স্বাক্ষর সংগৃহীত হয়েছে।