আন্দোলন ব্যাহত করতে সরকার কৌশল নিচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৌদ্ধপল্লিতে হামলার ঘটনা উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, বিএনপির চলমান আন্দোলন ব্যাহত করতে সরকার নানা কৌশল নিচ্ছে। এ জন্য তিনি সতর্ক থাকতে দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এক স্মরণসভায় মওদুদ আহমদ এই আহ্বান জানান। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা প্রয়াত সাঈদ এস্কান্দারের স্মরণে স্বাধীনতা ফোরাম নামের একটি সংগঠন এ স্মরণসভার আয়োজন করে। এতে মওদুদ বলেন, ‘রামু উখিয়া নিয়ে আমি এখন কিছু বলতে চাই না। তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত বলব। শুধু এইটুকু বলি, চলমান আন্দোলনকে নস্যাত্ করতে সরকার নানা কৌশল নিচ্ছে।’বিশ্বব্যাংকের সংস্কার দাবি করে প্রধানমন্ত্রী জাতিসংঘে যে বক্তব্য দিয়েছেন তার সমালোচনা করে মওদুদ বলেন, বিশ্বব্যাংকের সংস্কার করার ক্ষমতা প্রধানমন্ত্রীর নেই। বিশ্বব্যাংকের বদলে নিজের দল ও সরকারের সংস্কারের দিকে মনোযোগ দিতে প্রধানমন্ত্রীকে পরামর্শ দেন মওদুদ। তিনি প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, ‘যেখানে আপনার ক্ষমতা আছে, আপনার দলে, সরকারে সংস্কার করুন। দুর্নীতির সঙ্গে জড়িতদের বহিষ্কার করুন। বিশ্বব্যাংকের দিকে না তাকালেও চলবে।’ প্রধানমন্ত্রীর বক্তব্যে আওয়ামী লীগের অনেক নেতা-কর্মীও এখন লজ্জিত ও বিব্রত বোধ করেন বলে দাবি করেন মওদুদ।প্রধানমন্ত্রী নিজেই পদ্মা সেতু চান না মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, পদ্মা সেতু চাইলে প্রধানমন্ত্রী এই পর্যায়ে এসে এ ধরনের বক্তব্য দিতেন না।নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যের জবাবে মওদুদ বলেন, ‘বিএনপি অবশ্যই নির্বাচন করবে। কারণ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে সরকার বাধ্য হবে। আর সে নির্বাচনে আওয়ামী লীগও অংশ নেবে।’ বিদেশে এই সরকার ‘বন্ধুহীন’ হয়ে গেছে বলেও দাবি করেন সম্প্রতি বিদেশফেরত এই নেতা।