স্থানীয় সরকারমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে ইঙ্গিত করে বলেছেন, ‘আন্দোলন মুলতবি করে সৌদি চলে গেলেন।’ সৈয়দ আশরাফের দাবি, ‘খালেদা জিয়ার কোনো দাবি-দাওয়া নেই। তিনি তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থায় বিশ্বাস করেন না। সম্প্রতি সংবাদ সম্মেলনের মাধ্যমে খালেদা জিয়া বলেছেন, এই ব্যবস্থা অগণতান্ত্রিক।’আজ বুধবার মহানগর নাট্যমঞ্চে ঢাকা মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় সৈয়দ আশরাফ এসব কথা বলেন।আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তাঁদের দল আইনের শাসন ও আদালতের রায়ে বিশ্বাস করে। তিনি খালেদা জিয়ার উদ্দেশে বলেন, ‘নির্বাচনে যান। নির্বাচন করে দুই-তৃতীয়াংশ আসনে জয়ী হয়ে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বসান। রায় না মানলে আদালতে রায় পুনর্বিবেচনার আবেদন করেন। আমাদের কোনো আপত্তি নেই।’ তিনি বলেন, ‘আগামী নির্বাচনে আসেন, নইলে আদালতে যান—এই দুটি নিয়মতান্ত্রিক পথ আছে। এ ছাড়া আর কোনো উপায়ে তত্ত্বাবধায়ক পুনর্বহালের সুযোগ নেই।’অনেক বুদ্ধিজীবী তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে বলায় তাঁদের সমালোচনা করে সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, অনেক জ্ঞানী-গুণীও তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার পক্ষে বলছেন। আপনারা আদালতে গিয়ে এ কথা বলেন।’সৈয়দ আশরাফ বলেন, ‘আইনের শাসনে রাজপথ শেষ বিচার নয়, আদালতে যান।’ ভাঙচুর, মানুষ হত্যা করে বিএনপি কোনো দাবি আদায় করতে পারবে না বলেও তিনি মন্তব্য করেন। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার পুনর্বহালের দাবির সঙ্গে জনগণের সম্পর্ক নেই।১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচনের প্রসঙ্গ টেনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উদ্দেশে সৈয়দ আশরাফ বলেন, ‘কাকে ভয় দেখান? ৯৬ সালে আপনি এক তরফা নির্বাচন করেছেন। আওয়ামী লীগের ৮০ জনকে হত্যা করেছেন।’ তখন আন্দোলনের চাপে খালেদা জিয়া তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা মেনে নিয়েছিলেন মন্তব্য করে তিনি বলেন, ‘আপনি তখনো তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থায় বিশ্বাস করতেন না, এখনো করেন না।’বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে না মন্তব্য করে সৈয়দ আশরাফ বলেন, ‘আপনারা গণতন্ত্রের জন্য আন্দোলন করেননি। আপনাদের জন্ম ক্যান্টনমেন্টে।’ দুই ছেলে তারেক রহমান ও আরাফাত রহমান, খালেদা জিয়া ও যুদ্ধাপরাধীদের রক্ষা—এই চার দফায় বিএনপি আন্দোলন করছে।তৈরি পোশাক খাতের সাম্প্রতিক শ্রমিক অসন্তোষ সম্পর্কে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, বাংলাদেশের পোশাকশ্রমিকদের মধ্যে দালাল তৈরি করা হচ্ছে। তারা শ্রমিকও না, নেতাও না। দালালদের দিয়ে পোশাক খাতে শ্রমিকদের উসকানি দেওয়া হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।মিয়ানমারের ঘটনার সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংশ্লিষ্টতার কথা সেই দেশের নেতারা বলেছেন বলে সৈয়দ আশরাফ উল্লেখ করেন। জামায়াতকে মাল্টি ন্যাশনাল কোম্পানি বলে অভিহিত করে তিনি বলেন, বিশ্বের বিভিন্ন জায়গায় তাদের শাখা আছে। খালেদা জিয়ার আমলে বাংলাদেশ তালেবান, রোহিঙ্গা, উলফা ও আল-কায়েদার অভয়ারণ্য ছিল বলে তিনি মন্তব্য করেন।এম এ আজিজের সভাপতিত্বে এই সভায় আওয়ামী লীগের নেতা মাহবুব উল আলম হানিফ, আহামদ হোসেন, বাহাউদ্দিন নাসিম, কামরুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।