আন্দোলনকারী শিক্ষকদেরও দায় আছে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আনোয়ার হোসেনের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছে। শিক্ষকদের দুটি অংশ বলছে, ১২টি দাবির বেশির ভাগ পূরণ না হওয়ার পেছনে আন্দোলনরত শিক্ষকদেরও দায় রয়েছে।আওয়ামী লীগপন্থী হিসেবে পরিচিত শিক্ষকদের সংগঠন সাধারণ শিক্ষক পর্ষদ ও প্রগতিশীল শিক্ষকদের সংগঠন শিক্ষক মঞ্চের দাবি, বিভিন্ন অভিযোগ তদন্তের জন্য গঠিত কমিটিতে সক্রিয় ও কার্যকর ভূমিকা না রেখে এবং ধর্মঘট ও অবরোধের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমকে বাধাগ্রস্ত করছেন আন্দোলনকারী শিক্ষকেরা। শিক্ষক মঞ্চের মুখপাত্র রাইহান রাইন বলেন, তদন্ত কমিটি থেকে শুরু করে শৃঙ্খলা কমিটি ও সিন্ডিকেটে আন্দোলনকারী শিক্ষকদেরই প্রাধান্য রয়েছে। সেখানে তাঁরা সক্রিয় ভূমিকা রাখতে পারতেন। কিন্তু তা করছেন না। ফলে ওই হামলা ও নির্যাতনের ঘটনার সুষ্ঠু বিচার-প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১২টি অভিযোগের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত শিক্ষকদের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ। এ ঘটনা তদন্তে গঠিত কমিটির চার সদস্যের মধ্যে দুজনই বর্তমানে আন্দোলনকারী শিক্ষকদের সঙ্গে রয়েছেন।জানা গেছে, ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজীব আহমেদের হাতে বিশ্ববিদ্যালয় শিক্ষক নুরুল হক লাঞ্ছিত হওয়ার ঘটনায় গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে সিন্ডিকেট ব্যবস্থাও নিয়েছে। রাজীব আহমেদকে তিন মাসের জন্য বহিষ্কারাদেশ দেওয়ার সুপারিশ বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটি অনুমোদনও করে। ওই কমিটির ২৫ সদস্যের মধ্যে ১৫ জন শিক্ষক বর্তমানে উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলনের সঙ্গে যুক্ত। আর এখন তাঁদের ১২ দফা দাবির মধ্যে শিক্ষক লাঞ্ছনাকারী ছাত্রের বিচার না হওয়ার বিষয়টি ৪ নম্বরে রয়েছে।এ বিষয়ে জানতে চাইলে ওই তদন্ত কমিটির সদস্য ও আন্দোলনরত শিক্ষক ফোরামের আহ্বায়ক হানিফ আলী প্রথম আলোকে বলেন, ‘উপাচার্যের স্ববিরোধী বক্তব্যের কারণে আমি বিব্রত বোধ করায় ওই তদন্ত কমিটির সভায় যোগ দিইনি।’ তবে আন্দোলনরত অন্য শিক্ষকনেতা কামরুল আহছান ওই কমিটির সদস্য হিসেবে শেষ পর্যন্ত ছিলেন। কমিটির সুপারিশেও তাঁর সই ছিল।রাজীবের শাস্তির বিষয়টি চূড়ান্ত করতে শৃঙ্খলা কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন কামরুল আহছান। এ বিষয়ে তিনি বলেন, ‘রাজীবের শাস্তির সুপারিশের সঙ্গে একমত না হওয়ায় সভা থেকে বের হয়ে আসি।’ তবে ওই সভায় তাঁরা লিখিত কোনো আপত্তি জানাননি বলে তিনি প্রথম আলোকে বলেন।বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবদুল মালেকের মৃত্যুকে কেন্দ্র করে ভাঙচুরের ঘটনায় গঠিত তদন্ত কমিটির ১২ শিক্ষকের মধ্যে ছয়জনই চলমান আন্দোলনের সঙ্গে যুক্ত রয়েছেন। তাঁরা হলেন কলা ও মানবিকী অনুষদের ডিন অধ্যাপক সৈয়দ মোহাম্মদ কামরুল আহছান, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক মো. লুৎফর রহমান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মুহম্মদ হানিফ আলী, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক অজিত কুমার মজুমদার, ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক মো. শাহেদুর রহমান, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক মো. তরিকুল ইসলাম। ফেব্রুয়ারিতে গঠিত এ কমিটির ১৪ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল। কিন্তু ১৫টি সভায় মিলিত হয়েও এ কমিটি এখন পর্যন্ত তদন্ত প্রতিবেদন দিতে পারেনি। তবে প্রতিবেদন না দেওয়ার জন্য উপাচার্যকে দায়ী করে তদন্ত কমিটির সদস্য ও শিক্ষক সমিতির সভাপতি অজিত কুমার মজুমদার বলেন, ছাত্রমৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটির সভাপতি ছিলেন সাবেক সহ-উপাচার্য ফরহাদ হোসেন। এরপর সহ-উপাচার্য পরিবর্তন হলে দীর্ঘদিন কমিটিতে কোনো সভাপতি দেওয়া হয়নি। পরে বর্তমান সহ-উপাচার্য আফসার আহমেদ সভাপতি হলেও তদন্ত কমিটি আগের গতিতে কাজ করতে পারেনি।এ বিষয়ে উপাচার্য আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ‘তদন্ত প্রক্রিয়া যাতে স্বচ্ছ ও নিরপেক্ষ হয়, সে জন্য সব মতের শিক্ষকদের যুক্ত করা হয়েছে। কিন্তু তাঁরা তদন্ত প্রক্রিয়ায় সহায়তা না করে ওই দাবিগুলোকে তুলে আমার পদত্যাগের কথা বলছেন। এটা অন্যায় আচরণ।’