আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীর ওপর ছাত্রলীগের হামলা (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছেন ছাত্রলীগের একদল বহিরাগত কর্মী। আজ বৃহস্পতিবার তাঁরা হামলা চালিয়ে অবস্থান ধর্মঘটের স্থান দখলে নিয়ে সেখানে সভামঞ্চ নির্মাণ করেন।ছাত্রলীগের কর্মীরা অবস্থান ধর্মঘটে ব্যবহূত মাইক ভাঙচুর করেন। এ সময় মাইকের ব্যাটারির অ্যাসিড ছিটকে আন্দোলনরত দুই শিক্ষকের চোখে পড়ে। তাঁদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আন্দোলনরত শিক্ষকেরা এখন উপাচার্য মুহম্মদ আবদুল জলিল মিয়ার পদত্যাগের দাবিতে এক দফার আন্দোলন শুরুর ঘোষণা দিয়েছেন এবং সন্ধ্যায় আমরণ অনশন শুরু করেছেন।বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার মাত্র চার বছরেই নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে। এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে গত শনিবার থেকে শিক্ষক-শিক্ষার্থীরা একটানা আন্দোলন করছেন। বৃহস্পতিবারও শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে সব কটি ভবনের শ্রেণীকক্ষে তালা ঝুলিয়ে রাখেন। প্রশাসনিক ভবনের এক পাশে ওয়াজেদ রিসার্চ ইনস্টিটিউটের সামনে ছয় দিন ধরে এই অবস্থান ধর্মঘট চলছে।আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে তালা ঝুলিয়ে দেওয়ায় আজও ক্লাস হয়নি। আন্দোলনের স্থান ছাত্রলীগের দখলে চলে যাওয়ায় শিক্ষক-শিক্ষার্থীরা একাডেমিক ভবনের পাশের সড়কে অবস্থান ধর্মঘট পালন করেছেন। তবে বেলা একটার দিকে সভামঞ্চ ও এর আশপাশ থেকে হামলাকারীদের সরিয়ে দেয় পুলিশ। এ সময় মঞ্চের নিচ থেকে পাঁচটি ছোরা, কিছু রড উদ্ধার করে পুলিশ।আন্দোলনকারী শিক্ষকনেতা গণিত বিভাগের প্রধান হাফিজুর রহমান বলেন, ‘ছাত্রলীগ নামধারী একদল যুবক স্লোগান দিয়ে আমাদের অবস্থান ধর্মঘটের স্থান দখলে নেয়। এরপর আমরা অন্য স্থানে চলে যাই। এখন আমাদের এক দফার আন্দোলন—উপাচার্যের পদত্যাগ চাই।’প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, সকাল নয়টার দিকে ছাত্রলীগের বহিরাগত কিছু কর্মী-সমর্থক উপাচার্যের পক্ষে অবস্থান নিয়ে আন্দোলনকারীদের সভাস্থল দখল করে সেখানে একটি মঞ্চ নির্মাণ করেন। সেই মঞ্চে ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় শাখার একটি ব্যানার টাঙানো হয়েছে। এ সময় তাঁরা আন্দোলনরত শিক্ষকদের অবস্থান ধর্মঘটে হামলা চালিয়ে মাইক ভাঙচুর করেন। মাইকের ব্যাটারির অ্যাসিড বাংলা বিভাগের শিক্ষক তুহিন ওয়াদুদ ও ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক মতিয়ার রহমানের চোখের পাশে পড়ে। তাঁদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দুজনেরই ডান চোখে ব্যান্ডেজ করা হয়েছে।হাসপাতালের কর্তব্যরত চিকিত্সক জি কে এম আফজাল খান বলেন, চোখের কর্নিয়ায় অ্যাসিডের ছিটা পড়েনি। তবে চোখের বাইরে লেগেছে। তাঁদের চিকিত্সা দেওয়া হচ্ছে।এদিকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম হঠাত্ সেখানে উপস্থিত হয়ে শিক্ষক-শিক্ষার্থীদের আন্দোলনের পক্ষে বক্তব্য দেন। এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল মনসুর আহমেদও উপস্থিত ছিলেন।

ছাত্রলীগের জেলা কমিটির সাধারণ সম্পাদক ফখরুল হাসান প্রথম আলোকে বলেন, বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কোনো কমিটি নেই। ‘তাহলে ব্যানারে ছাত্রলীগ লেখা কেন?’ এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ছাত্রলীগের কর্মী-সমর্থকেরা করতে পারেন। তবে কারা করেছেন এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম প্রথম আলোকে বলেন, ‘আমি অবস্থান ধর্মঘটে গিয়ে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি স্বাভাবিক রাখতে বক্তব্য দিয়েছি।’ উপাচার্যের পদত্যাগের বিষয়টি সরকারের বিষয় বলে তিনি মন্তব্য করেন।উপাচার্য মুহম্মদ আবদুল জলিল মিয়া আজ বিশ্ববিদ্যালয়ে যাননি। রেজিস্ট্রার শাহজাহান আলী মণ্ডলের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আলী জানিয়েছেন, কিছু শিক্ষক অনিয়মতান্ত্রিকভাবে আন্দোলন করছেন।