আন্দোলনে আ. লীগ সাংসদের একাত্মতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে শাহবাগসহ সারা দেশে গড়ে ওঠা আন্দোলনের প্রতি একাত্মতা প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাংসদেরা। তাঁরা চিহ্নিত যুদ্ধাপরাধীদের ফাঁসি দাবি করেছেন। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদের ১৬তম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় আওয়ামী লীগের সাংসদেরা এ কথা বলেন। আওয়ামী লীগ দলীয় সাংসদ জিয়াউর রহমান বলেন, ‘শাহবাগে তরুণদের অবস্থানকে সমর্থন জানাই। তাদের স্যালুট করি। তরুণদের এমন উদ্যোগে যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে সব চক্রান্ত নিঃশেষ হবে।’ সাংসদ ননী গোপাল মণ্ডল বলেন, ‘শাহবাগসহ সারা দেশে মানুষ রুখে দাঁড়িয়েছে। এখন সময় এসেছে প্রতিশোধের। আর ফিরে যাওয়া যাবে না।’ সাংসদ সিরাজুল আকবর বলেন, ‘যুব সমাজের এই আন্দোলনের মাধ্যমে দ্বিতীয় মুক্তিযুদ্ধ শুরু হবে। এত দিন বিএনপি-জামায়াত মানুষকে বিভ্রান্ত করতে চেয়েছে। কিন্তু তারা তা পারেনি।’সাংসদ ইসরাফিল আলম বলেন, ‘শাহবাগের আন্দোলন নতুন প্রজন্মের নবধারার মুক্তিযুদ্ধের শুভসূচনা। এই অগ্নিশিখার আন্দোলনকে স্বাগত জানাই। চিহ্নিত যুদ্ধাপরাধীদের ফাঁসি দাবি করি।’ আন্দোলনের প্রতি একাত্মতা প্রকাশ আরও বক্তব্য দেন সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন, সাংসদ এনামুল হক, আসাদুজ্জামান খান ও শফিকুল ইসলাম।