আন্দোলনে আমন্ত্রণ খালেদা জিয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘রোডমার্চ কর্মসূচির পর এই সরকারের বিরুদ্ধে চূড়ান্ত আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে। এই সরকারের বিরুদ্ধে আমাদের দাবির পক্ষে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার জন্য আমি আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি।’ঢাকা থেকে সিলেট অভিমুখে চারদলীয় জোটের রোডমার্চের সময় পথে আয়োজিত জনসভায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এই আহ্বান জানান। রোডমার্চের গাড়িবহর গতকাল সোমবার রাত সাড়ে ১১টায় সিলেটে পৌঁছেছে। আজ সিলেটে আলিয়া মাদ্রাসা মাঠে জনসভা করবে চার দল।সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার পুনঃপ্রবর্তনের দাবিতে বিএনপির নেতৃত্বাধীন চার দল রোডমার্চ কর্মসূচি শুরু করেছে। তিন হাজারেরও বেশি গাড়িবহরের গতকালের রোডমার্চে নেতৃত্ব দেন খালেদা জিয়া।ঢাকা থেকে ছয়টি জেলার ওপর দিয়ে রোডমার্চটি রাতে সিলেটে পৌঁছালে সেখানে কয়েক হাজার নেতা-কর্মী গাড়িবহরকে স্বাগত জানান। সার্কিট হাউস ও আশপাশের এলাকা স্লোগানে মুখরিত হয়।পথে খালেদা জিয়া মোট ছয়টি জেলায় ছয়টি পথসভায় বক্তব্য দেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ছাড়া কোনো নির্বাচন হবে না। এই ব্যবস্থা ছাড়া নির্বাচন হলে বিএনপি তাতে অংশ নেবে না। তিনি আগামী নির্বাচন সুষ্ঠু ও অবাধ করতে এবং দেশকে সংঘাতের দিকে ঠেলে না দিতে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল এবং নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। বিভিন্ন জনসভায় তিনি সরকারের ব্যর্থতা তুলে ধরেন এবং ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় গেলে মানুষের জন্য কী করবে, তার প্রতিশ্রুতি দেন। খালেদা জিয়া তাঁর বক্তব্যে ভারতকে ট্রানজিট দেওয়ার বিরোধিতা করেন।রোডমার্চ ঘিরে বিএনপির নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। স্থানীয় প্রশাসনও কর্মসূচি যাতে শান্তিপূর্ণভাবে হয়, তার সর্বাত্মক চেষ্টা করেছে।ব্যাপক উৎসাহ-উদ্দীপনা: গতকাল সকাল আটটার মধ্যে ঢাকায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের আশপাশে সহস্রাধিক গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখা যায়। বিএনপি দাবি করেছে, রোডমার্চে প্রায় পাঁচ হাজার গাড়ি ছিল। বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয় এবং তাঁর বাসভবনের সামনেও ছিল গাড়ির লম্বা সারি। গাড়িগুলোতে খালেদা জিয়া, জিয়াউর রহমান ও তারেক রহমানের পোস্টার দেখা গেছে।রোডমার্চে অংশ নেওয়া গাড়ির বেশির ভাগই ছিল মাইক্রোবাস ও কার। কিছু বাসও বহরে দেখা গেছে। ঢাকা থেকে সিলেটে যাওয়ার জন্য নির্ধারিত রুটের প্রতিটি জনবহুল এলাকায় তোরণ নির্মাণ করে স্থানীয় বিএনপি। এ ছাড়া বড় বড় ব্যানারে স্থানীয় বিএনপির নেতাদের খালেদা জিয়া বা তারেক রহমানের পাশে হাস্যোজ্জ্বল ভঙ্গিতে দেখা গেছে। প্রতিটি জনবহুল এলাকা গাড়িবহর পার হওয়ার সময় বিএনপির নেতা-কর্মীরা স্লোগান দিয়ে স্বাগত জানিয়েছেন।বিভিন্ন স্থানে খালেদা জিয়াকে কাছে পেয়ে নেতা-কর্মীরা আপ্লুত হয়ে পড়েন। তাঁরা খালেদা জিয়াকে বহন করা গাড়িতে ফুল ছিটিয়ে দেন। স্থানীয় নেতারা ফুলের তোড়া ও মালা দিয়ে প্রতিটি পথসভার স্থানে খালেদা জিয়াকে স্বাগত জানান। অনেককে মোবাইল দিয়ে খালেদা জিয়ার ছবি তুলতে দেখা গেছে। অনেকে তাঁর গাড়ির সামনে দাঁড়িয়েও ছবি তোলেন।যাত্রা শুরু: নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে সকাল ১০টায় রোডমার্চ শুরুর কথা ছিল। এর নেতৃত্বে থাকবেন খালেদা জিয়া। তবে তিনি বাসা থেকে বের হন ১০টা ২০ মিনিটে। পল্টন কার্যালয়ে আসেন ১১টার দিকে। এসেই রোডমার্চ শুরুর নির্দেশ দেন। এরপর সবাই ফকিরাপুল হয়ে নটর ডেম কলেজের সামনে দিয়ে সায়েদাবাদ ও যাত্রাবাড়ী থেকে সিলেটের উদ্দেশে রওনা হন। বিশাল গাড়িবহরের কারণে রোডমার্চ ধীরগতিতে অগ্রসর হয়। খালেদা জিয়া যখন নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাবতে প্রথম পথসভায় ভাষণ দিচ্ছিলেন, তখন রোডমার্চের আরেক প্রান্ত কাঁচপুর ব্রিজও পার হতে পারেনি। ঢাকা থেকে আসার গাড়িবহরে বিভিন্ন এলাকা থেকে আরও গাড়ি যুক্ত হচ্ছিল। যাত্রাপথে খালেদা জিয়া রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা মানুষের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান।যাত্রাপথে খালেদা জিয়া আশুগঞ্জের খড়িয়ালায় প্রয়াত অর্থমন্ত্রী সাইফুর রহমানের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।বিএনপি ছাড়া আরও যাঁরা ছিলেন: রোডমার্চে খালেদা জিয়া ছাড়াও জোটের অন্য শরিক জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ, বিজেপির সভাপতি আন্দালিব রহমান, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী ও খেলাফত মজলিসের সভাপতি মাওলানা মোহাম্মদ ইসহাক অংশ নেন। এ ছাড়া এলডিপির সভাপতি অলি আহমদ এবং বিএনপির সমমনা কয়েকটি ছোট রাজনৈতিক দলের নেতারাও এতে অংশ নেন।ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত জামায়াতের একটিমাত্র শোডাউন দেখা গেছে নরসিংদীর শেষ প্রান্তে। জামায়াতের এক নেতা দাবি করেন, সরকারদলীয় লোকদের কারণে তাঁরা প্রকাশ্যে গাড়ি ব্যবহার করেননি। বহরে জামায়াত ও শিবিরের কয়েক শ গাড়ি আছে বলে ওই নেতা দাবি করেন।পথসভায় খালেদা: তারাবতে খালেদা জিয়া বলেন, এই সরকার জনগণকে দেওয়া কোনো প্রতিশ্রুতি রক্ষা করেনি। পদ্মা সেতুতে এই সরকারের দুর্নীতি এখন বিশ্বব্যাপী প্রমাণিত। তাই এদের দ্বারা জাতির কোনো উন্নতি হবে না।নরসিংদীর ইটাখোলায় দ্বিতীয় পথসভায় খালেদা জিয়া বলেন, এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তাই তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল করতে হবে।কিশোরগঞ্জের ভৈরবে তৃতীয় জনসভায় বিএনপির চেয়ারপারসন বলেন, এই সরকারের আমলে দেশের মানুষ ভালো নেই। এদের পতন ঘটানোর মাধ্যমে দেশকে উন্নতির দিকে নিয়ে যেতে হবে।এ ছাড়া হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ও মৌলভীবাজারের শেরপুরে আরও দুটি পথসভায় বক্তব্য দেন খালেদা জিয়া।ব্রাহ্মণবাড়িয়ায় চতুর্থ পথসভায় বিরোধীদলীয় নেতা বলেন, রোডমার্চের মাধ্যমে জনগণকে সচেতন করে এই সরকারের বিরুদ্ধে চূড়ান্ত কর্মসূচি দেওয়া হবে।তীব্র যানজট: রোডমার্চের কারণে ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট দেখা দেয়। দুই দিকের যাত্রীদের পড়তে হয় চরম ভোগান্তিতে। রাস্তায় সভার কারণে যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা গাড়িতে বসে থাকতে হয়েছে।ভৈরবে দুই মঞ্চ: আমাদের ভৈরবের নিজস্ব প্রতিবেদক জানান, খালেদা জিয়াকে স্বাগত জানাতে কিশোরগঞ্জের ভৈরবে পাঁচ শ গজের ব্যবধানে দুটি মঞ্চ হয়েছে। তবে খালেদা জিয়া বক্তব্য দিয়েছেন ভৈরব উপজেলা বিএনপির মঞ্চ থেকে। অপর মঞ্চটি ছিল সাবেক উপজেলা বিএনপির সভাপতি বহিষ্কৃত নেতা গিয়াস উদ্দিনের।স্থানীয় আবেদীন জেনারেল হাসপাতালসংলগ্ন মাঠে বিশাল মঞ্চ তৈরি করে উপজেলা বিএনপি। অপরদিকে গিয়াস উদ্দিনের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে সমবেত হয় বিএনপির একটি অংশ। তারা ভাই ভাই ফিলিং স্টেশন-সংলগ্ন স্থানে মঞ্চ নির্মাণ করে। উভয় মঞ্চ থেকে একে অপরকে দোষারোপ করে বক্তব্য দেওয়া হয়।খালেদা জিয়ার গাড়িবহর আসে বিকেল তিনটা ৪৯ মিনিটে। ২৫ মিনিটের বক্তৃতায় তিনি সরকারের ব্যাপক সমালোচনা করেন। বলেন, এই সরকার দেশের মানুষের জন্য সড়ক সংস্কার করে না, সড়ক নির্মাণ করে ভিনদেশি মানুষের স্বার্থ রক্ষা করার জন্য।খালেদা জিয়া বলেন, রেন্টাল পাওয়ার প্ল্যাট তৈরি করতে গিয়ে দুর্নীতির আশ্রয় নিচ্ছে সরকার। ব্যাপক লুটপাট হলেও মানুষের ঘরে আজ বিদ্যুৎ নেই।তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না উল্লেখ করে খালেদা জিয়া বলেন, আগের নির্বাচনগুলো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়েছিল বলেই তা সুষ্ঠু হয়েছিল। কখনো বিএনপি ক্ষমতায় গিয়েছে, কখনো আওয়ামী লীগ। কারচুপি করে আবার ক্ষমতায় যাওয়ার জন্য আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা উঠিয়ে দিয়েছে।পদ্মা সেতু নির্মাণের আগেই দুর্নীতি করায় বিশ্বব্যাংক মুখ ফিরিয়ে নিয়েছে উল্লেখ করে খালেদা জিয়া বলেন, ‘আমরা ক্ষমতায় গেলে দুর্নীতিমুক্ত পদ্মা সেতু নির্মাণ করব।’সিলেটে প্রস্তুতি: আমাদের সিলেটের নিজস্ব প্রতিবেদক জানান, সিলেটে বিএনপির রোডমার্চ ও জনসভা উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষায় নগরে অতিরিক্ত এক হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে। গতকাল বিকেল থেকে পুলিশের পর্যবেক্ষণ শুরু হয়েছে। রোডমার্চে ব্যবহূত গাড়ির জন্য শহরতলির এমসি কলেজ মাঠকে ব্যবহারের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে।মহানগর পুলিশ সূত্র জানায়, জনসভাস্থল সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে তিন দিন আগে থেকেই পুলিশ আছে। গতকাল রাত থেকে সেখানে পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে।সিলেট মহানগর পুলিশ কমিশনার অমূল্য ভূষণ বড়ুয়া প্রথম আলোকে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জনসভাস্থল থেকে শুরু করে নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এক হাজারের বেশি পুলিশ মোতায়েন করা হয়েছে। কোনো রকমের নৈরাজ্যকর পরিস্থিতি যাতে সৃষ্টি না হয় এবং যানজট সহনীয় পর্যায়ে রাখতে পুলিশ কাজ করবে। এ ছাড়া ভ্রাম্যমাণ একটি দলও সক্রিয় থাকবে বলে তিনি জানান।