ছোট দলগুলোর সঙ্গে শুধু ঐক্যবদ্ধ আন্দোলন করতে চায় বিএনপি। এদের সঙ্গে নির্বাচনী জোট গঠনের কথা এখনই ভাবছে না দলটি।বিএনপির এমন অবস্থানের বিষয়ে ছোট দলগুলোর মধ্যে মতভিন্নতা আছে। দলগুলো চায়, আন্দোলনের পাশাপাশি ভবিষ্যতে নির্বাচনী জোট গঠনের বিষয়ে প্রাথমিক আলোচনা সেরে রাখতে। বিএনপির সঙ্গে আলোচনায় এমন প্রত্যাশার কথা জানিয়েছে তারা। জবাবে বিএনপির নেতারা তাদের জানিয়েছেন, দলীয় ফোরামে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। বিএনপির নীতিনির্ধারকেরা জানিয়েছেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল ও পঞ্চদশ সংশোধনী বাতিলের দাবিতে ছোট-বড় সব দলের সঙ্গে ঐক্য গড়ার কাজ চলছে। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে চলমান আন্দোলনকে জোরদার করতেই কেবল বিভিন্ন দলকে পাশে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান প্রথম আলোকে বলেন, বিভিন্ন দাবিতে ছোট দলগুলোকে নিয়ে যে ঐক্যবদ্ধ রাজনীতির কথা বলা হচ্ছে, তা শুধুই আন্দোলনের জোট। এর সঙ্গে ভবিষ্যতে নির্বাচনী জোটের কোনো সম্পর্ক নেই। এই ঐক্য নির্বাচনের জন্য থাকবে কি না, তা অনেক কিছুর ওপর নির্ভর করবে। আপাতত বিএনপি আন্দোলনে এসব দলকে কীভাবে সম্পৃক্ত করবে, সেই প্রক্রিয়া নির্ধারণের কাজ করা হবে।বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য বলেন, বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট নামের একটি নির্বাচনী জোট আছে। ছোট যেসব দলকে আন্দোলনে পাশে পেতে বিএনপি কাজ করছে, ভোটের মাঠে তাদের তেমন একটা প্রভাব নেই। এই দলগুলোর কারও কারও জামায়াতে ইসলামীর ব্যাপারে আপত্তি আছে। কিন্তু ভোটের ক্ষেত্রে বিএনপির জন্য জামায়াতের দরকার আছে। বেশ কিছু নির্বাচনী আসনে আওয়ামী লীগের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে বিএনপির জয়ের জন্য জামায়াতের ভোট কাজ করে। এসব কারণে বিএনপির এখন দরকার আন্দোলনের জন্য সব দলের সমর্থন পাওয়া, ভোটের জন্য নয়।বিএনপির ওই নেতা বলেন, নির্বাচন কমিশনের কাছ থেকে বিএনপি এসব দলের ভোটের হিসাব নিয়েছে। এ হিসাবটা খুব একটা সুখকর নয়। এসব দল একেবারেই ব্যক্তিনির্ভর। নিজ নিজ এলাকায় হয়তো কিছু ভোট পেতে পারে। এর বাইরে সারা দেশে দলগুলোর কোনো প্রভাব নেই। তিনি জানান, গত নির্বাচনে বিকল্পধারা ৬৩ আসনে প্রার্থী দেয়, কিন্তু ৬১টিতে প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত হয়। এলডিপি প্রার্থী দেয় ১৮ আসনে, জামানত হারায় ১৬টিতে। একটি আসনে দলটি জয়লাভ করে। এ ছাড়া কৃষক শ্রমিক জনতা লীগ ৪৪টিতে ও কল্যাণ পার্টি ৩৯ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে সব কটিতে জামানত হারায়।হিসাব মেলাতে ব্যস্ত ছোট দলগুলো: বিকল্পধারা, কৃষক শ্রমিক জনতা লীগ ও বাংলাদেশ কল্যাণ পার্টিও একমত যে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা থাকা উচিত। সে জন্য বিএনপির আন্দোলনের সঙ্গে থাকার ব্যাপারে তারা আগ্রহী। কিন্তু শুধু আন্দোলনে একজোট থাকার ব্যাপারে দলগুলোর দ্বিমত আছে। তাই বিএনপির সঙ্গে আলোচনায় এই দলগুলোর পক্ষ থেকে নির্বাচনের বিষয়টি উঠে এসেছে।এ জন্য বিএনপির সঙ্গে বৈঠকের পর বিকল্পধারার সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের দাবিতে বিএনপির গণ-অনশন কর্মসূচিতে শুধু তাঁর দল সমর্থন দিয়েছে। ঐক্যবদ্ধ হওয়ার ক্ষেত্রে তাঁদের আরও আলোচনার প্রয়োজন আছে। বিকল্পধারার একজন নেতা বলেন, আন্দোলনে দলগুলোকে পাশে রাখতে চায় বিএনপি। ভবিষ্যতে তারা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে। কিন্তু যাদের পাশে রাখতে চায়, তারা কী পাবে। অতীতে এমন আন্দোলনের পর ছোট দলগুলোকে বড় দলের ছুড়ে ফেলার নজির আছে।কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকীও বিএনপির কাছে শর্ত দিয়েছেন। এগুলো বিবেচনা করা হলেই তিনি বিএনপির ডাকে সাড়া দেবেন বলে জানিয়েছেন।বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ছোট দলগুলোর এমন প্রস্তাবের বিষয়ে বলেন, আপাতত বিএনপি আলোচনা শুরু করেছে। এ ব্যাপারে একটি অবস্থানে আসতে সময় লাগবে। বিভিন্ন দল ঐক্যের ব্যাপারে যেসব সুপারিশ বা প্রস্তাব রাখছে, তা নিয়ে স্থায়ী কমিটিতে আলোচনা হবে। আলোচনার পর পুরো প্রক্রিয়ার ব্যাপারে যে সিদ্ধান্ত নেওয়া হবে, সেভাবেই একটি ঐক্য প্রক্রিয়া গড়ে তোলা হবে।বিএনপির পাশে থাকবে এলডিপিএদিকে সরকারের বিরুদ্ধে চলমান আন্দোলনে বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করার ঘোষণা দিয়েছেন এলডিপির চেয়ারম্যান অলি আহমদ। তিনি বলেন, ‘বিএনপির সঙ্গে আমার যে দূরত্ব ছিল, সেই দূরত্ব কেটে গেছে।’গতকাল শুক্রবার রাতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে প্রায় দুই ঘণ্টা আলোচনার পর অলি আহমদ এ ঘোষণা দেন। গুলশান কার্যালয়ে এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের নেতারা উপস্থিত ছিলেন। বিভিন্ন সময়ে তারেক রহমানের দুর্নীতি নিয়ে সোচ্চার ছিলেন অলি আহমদ। এ ব্যাপারে সাংবাদিকেরা প্রশ্ন করলে তিনি বলেন, ‘ছোট ছোট বা ব্যক্তিগত ইস্যুতে নয় জাতীয় ইস্যুতে কাজ করতে আমরা ঐক্যবদ্ধ হয়েছি।’ জামায়াতে ইসলামী থাকলে ঐক্য গঠনে কোনো সমস্যা হবে কি না, জানতে চাইলে সাংবাদিকদের অলি আহমদ বলেন, ‘বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগও জামায়াতকে সঙ্গে নিয়ে আন্দোলন করেছে। আমরা জামায়াতকে নিয়ে আন্দোলন করলে নাপাক হবে নাকি?’ বৃহৎ ঐক্য গঠনে জামায়াতের সঙ্গে আন্দোলনে কোনো সমস্যা নেই।আওয়ামী লীগের পক্ষ থেকে আলোচনার প্রস্তাব সম্পর্কে জানতে চাইলে অলি আহমেদ সাংবাদিকদের বলেন, ‘তারা আমার সঙ্গে যোগাযোগ করে আলোচনার প্রস্তাব দিয়েছে। কিন্তু বিএনপিকে আগে কথা দিয়েছি।’