সড়ক দুর্ঘটনা প্রসঙ্গে প্রধানমন্ত্রী
আন্দোলনে জড়িত অনেকেই পরীক্ষা ছাড়া লাইসেন্স নিয়েছেন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেছেন, ‘পুরো দেশকে নিয়মশৃঙ্খলায় ফিরিয়ে আনতে আমরা কাজ করে যাচ্ছি। কিন্তু একটু ধৈর্য ধরতে হবে। সমস্যা আসবে, হতাশ হওয়ার কিছু নেই। সমস্যা যেটুকু থাকুক, তা সমাধানের জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি।’জাতীয় সংসদের দশম অধিবেশনের সমাপনী বক্তৃতায় গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রী এ কথা বলেন।সড়ক দুর্ঘটনা রোধে চালকদের প্রশিক্ষণের ওপর জোর দিয়ে শেখ হাসিনা বলেন, ‘আমাদের প্রচুর চালক দরকার। আমাদের চালক কম। এ জন্য কেউ চালাতে পারলেই স্টিয়ারিং ধরে বসে পড়ে।’যাঁরা সড়ক দুর্ঘটনা নিয়ে বিভিন্ন সামাজিক আন্দোলনের সঙ্গে যুক্ত, তাঁরা পরীক্ষা দিয়ে যানবাহন চলাচলের জন্য ড্রাইভিং লাইসেন্স নিয়েছেন কি না, সে প্রশ্ন রেখে শেখ হাসিনা বলেন, ‘শুধু অশিক্ষিত লোকেরাই নন, যাঁরা এখন আন্দোলন করছেন, যাঁরা নিজেরা গাড়ি চালান, তাঁরাও অনেকে পরীক্ষা না দিয়ে লাইসেন্স নিয়েছেন। অনেকেই ড্রাইভারকে টাকা দিয়ে পাঠিয়ে ড্রাইভিং লাইসেন্স নিয়েছেন।’ড্রাইভিং লাইসেন্সধারী চালকদের কিছু বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী।সড়ক যোগাযোগব্যবস্থার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ক্ষতিগ্রস্ত রাস্তাগুলো ঈদের আগে চলাচলের উপযোগী করা হবে। টাকা পাওয়ার পরই যোগাযোগমন্ত্রী ময়মনসিংহ পর্যন্ত চলে গেছেন। একটু শুকনো মৌসুম এলে পুরোপুরি ঠিক করা হবে। এখন যদি পুরোপুরি ঠিক করতে হয়, তাহলে পুরো টাকাটাই পানিতে যাবে।প্রধানমন্ত্রী বলেন, ‘২০০১ থেকে ২০০৮ পর্যন্ত দেশের মহাসড়কগুলোর কোনো রক্ষণাবেক্ষণ হয়নি বলে এই অবস্থা। আমরা যে বাজেট করেছি, তার পুরোটা তো ঢেলে দেওয়া যায় না। যোগাযোগ মাথায় থাকলেও বেশি ব্যয় করতে পারিনি। খাদ্য আর বিদ্যুতে সবচেয়ে বেশি ব্যয় করেছি।’এই মৌসুমের ভারী বর্ষণের কথা উল্লেখ করে সংসদ নেতা বলেন, রাস্তা মেরামতের জন্য এক হাজার ৪০০ কোটি টাকার প্রকল্প নেওয়া হলো। সেভাবে কাজও করা হলো। কিন্তু এর মধ্যে বর্ষা এসে গেল। যে পরিমাণ বৃষ্টি হলো, গত দুই-তিন বছরে তা হয়নি।ট্রাকে অতিরিক্ত মালামাল নেওয়ার সমালোচনা করে শেখ হাসিনা বলেন, ট্রাকগুলোর যতটুকু মাল নেওয়ার সীমা রয়েছে, তার বেশি নিচ্ছে। অতিরিক্ত চাপ এই রাস্তা সহ্য করতে পারে না। রাস্তা ভালো চাইলে যতটুকু মাল তোলার, ততটুকু তুলতে হবে। মেঘনা সেতুর বর্তমান ক্ষতিগ্রস্ত অবস্থার জন্য ট্রাকের অতিরিক্ত মাল বহনকেও কিছুটা দায়ী করেন তিনি। বঙ্গবন্ধু সেতুর ওজন মেশিনও কায়দা করে নষ্ট করে রাখা হয়েছে বলে মন্তব্য করেন তিনি।প্রধানমন্ত্রী বলেন, ‘অনেকে বলছেন, দ্রব্যমূল্য বেড়ে গেছে। দ্রব্যমূল্য তো বিশ্বব্যাপীই বেড়ে গেছে। আমরা দ্রব্যমূল্য জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার চেষ্টা করছি।’বিদ্যুৎ সমস্যা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, বিদ্যুৎ সমস্যা আছে। গতবারও আমরা একই সমস্যা পেয়েছিলাম। গত সাত বছরে বিদ্যুৎ উৎপাদন বাড়েনি, কিন্তু চাহিদা বেড়েছে। আমরা প্রতিবছর এক হাজার মেগাওয়াট করে বিদ্যুৎ উৎপাদন বাড়াতে পারলেও তারা কেন পারল না।বিগত তত্ত্বাবধায়ক সরকারের সমালোচনা করে শেখ হাসিনা বলেন, ‘তখন অত্যন্ত উচ্চমার্গের লোকেরা দেশ চালিয়েছিলেন। তখন দেশে ছিল সুশীল বাবুদের সরকার। মিলিটারি ব্যাক্ট সরকার। তারাও তা পারেনি।’বিভিন্ন টক শোতে যাঁরা বিভিন্ন বিষয়ে কথা বলেন, তাঁদের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, গুলশান-বারিধারায় যাঁরা থাকেন, যাঁরা টিভিতে এসে বড় বড় কথা বলেন, তাঁরা রাস্তার জায়গাও নিয়ে নিয়েছেন। তিনি বলেন, সরকারকে তো খালি গালি দিলে হবে না। যানবাহন যেন সীমিত সময়ের জন্য ব্যবহূত হয়, সেই ব্যবস্থা করতে হবে।এ পর্যায়ে প্রধানমন্ত্রীকে থামিয়ে দিয়ে স্পিকার আবদুল হামিদ গাড়ির জ্বালানি হিসেবে রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস (সিএনজি) ব্যবহার সীমিত করার কথা বলেন। ব্যক্তিগত ব্যবহারের জন্য একটার বেশি গাড়ি কিনলে পর্যায়ক্রমে কর বাড়ানোর প্রস্তাবও দেন স্পিকার।স্পিকারের বক্তব্যের জবাবে সংসদ নেতা বলেন, ‘গ্যাসের দাম কম বলেই হয়তো এভাবে ব্যবহূত হচ্ছে। এই অমূল্য সম্পদ যেন যত্রতত্র ব্যবহূত হতে না পারে, সেই ব্যবস্থা নেওয়া হবে। আমরা রান্নার জন্য সিলিন্ডারের গ্যাসের ব্যবস্থা করছি।’প্রধানমন্ত্রী বিএনপির মহাসচিবের সমালোচনা করে বলেন, ‘মির্জা ফখরুল ইসলামকে একটু সাবধান করতে চাই, এত মিথ্যা কথা বললে আয়ু ক্ষয় হয়ে যায়।’স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে প্রধান বিরোধী দল বিএনপির অনুপস্থিতিতে জাসদের মঈনউদ্দিন খান বাদল ও স্বতন্ত্র সদস্য ফজলুল আজিম বক্তব্য দেন।