আন্দোলনে পীরগঞ্জ পৌর কর্মচারীরা
‘রংপুরের ডাক্তার ঢাকায় নিয়ে যেতে বলেছেন, টাকার অভাবে আমার ছেলেকে ঢাকায় নিতে পারছি না। অথচ পৌরসভার কাছে আমার অনেক টাকা পাওনা আছে। সেগুলো পেলে ছেলেকে ঢাকায় নিয়ে শেষবারের মতো চিকিৎসা করাতে পারতাম’—কান্নাজড়িত কণ্ঠে কথাগুলো বললেন পীরগঞ্জ পৌরসভার চতুর্থ শ্রেণীর কর্মচারী জহুরুল ইসলাম। শুধু জহুরুল ইসলাম নন, চতুর্থ শ্রেণীর কর্মচারী খোরশেদ আলী বলেন, ‘টাকা ধার করে এবার কোরবানি দিছি। এখনো বেতনের খবর নাই। ধার শোধ করব কীভাবে?’ পৌরসভার কনজারভেন্সি পরিদর্শক মো. রফিকুল ইসলাম বলেন, ‘আমাদের বকেয়া বেতনগুলো পাওয়া গেলে দায়দেনা থেকে রেহাই পেতাম। দোকানদারেরা পৌরসভার কর্মচারীদের এখন আর বাকিতে পণ্য দিতে চান না।’ পৌর কর্মচারী গিয়াসউদ্দীন আহম্মদ বলেন, ‘সুদের ওপর টাকা নিয়ে সংসার চালাচ্ছি। এটা যে কী কষ্টের, কীভাবে আপনাদের তা বোঝাব।’ পীরগঞ্জ পৌরসভার অধিকাংশ কর্মচারীর জীবনযাত্রার বাস্তব চিত্র এখন এ রকম। খোঁজ নিয়ে জানা গেছে, পৌরসভার কোনো কর্মচারী ১৭ মাস আর কোনো কর্মচারী ১৪-১৫ মাসের বেতন পাননি। তাঁরা জানেন না কবে নাগাদ বকেয়া বেতন পাবেন। তাই মাসভর চাকরি করেও বেতন-ভাতা পাওয়ার আশা না থাকায় শান্তিতে নেই কর্মচারীরা। বকেয়া বেতন না পেয়ে ৩৬ জন কর্মচারীর অনেকেই মানবেতর দিন যাপন করছেন। বেতন-বোনাস না পেয়ে এবার কোরবানির ঈদ করতে না পারায় ঈদের আগের দিন (১৬ নভেম্বর) পৌর ভবন চত্বরে মানববন্ধন করেছেন পীরগঞ্জ পৌর কর্মচারীরা। এর আগে স্থানীয় গণ্যমান্য ও রাজনৈতিক নেতাদের দ্বারে দ্বারে গিয়ে ধরনা দিয়েছেন তাঁরা। ঈদের আগে বেতেন-ভাতার জন্য শেষবারের মতো পৌর মেয়রের কাছে ধরনা দিয়ে ব্যর্থ হয়েই তাঁরা নিয়মতান্ত্রিক আন্দোলনের পথ বেছে নিয়েছেন বলে জানান পৌর কর্মচারী সংসদের সভাপতি মো. কামরুল ইসলাম।১৬ নভেম্বর পৌরভবন চত্বরে শান্তিপূর্ণ মানববন্ধন এবং ২১ থেকে ২৩ নভেম্বর কালো ব্যাজ ধারণ করেন তাঁরা। চলতি মাসের মধ্যে ১৫ মাসের বকেয়া বেতন এবং কোরবানি ঈদের বোনাসের বকেয়া টাকা একসঙ্গে পরিশোধ না করা হলে বৃহত্তর আন্দোলনের আল্টিমেটাম দিয়েছেন পৌর কর্মচারীরা।পৌর কর্মচারী সংসদের সভাপতি মো. কামরুল ইসলাম জানান, ২০০৪ সালের জুন মাসে সাবেক পৌর চেয়ারম্যান গোলাম হোসেন বর্তমান মেয়রের কাছে দায়িত্ব হস্তান্তর করেন। ওই সময় তিনি কর্মচারীদের বেতন বাকি রেখে গিয়েছিলেন প্রায় ২৭ লাখ ৫০ হাজার টাকা। এর পর থেকে বকেয়া বাড়ছেই। বেতনের দাবিতে ‘আমরা এর আগেও আন্দোলনের পথ বেছে নিয়েছিলাম। প্রতি মাসের বেতন প্রতি মাসেই দেবেন এবং কিছু কিছু করে বকেয়া শোধ করবেন মর্মে বর্তমান পৌর মেয়র আশ্বাস দিলে আমরা আন্দোলন প্রত্যাহার করি।’ ২০০৬ সালের ১২ ডিসেম্বর পৌর চেয়ারম্যান ও কর্মচারী পরিষদের মধ্যে সমঝোতা হয়। সেখানে চেয়ারম্যান লিখিত প্রতিশ্রুতি দেন, এক বছরের মধ্যে সমুদয় বকেয়া শোধ করবেন। কিন্তু পরিশোধ তো দূরের কথা, মাসের বেতন পর্যন্ত নিয়মিত পরিশোধে ব্যর্থ হন তিনি। এ অবস্থায় বকেয়া বেতনের পরিমাণ দাঁড়ায় প্রায় ৫৪ লাখ টাকা। পৌর কর্মচারী সংসদের সভাপতি মো. কামরুল ইসলাম ১৩ ডিসেম্বর বলেন, ‘১২ ডিসেম্বরের আল্টিমেটাম ছিল। পৌর নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত দিন ১২-১৩ ডিসেম্বর হওয়ায় আমরা আন্দোলন কর্মসূচি ঘোষণা করিনি। আমরা শিগগিরই সভা ডেকে নতুন কর্মসূচি ঘোষণা করব।’ পৌরসভার প্যানেল মেয়র মির্জামূল হক বলেন, ‘আগে পৌর কর্মচারীদের এক মাসের বেতন বাবদ দরকার হতো আড়াই লাখ টাকা। এখন দরকার হচ্ছে সোয়া চার লাখ টাকা। ২০১১ সালের জানুয়ারি মাস এলেই প্রতি মাসে লাগবে প্রায় ছয় লাখ টাকা। অথচ পৌরসভায় আয়ের কোনো নতুন খাত সৃষ্টি হয়নি। কর্মচারীরা আন্দোলন করছেন ঠিক আছে। কিন্তু আমরাও তো আমাদের সম্মানী ভাতা পাচ্ছি না। পীরগঞ্জ পৌরসভার কাছে সম্মানী ভাতা বাবদ পৌর মেয়র প্রায় ১০ লাখ টাকা এবং ১০ জন কাউন্সিলর প্রায় ২০ লাখ টাকা পাওনা আছেন। টাকার অভাবে বকেয়া সম্মানী ভাতা নিতেই পারছি না। মোট কথা, আয়ের খাত সৃষ্টি করলে সবারই বেতন-ভাতার সমস্যা ঠিক হয়ে যাবে।পীরগঞ্জ পৌরসভার মেয়র কশিরুল আলম বলেন, ‘কর্মচারীদের দাবির সঙ্গে আমিও একমত। আমি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব মহোদয়কে লিখিতভাবে তাঁদের দাবিনামা ও সমস্যাগুলো জানিয়েছি। এখন আমি নির্বাচন পর্যন্ত নামমাত্র দায়িত্বে আছি। নবনির্বাচিত মেয়র আসুক, বিষয়টি নিয়ে নতুন পৌর পরিষদই ভাববে।’