আন্দোলনে শিক্ষকদের পাশে থাকবে বিএনপি: হান্নান শাহ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য হান্নান শাহ বলেছেন, ‘দাবি আদায়ে এখনই রাজপথে নামতে হবে। আপনারা আন্দোলনে নামলে দলগতভাবে বিএনপি তাতে সমর্থন দেবে। রাজনৈতিক শক্তি হিসেবে আমাদের পাশে পাবেন।’ আজ মঙ্গলবার দুপুরে জাতীয় শিক্ষক-কর্মচারী ঐক্যজোট আয়োজিত এক আলোচনা সভায় হান্নান শাহ এ কথা বলেন। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। সরকার বিদেশি শক্তির সহায়তায় ক্ষমতায় এসেছে উল্লেখ করে হান্নান শাহ বলেন, ভারত, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য তাদের স্বার্থ হাসিলের জন্য এ সরকারকে ক্ষমতায় এনেছে। এ জন্য দেশের স্বার্থ বিসর্জন দিয়ে টিপাইমুখে বাঁধ নির্মাণে ভারতকে সরকার অনুমতি দিয়েছে। আফগানিস্তানে সেনা পাঠাতে যুক্তরাষ্ট্রকে কথা দিয়েছে। দেশের গ্যাসক্ষেত্র ব্রিটিশ কোম্পানির হাতে তুলে দেওয়ার চুক্তি করা হচ্ছে।আলোচনা সভায় এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের চাকরি জাতীয়করণ করতে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সরকারকে সময় বেঁধে দিয়েছেন শিক্ষকনেতারা। এ সময়ের মধ্যে দাবি মানা না হলে জানুয়ারি থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান অচল করে দেওয়ার হুমকি দিয়েছেন তাঁরা। অনুষ্ঠানের বিএনপির যুগ্ম মহাসচিব আমানুল্লাহ আমান, শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান মো. সেলিম ভূঁইয়া, বিএনপির শিক্ষাবিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, জাতীয়তাবাদী মহিলা দলের সহসভানেত্রী নাজমুন নাহার প্রমুখ বক্তব্য দেন।