আন্দোলনের কর্মসূচি ঘোষণা সন্তু লারমার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা বলেছেন, সরকার গত ১৪ বছরেও পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন না করে বিশ্বাস ভঙ্গ করেছে। চুক্তি বাস্তবায়িত না হওয়ায় পার্বত্য চট্টগ্রাম পরিস্থিতির মৌলিক কোনো অগ্রগতি হয়নি।এ প্রেক্ষাপটে ‘চুক্তির দ্রুত, যথাযথ ও কার্যকর বাস্তবায়নের জন্য সময়সূচিভিত্তিক একটি কর্মপরিকল্পনা ঘোষণা’সহ ১৯ দফা দাবি পূরণের জন্য সন্তু লারমা সরকারের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে এসব দাবি বাস্তবায়নে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেন।কর্মসূচির মধ্যে রয়েছে—আগামী বছরের জানুয়ারিতে মাসব্যাপী তিন পার্বত্য জেলায় অব্যাহত গণসংযোগ, গণসমাবেশ ও বিক্ষোভ; জেএসএসের সাংগঠনিক কার্যক্রম জোরদার করা এবং দাবি পূরণ না হলে আগামী মার্চ মাসের শেষ নাগাদ মহাসমাবেশ ও পরবর্তী কঠোর কর্মসূচি ঘোষণা।পার্বত্য চুক্তির ১৪ বছর পূর্তি উপলক্ষে আজ বুধবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সন্তু লারমা এ কর্মসূচি ঘোষণা করেন। এ সময় জেএসএসের কেন্দ্রীয় নেতারা ছাড়াও বিজয় কেতন চাকমা, সম্মিলিত সামাজিক আন্দোলনের নেতা পংকজ ভট্টাচার্য, লেখক-কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মেজবাহ কামাল, বাংলাদেশ আদিবাসী ফোরামের রবীন্দ্র নাথ সরেন, সঞ্জীব দ্রং প্রমুখ উপস্থিত ছিলেন।চুক্তি স্বাক্ষরের ১৪ বছর পরের বর্তমান পার্বত্য চট্টগ্রাম পরিস্থিতি বর্ণনা করে সন্তু লারমা বলেন, ‘পার্বত্য চট্টগ্রামের সর্বত্র এখনো সেনা বাহিনীর কর্তৃত্ব বজায় রয়েছে। তাঁদের অপারেশন উত্তরণের ছত্রচ্ছায়ায় এবং সাধারণ প্রশাসনের সহায়তায় উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী ও সেটেলার বাঙালিরা পাহাড়িদের ওপর হামলা ও জায়গা-জমি দখল অব্যাহত রেখেছে।’ তিনি বলেন, সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে আদিবাসী ও জুম্ম জনগোষ্ঠীর জাতীয় ও সাংস্কৃতিক অস্তিত্বকে আরও নাজুক অবস্থায় ফেলে দেওয়া হয়েছে। তিনি সংবিধান পুনঃসংশোধনের মাধ্যমে এ পরিস্থিতির পরিবর্তন দাবি করেন। চুক্তি বাস্তবায়নে বর্তমান সরকার গত তিন বছরের শাসনমেয়াদে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি, কোনো কর্মপরিকল্পনাও ঘোষণা করেনি উল্লেখ করে সন্তু লারমা বলেন, পার্বত্য চট্টগ্রাম সমস্যার প্রকৃত রাজনৈতিক সমাধান ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় চুক্তি বাস্তবায়নের কোনো বিকল্প নেই।এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘চুক্তি বাস্তবায়নে সরকার আন্তরিক নয়। এ ব্যাপারে সরকারের কোনো সদিচ্ছা নেই। কারণ, বর্তমান সরকার গণতান্ত্রিক নয়। অসাম্প্রদায়িকও নয়।’ বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় পার্বত্য চট্টগ্রাম পরিস্থিতি চুক্তিপূর্ব অবস্থায় ফিরে যাওয়ার আশঙ্কা আছে কি না, জানতে চাইলে সন্তু লারমা বলেন, ‘বারবার তো একই পরিস্থিতির উদ্ভব হতে পারে না। পরিস্থিতির উদ্ভব হয় বাস্তবতার নিরিখে। তবে পার্বত্য চট্টগ্রাম পরিস্থিতি ক্রমেই খারাপ হচ্ছে।’সেখানে ক্রমবর্ধমান হত্যাকাণ্ড ও সশস্ত্র সংঘাত প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘চুক্তির বাস্তবায়ন বাধাগ্রস্ত করতে সরকার যে ইউপিডিএফ সৃষ্টি করেছিল তারাই এর মূলে। তাদের সশস্ত্র তত্পরতা রুখতে হয়তো জনগণের মধ্য থেকে নতুন কোনো গোষ্ঠী অস্ত্র ধরেছে। এসবের সঙ্গে জেএসএস কোনোভাবেই যুক্ত নয়।’