আন্দোলনের চেয়ে সিটি নির্বাচনের দিকেই নজর বিএনপির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন চার সিটি করপোরেশন নির্বাচনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে প্রধান বিরোধী দল বিএনপি। এখন আন্দোলনের চেয়ে সিটি নির্বাচনের দিকেই বিএনপির নজর বেশি।বিএনপির সূত্রগুলো বলছে, আগামী দিনে বিএনপির আন্দোলন কেমন হবে, তার অনেকটাই নির্ভর করছে সিটি করপোরেশনের নির্বাচনের ফলাফলের ওপর। নিজেদের পছন্দের প্রার্থীদের জয়-পরাজয় দুটোকেই কাজে লাগাতে চায় বিএনপি। তবে জয়ের জন্যই ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে। গত ৪ মে রাজধানীর মতিঝিলের এক সমাবেশ থেকে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি মানতে সরকারকে ৪৮ ঘণ্টার সময় বেঁধে দেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া, অন্যথায় লাগাতার অবস্থান কর্মসূচিতে যাওয়ার ইঙ্গিত দিয়েছিলেন তিনি। কিন্তু সরকার বিএনপির আলটিমেটাম আমলে নেয়নি। এ জন্য অবশ্য বিএনপি কোনো কর্মসূচি ঘোষণা করেনি।সূত্র জানায়, সিটি করপোরেশনের নির্বাচনের কারণে আপাতত আন্দোলনের কোনো কর্মসূচি দেবে না বিএনপি। ১৫ জুন সিটি নির্বাচনের পর কিছু জেলায় সমাবেশ ও গণসংযোগ কর্মসূচি আসতে পারে। আর রোজার সময়টা সাংগঠনিক মাস হিসেবে পালন করা হবে। এসব কর্মসূচিতে খালেদা জিয়া অংশ নেবেন। আর সিটি নির্বাচনে ‘কারচুপি’ হলে হরতালের মতো কিছু কর্মসূচি আসতে পারে।এ প্রসঙ্গে জানতে চাইলে স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহবুবুর রহমান প্রথম আলো ডটকমকে বলেন, আন্দোলন সময়ের ব্যাপার। এখন সিটি করপোরেশন নির্বাচন হচ্ছে, বিএনপি সংসদে যোগ দিয়েছে। বিএনপি সংঘাত নয়, সংলাপের পক্ষে। বিএনপি আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করতে চায়।বিএনপি আশা করছে, রাজশাহী, বরিশাল, সিলেট ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনে তাদের সমর্থিত প্রার্থীরাই জয়ী হবেন। দলীয় প্রার্থীরা জয়ী হলে বিএনপি দেশব্যাপী একটি বার্তা দেওয়ার চেষ্টা করবে, তা হলো—সরকারের দুর্নীতির কারণে তাদের প্রার্থীদের ভরাডুবি হয়েছে। অন্যদিকে, বিএনপি-সমর্থক প্রার্থীদের বিজয়ে সারা দেশে দলীয় নেতা-কর্মীরাও চাঙা হবে। জাতীয় নির্বাচনে ভোটের হাওয়াও বিএনপির অনুকূলে থাকবে। আর প্রার্থীরা হারলে বা কারচুপি হলে, বিএনপি তাদের প্রধান দাবি নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচনের সপক্ষে জোরালো প্রচারণা চালানোর সুযোগ নেবে এবং এ দাবিতে আন্দোলন আরও জোরদার করবে। দলের স্থায়ী কমিটির একজন সদস্য প্রথম আলো ডটকমকে বলেন, সিটি নির্বাচনের ফলাফল জাতীয় রাজনীতি ও নির্বাচনে একটি প্রভাব ফেলবে। দলের প্রার্থীরা জিতলে নেতা-কর্মীদের মাঝে চাঙাভাব আসবে। আর কারচুপি হলে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবি আরও জোরালো হবে। বিএনপির কয়েকজন নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, শুরু থেকেই রাজশাহী, বরিশাল, সিলেট ও খুলনা সিটি করপোরেশনের নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে বিএনপি। এখন বিএনপি মনে করছে, এই চারটি নির্বাচনেই মেয়র পদে বিএনপি-সমর্থক প্রার্থীর জয়ের সম্ভাবনা বেশি। এ জন্য গতকাল শনিবারের স্থায়ী কমিটির সভায় বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব সহকারে দেখতে দলীয় নীতিনির্ধারকদের নির্দেশ দিয়েছেন খালেদা জিয়া। তা ছাড়া দলের জ্যেষ্ঠ নেতাদের প্রচারে অংশ নিতে বলা হয়েছে।ইতোমধ্যে দলের কেন্দ্রীয় জ্যেষ্ঠ নেতারা সিটি করপোরেশনগুলোতে গিয়ে বিএনপি-সমর্থিত প্রার্থীদের পক্ষে প্রচার চালাচ্ছেন। দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় খুলনায়, নজরুল ইসলাম খান রাজশাহীতে, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বরিশালে এবং শমসের মুবিন চৌধুরী, আমীর খসরু মাহমুদ চৌধুরী সিলেটে বিএনপির সমর্থিত প্রার্থীদের পক্ষে প্রচারণা চালাচ্ছেন। শেষ মুহূর্তের প্রচারে অংশ নিতে আরও বেশি সংখ্যক কেন্দ্রীয় নেতাকে সিটি করপোরেশনগুলোতে পাঠানো হবে।