ভারতীয় চলচ্চিত্রের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সংবাদ প্রকাশের পর বাংলাদেশের চলচ্চিত্রের শিল্পী ও কুশলীরা আন্দোলনের ডাক দিয়েছেন।গতকাল রোববার বার্তা সংস্থা এএফপি বাণিজ্যমন্ত্রী ফারুক খানের উদ্ধৃতি দিয়ে সংবাদ প্রচার করে যে ভারতীয় চলচ্চিত্রের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। এ সংবাদ প্রকাশের জের ধরে গতকাল সকাল থেকেই এফডিসিতে শিল্পী ও কুশলীরা প্রতিবাদ জানাতে জড়ো হন। দুপুরে তাঁরা বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে কর্মসূচি ঘোষণা করেন।আজ সোমবার বেলা ১১টায় এফডিসিতে বিক্ষোভ মিছিল প্রদর্শন করবেন শিল্পী ও কলাকুশলীরা। কাল মঙ্গলবার এফডিসির মূল ফটকের সামনে হবে মহাসমাবেশ। একই দিন দুপুরে তাঁরা প্রধানমন্ত্রীর কার্যালয়ে ভারতীয় চলচ্চিত্র প্রদর্শনের অনুমতি না দেওয়ার জন্য স্মারকলিপি দেবেন।ভারতীয় চলচ্চিত্রের প্রদর্শন প্রতিরোধে এরই মধ্যে শিল্পী ও কলাকুশলীরা মিলে চলচ্চিত্র ঐক্য পরিষদ গঠন করেছেন। পরিষদ আয়োজিত বৈঠকে অভিনয়শিল্পী রাজ্জাক, আলমগীর, পরিচালক শহিদুল ইসলাম খোকনসহ প্রযোজকেরা উপস্থিত ছিলেন বলে জানা গেছে। শহিদুল ইসলাম বলেন, যেকোনো মূল্যে ভারতীয় চলচ্চিত্রের প্রদর্শন বন্ধ করতে শিল্পী ও কুশলীরা ঐক্যবদ্ধ হয়েছেন। দাবি আদায়ে প্রয়োজনে রাজপথে নামবেন সবাই।চলচ্চিত্র ঐক্য পরিষদ গতকাল রাতে ভারতীয় চলচ্চিত্র আমদানি ও প্রদর্শনীর ওপর নিষেধাজ্ঞা চেয়ে উচ্চ আদালতে রিট মামলা করার সিদ্ধান্ত নিয়েছে।এ বিষয়ে যোগাযোগ করলে তথ্যসচিব কামাল আবদুল নাসের চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমি কিছুই জানি না। তাই কোনো মন্তব্য করতে পারছি না।’তবে তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ বলেন, ‘বার্তা সংস্থা এএফপির কাছে এমন তথ্য দেওয়া হলো কেন তা আমার জানা নেই।’ তিনি আরও বলেন, দেশীয় চলচ্চিত্র নির্মাতাদের আরও ভালো ছবি বানাতে হবে। যদি ভারতীয় ছবি আসেও সেগুলোকে সেন্সরবোর্ড থেকে ছাড়পত্র নিয়ে তারপর প্রদর্শন করতে হবে। আর যে সমস্যা দেখা দিয়েছে, তা আলোচনার মাধ্যমেই সমাধান করতে হবে।অন্যদিকে বাণিজ্যমন্ত্রীর এই ঘোষণায় খুশি প্রেক্ষাগৃহ মালিকেরা। তাঁরা বলেছেন, ‘সরকার দেরিতে হলেও ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে। এতে রাজস্ব বাড়বে এবং প্রেক্ষাগৃহে ফিরে আসবে দর্শক।’এদিকে বাণিজ্যমন্ত্রী গতকাল টেলিফোনে প্রথম আলোকে বলেন, ‘গত ২৬ জানুয়ারি জারি করা আমদানি নীতিতে (২০০৯-১২) শর্তসাপেক্ষে সব দেশ থেকেই চলচ্চিত্র আমদানির বিধান রাখা হয়েছে। এর কোনো সংশোধন করা হয়নি।’ তিনি আরও বলেন, ‘সম্প্রতি দেশীয় শিল্প রক্ষার দাবিতে চলচ্চিত্রশিল্পের একটি দল এবং চলচ্চিত্র আমদানি করতে ইচ্ছুক—এমন আরেকটি দল সচিবালয়ে এসে বৈঠক করে গেছে। উভয় দলেরই কথাবার্তা শুনেছি। উভয়কূল রক্ষা করে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।’আপনাকে উদ্ধৃত করে দেশে ভারতীয় চলচ্চিত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সংবাদ প্রসঙ্গে প্রশ্ন করা হলে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘এটা ঠিক নয়।’উল্লেখ্য, বিদ্যমান আমদানিনীতির ষষ্ঠ অধ্যায়ের ৫০ (ক) ধারায় বলা হয়েছে, ‘ইংরেজী ভাষায় প্রস্তুতকৃত কোন প্রকার সাব-টাইটেল ব্যতিরেকে এবং অন্যান্য ভাষায় প্রস্তুতকৃত ছায়াছবি বাংলা অথবা ইংরেজী সাব টাইটেলসহ আমদানী করা যাবে।’ আর আগের নীতিগুলোতে উল্লেখ ছিল ‘উপমহাদেশের চলচ্চিত্র ব্যতিরেকে শর্ত সাপেক্ষে বিদেশী চলচ্চিত্র আমদানী করা যাবে।’প্রসঙ্গত, চলচ্চিত্র শিল্পের স্বার্থে ১৯৭২ সালেই উপমহাদেশের চলচ্চিত্র আমদানি ও প্রদর্শনে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। রাজ্জাক বলেন, ‘আমরা চাই না এ দেশের চলচ্চিত্র শিল্প ধ্বংস হয়ে যাক।’ আলমগীর বলেন, চলচ্চিত্র শিল্পের সঙ্গে লাখ লাখ পরিবারের রুটিরুজি জড়িত। সরকারকে তা ভাবতে হবে।এদিকে প্রেক্ষাগৃহ মালিকদের সূত্রে জানা গেছে, মুম্বাইয়ের ব্যবসাসফল ১২টি চলচ্চিত্র এখন দেশে আসার অপেক্ষায়। প্রদর্শকেরাও সেসব ছবি প্রদর্শনে সব ধরনের প্রস্তুতি নিচ্ছেন।