নির্দলীয় সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে আন্দোলনের নতুন রূপরেখা ঠিক করছে প্রধান বিরোধী দল বিএনপি। তবে এখনই কঠোর কোনো কর্মসূচি নয়; বরং সভা-সমাবেশের মতো লাগাতার শান্তিপূর্ণ কর্মসূচি দেওয়ার চিন্তা করছে দলটি। দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী পরিষদ জাতীয় স্থায়ী কমিটির আজ রোববারের সভায় আন্দোলনের নতুন রূপরেখা চূড়ান্ত হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে।এক রায়ের পরিপ্রেক্ষিতে সরকার সংবিধান সংশোধন করে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করে। এরপর থেকে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবিতে আন্দোলন শুরু করে প্রধান বিরোধী দল বিএনপি। ঢাকা থেকে দেশের বিভিন্ন স্থানে একাধিক রোড মার্চ কর্মসূচি শেষে গত ১২ মার্চ ঢাকায় মহাসমাবেশ করে বিএনপি নেতৃত্বাধীন জোট। ওই সমাবেশ থেকে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবিতে তিন মাসের আল্টিমেটাম দেন খালেদা জিয়া। গত ১০ জুন বিএনপির বেঁধে দেওয়া সময়সীমা শেষ হয়। পরদিন ১১ জুন এক সমাবেশ থেকে পাঁচটি বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে খালেদা জিয়া ঈদের পর কঠোর কর্মসূচি ঘোষণা করার কথা বলেছিলেন।তবে এখন পর্যন্ত আন্দোলনের নতুন কোনো কর্মসূচি ঘোষণা করেনি দলটি। ঈদের পর আজ রাতেই দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে প্রথম স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হবে।দলীয় সূত্র জানায়, এখনই কঠোর পথে হাঁটতে রাজি নয় বিএনপি। তারা সরকারের সঙ্গে আলোচনার পথ খোলা রাখতে চায়। এ জন্য জাতীয় ও আন্তর্জাতিকভাবে সরকারের ওপর চাপ সৃষ্টি করতে চায় বিএনপি। পাশাপাশি থাকবে বিভিন্ন কর্মসূচি। লাগাতার এই কর্মসূচি চালিয়ে যেতে চায় দলটি। কর্মসূচির মধ্যে প্রাধান্য পাবে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার বিভিন্ন জেলা সফর। তত্ত্বাবধায়ক বা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে জনসমর্থন বাড়ানোর পাশাপাশি দলের নেতা-কর্মীদের চাঙা করার উদ্দেশ্যে বিভিন্ন জেলায় সফর করবেন বিরোধীদলীয় নেতা। আজকের সভায় তাঁর সফরসূচি চূড়ান্ত হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে। স্থায়ী কমিটির সভায় দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। বিএনপির আন্দোলনের কৌশল কী হবে, তা-ও ওই সভায় ঠিক করা হতে পারে।সভার বিষয়ে স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ গতকাল সাংবাদিকদের বলেন, বিএনপি এমন কৌশল অবলম্বন করবে যাতে অব্যাহতভাবে আন্দোলন চালানো যায়। ক্ষমতাসীন সরকার নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে সম্মত না হওয়া পর্যন্ত বিএনপি লাগাতার আন্দোলন চালিয়ে যাবে।