মানবতাবিরোধী অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে শাহবাগের প্রজন্ম চত্বর থেকে আজ শুক্রবার বিকেলে নতুন কর্মসূচি ও গৃহীত সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে: * শাহবাগে আন্দোলন কর্মসূচি চলবে প্রতিদিন বেলা তিনটা থেকে রাত ১০টা পর্যন্ত। তবে কোনো বিশেষ প্রয়োজনে নোটিশ দেওয়া হলে দলে দলে প্রজন্ম চত্বরে আসার জন্য প্রস্তুত থাকতে হবে।* আগামী রোববার সকাল ১০টায় দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন।* জেলা, গ্রাম, পাড়া-মহল্লায় গণজাগরণ মঞ্চ গড়ে তোলা।* যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করতে যেখানেই জামায়াতের নাশকতা দেখা যাবে, সেখানেই প্রতিরোধে মানবদুর্গ গড়ে তোলা। * চারদিকে সতর্ক নজরদারি ও সতর্ক দৃষ্টি রাখা। * দেশের সর্বত্র ও সমাজের সর্বস্তরের মানুষের মাঝে স্বাধীনতাবিরোধী ও যুদ্ধাপরাধীদের বয়কট করতে জনসংযোগ করা। বিকেল চারটা থেকে প্রজন্ম চত্বরে শুরু হয় সমাবেশ। সাড়ে পাঁচটার দিকে এসব নতুন কর্মসূচির ঘোষণা দেন ব্লগার অ্যান্ড অনলাইন অ্যাকটিভিস্ট নেটওয়ার্কের আহ্বায়ক ইমরান এইচ সরকার। এ সময় তিনি বলেন, শাহবাগের আন্দোলন কোনো রাজনৈতিক দলের মুখাপেক্ষী নয়। এ আন্দোলন জনগণের মুখাপেক্ষী। আন্দোলনে জনতার জয় অনিবার্য বলে মন্তব্য করেন তিনি। এ সময় আন্দোলনের বিভিন্ন দিক তুলে ধরে তিনি বক্তব্য দেন।