‘আওয়ামী লীগ কারও আন্দোলনের হুমকিতে ভয় পায় না। যেকোনো আন্দোলন-সংগ্রাম মোকাবিলা করার সাংগঠনিক শক্তি আওয়ামী লীগের আছে।’বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার আন্দোলনের হুমকি সম্পর্কে প্রথম আলোকে দেওয়া তাত্ক্ষণিক প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের পক্ষ থেকে এসব কথা বলা হয়। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, বেগম খালেদা জিয়া দুবার প্রধানমন্ত্রী ছিলেন। তাঁর কাছ থেকে জাতি দায়িত্বশীল ভূমিকা আশা করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসন্ন ভারত সফরে কী বিষয়ে আলোচনা করবেন, কী চুক্তি হবে সে ব্যাপারে তিনি আগাম কথা বলেন কীভাবে? তিনি বলেন, ভারত জুজুর ভয় দেখিয়ে জনগণকে বিভ্রান্ত করার দিন শেষ হয়ে গেছে। আর আওয়ামী লীগকে আন্দোলনের ভয় দেখিয়ে লাভ নেই। কোনো হুমকিতে আওয়ামী লীগ ভয় পায় না—এটা তাঁকে মনে রাখতে হবে। জনাব হানিফ বলেন, আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়েই আওয়ামী লীগের জন্ম। দেশে কেউ অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করলে জনগণকে নিয়ে তা মোকাবিলা করা হবে।