চট্টগ্রামে বিএনপির তৃণমূল প্রতিনিধি সভা
আন্দোলনের মাধ্যমে সরকার উত্খাতের প্রস্ততি নেওয়ার আহ্বান
বর্তমান সরকারকে গণ-আন্দোলনের মাধ্যমে উত্খাতের আহ্বান জানিয়েছেন বিএনপির নেতারা। এ জন্য তৃণমূল নেতাদের প্রস্তুত থাকতে বলা হয়েছে। আজ মঙ্গলবার চট্টগ্রাম নগরের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত বিএনপির তৃণমূল ইউনিয়ন প্রতিনিধি সভায় দলের বক্তারা এই আহ্বান জানান।তৃণমূল প্রতিনিধি সভায় চট্টগ্রাম বিভাগের ১১টি সাংগঠনিক জেলার চার হাজার ৭০০ জন প্রতিনিধি অংশ নেন। সাংগঠনিক জেলাগুলো হচ্ছে চট্টগ্রাম মহানগর ও উত্তর জেলা, রাঙামাটি, খাগড়াছড়ি, কুমিল্লা ও কুমিল্লা উত্তর, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া। সভায় কেন্দ্রীয় বিএনপির বিপুলসংখ্যক নেতাসহ সাংসদেরা উপস্থিত ছিলেন।দলীয় সূত্র জানায়, বিতর্ক এড়ানোর জন্য বিএনপির সহসভাপতি আবদুল্লাহ আল নোমান ও নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী—দুজনকেই বক্তৃতা করার সুযোগ দেওয়া হয়। গত বছরের ১৬ নভেম্বর দুই পক্ষের সংঘর্ষে নগর বিএনপির সম্মেলন পণ্ড হয়ে যায়। ওই সময় থেকে নোমান ও খসরু বিপরীত মেরুতে অবস্থান নেন।বক্তারা বলেন, এই সরকার গ্যাস, বিদ্যুত্ আর পানি দিতে পারছে না। সর্বস্তরে সন্ত্রাসের বিস্তার ঘটেছে। ছাত্রলীগ ও যুবলীগ এখন নিয়ন্ত্রণহীন। তাই দেশের মানুষ এই সরকারকে আর দেখতে চায় না।আলোচনায় অংশ নিয়ে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদ বলেন, যাঁরা জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক মানেন না, তাঁরা মুক্তিযুদ্ধের পক্ষের লোক নন। শহীদ জিয়াকে স্বাধীনতার ঘোষক বলার জন্য রাষ্ট্রদ্রোহিতার মামলা হলে বর্তমান সরকারের মন্ত্রী এ কে খোন্দকার, সাবেক সেনাপ্রধান শফিউল্লাহ, সাংসদ মেজর (অব.) রফিকুল ইসলাম, ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ও সাবেক রাষ্ট্রপতি রেড্ডির বিরুদ্ধে আগে মামলা হওয়া উচিত।প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খোন্দকার মোশাররফ তারেক রহমানকে ফিরিয়ে আনতে তৃণমূল নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, আপনারা ঐক্যবদ্ধ ছিলেন বলেই এক-এগারোর পর ‘জরুরি’ সরকার সংস্কারবাদী সৃষ্টি করে দলকে বিভক্ত করতে পারেনি।