আন্দোলনের মুখে শ্রমিক নেতাকে থানায় দিল র্যাব
আটকের প্রায় ২৬ ঘণ্টা পর এক শ্রমিক নেতাকে আজ সোমবার রাতে থানায় হস্তান্তর করেছে র্যাব। প্রথমে আটকের কথা স্বীকার না করলেও শ্রমিকদের আন্দালনের মুখে ফেরত দেওয়া হল। ফুলবাড়িয়া বাস টার্মিনাল শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সেলিম চৌধুরীকে আটকের প্রতিবাদে আজ দুপুরে রাজধানীর গুলিস্তান এলাকায় রাস্তা আটকে বিক্ষোভ করেছে ফুলবাড়িয়ার পরিবহন শ্রমিকরা। আর সন্ধ্যা ৬টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত রাজধানীর প্রধান চারটি টার্মিনাল থেকে গাড়ি ছাড়া বন্ধ করে দেয় শ্রমিকেরা। শ্রমিক নেতারা জানান, দিনভর ওই শ্রমিককে কারা ধরেছে তাই খুঁজে পাচ্ছিলেন না তারা। র্যাবের কর্মকর্তারা প্রথমে আটকের বিষয়টি অস্বীকার করেন। গতকাল রোববার সন্ধ্যায় গুলিস্তানের পাশের কাপ্তানবাজার এলাকা থেকে সেলিম চৌধুরীকে র্যাব লেখা গাড়িতে ধরে নিয়ে যাওয়া হয়েছিল বলে তারা জানান। রাতে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার এম সোহায়েল বলেন, র্যাব-৪ সেলিমকে সন্দেহভাজন হিসেবে আটক করে কাফরুল থানায় হস্তান্তর করেছে।এ ঘটনায় আজ দুপুর ১২টা থেকে গুলিস্তান এলাকার রাস্তার ওপর আড়াআড়ি করে কয়েকটি বাস রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি করে শ্রমিকরা। রাস্তায় চলাচল বন্ধ হয়ে যায়। দুপুর দেড়টার দিকে তাঁরা অবরোধ তুলে নেন।ফুলবাড়িয়া বাস টার্মিনাল মালিক সমিতির আহ্বায়ক আবুল মনসুর বলেন, দুপুরে শ্রমিকরা রাস্তা অবরোধ করেছিলেন। প্রশাসনের পক্ষ থেকে সেলিমের মুক্তির আশ্বাস দেওয়া হয়েছিল বলে তিনি শুনেছেন। রাতে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী বলেন, সন্ধ্যা ছয়টা থেকে রাজধানীর গাবতলী, মহাখালী, সায়েদাবাদ, ফুলবাড়িয়া থেকে সব গাড়ি ছাড়া বন্ধ করে দিয়েছে শ্রমিকরা। শ্রমিকদের দাবি সেলিমকে যেভাবে র্যাব লেখা গাড়িতে ধরে নিয়ে গেছে সেভাবে ফিরিয়ে দেওয়া হোক। এখন সরকারের কোন সংস্থা তাঁকে ধরেছে তাতো আমরা জানি না। আমরা শুধু সেলিমকে চাই। সোমবার রাতের মধ্যে সেলিমকে ফিরিয়ে না দেওয়া হলে সারা দেশের গাড়ি বন্ধ করে দেওয়া হবে। শ্রমিকরা এখনতো শুধু টার্মিনালের গাড়ি বন্ধ করেছে। মঙ্গলবার তাঁরা রাস্তাও বন্ধ করে দেবে।রাত পৌনে ১১টার দিকে ওসমান আলী প্রথম আলোকে বলেন, সেলিমকে কাফরুল থানায় হস্তান্তরের খবর শুনে রাত সাড়ে ১০টার দিকে টার্মিনাল থেকে গাড়ি ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল লতিফ প্রথম আলোকে বলেন, রাত সাড়ে ৯টার দিকে সেলিমকে কাফরুল থানায় দিয়ে যায় র্যাব। তবে তাঁর বিরুদ্ধে কোনও মামলা করা হয়নি।এদিকে প্রায় সাড়ে চারঘণ্টা মহাখালী, গাবতলী ও সায়েদাবাদ আন্তঃজেলা টার্মিনাল থেকে দূরপাল্লার বাস বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। তবে পরিবহন সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত দূর পাল্লার গাড়ির ট্রিপ কম। তাই খুব বেশি সমস্যা হবে না, তাঁরা পুষিয়ে নিতে পারবেন।