আন্দোলনের মুখে শ্রমিকনেতাকে থানায় দিল র‌্যাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আটকের প্রায় ২৬ ঘণ্টা পর এক শ্রমিকনেতাকে গতকাল সোমবার রাতে থানায় হস্তান্তর করেছে র‌্যাব। প্রথমে আটকের কথা স্বীকার না করলেও শ্রমিকদের আন্দোলনের মুখে তাঁকে ফেরত দেওয়া হলো। ফুলবাড়িয়া বাস টার্মিনাল শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সেলিম চৌধুরীকে আটকের প্রতিবাদে গতকাল দুপুরে রাজধানীর গুলিস্তান এলাকায় রাস্তা আটকে বিক্ষোভ করেছেন ফুলবাড়িয়ার পরিবহনশ্রমিকেরা। আর সন্ধ্যা ছয়টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত রাজধানীর প্রধান চারটি টার্মিনাল থেকে গাড়ি ছাড়া বন্ধ করে দেন শ্রমিকেরা। শ্রমিকনেতারা জানান, দিনভর ওই শ্রমিককে কারা ধরেছে, তা-ই খুঁজে পাচ্ছিলেন না তাঁরা। র‌্যাবের কর্মকর্তারা প্রথমে আটকের বিষয়টি অস্বীকার করেন। গত রোববার সন্ধ্যায় গুলিস্তানের পাশের কাপ্তানবাজার মুরগিপট্টি এলাকা থেকে সেলিম চৌধুরীকে ‘র‌্যাব’ লেখা গাড়িতে ধরে নিয়ে যাওয়া হয়েছিল বলে তাঁরা জানান। রাতে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার এম সোহায়েল বলেন, র‌্যাব-৪ সেলিমকে সন্দেহভাজন হিসেবে আটক করে কাফরুল থানায় হস্তান্তর করেছে।এ ঘটনায় গতকাল দুপুর ১২টা থেকে গুলিস্তান এলাকার রাস্তার ওপর আড়াআড়ি করে কয়েকটি বাস রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন শ্রমিকেরা। এতে রাস্তায় চলাচল বন্ধ হয়ে যায়। শ্রমিকেরা সেলিমের মুক্তি দাবি করে মিছিল ও সমাবেশ করেন, স্লোগান দেন। দুপুর দেড়টার দিকে তাঁরা অবরোধ তুলে নেন।ফুলবাড়িয়া বাস টার্মিনাল মালিক সমিতির আহ্বায়ক আবুল মনসুর বলেন, দুপুরে শ্রমিকেরা রাস্তা অবরোধ করেছিলেন। প্রশাসনের পক্ষ থেকে সেলিমের মুক্তির আশ্বাস দেওয়া হয়েছিল বলে তিনি শুনেছেন। কিন্তু সন্ধ্যা পর্যন্ত এর কোনো সুরাহা হয়নি।রাতে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী বলেন, সন্ধ্যা ছয়টা থেকে রাজধানীর গাবতলী, মহাখালী, সায়েদাবাদ, ফুলবাড়িয়া থেকে সব গাড়ি ছাড়া বন্ধ করে দিয়েছেন শ্রমিকেরা। শ্রমিকদের দাবি, সেলিমকে যেভাবে র‌্যাব লেখা গাড়িতে ধরে নিয়ে গেছে, সেভাবে ফিরিয়ে দেওয়া হোক। এখন সরকারের কোন সংস্থা তাঁকে ধরেছে, তা তো আমরা জানি না। আমরা শুধু সেলিমকে চাই। সোমবার রাতের মধ্যে সেলিমকে ফিরিয়ে না দেওয়া হলে সারা দেশের গাড়ি বন্ধ করে দেওয়া হবে। শ্রমিকেরা এখন তো শুধু টার্মিনালের গাড়ি বন্ধ করেছেন। মঙ্গলবার তাঁরা রাস্তাও বন্ধ করে দেবেন।রাত পৌনে ১১টার দিকে ওসমান আলী প্রথম আলোকে বলেন, সেলিমকে কাফরুল থানায় হস্তান্তরের খবর শুনে রাত সাড়ে ১০টার দিকে টার্মিনাল থেকে গাড়ি ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল লতিফ প্রথম আলোকে বলেন, রাত সাড়ে নয়টার দিকে সেলিমকে কাফরুল থানায় দিয়ে যায় র‌্যাব। তবে তাঁর বিরুদ্ধে কোনো মামলা করা হয়নি।এদিকে প্রায় সাড়ে চার ঘণ্টা মহাখালী, গাবতলী ও সায়েদাবাদ আন্তজেলা টার্মিনাল থেকে দূরপাল্লার বাস বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়ে যাত্রীরা। তবে পরিবহন সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন, সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত দূরপাল্লার গাড়ির ট্রিপ কম। তাই খুব বেশি সমস্যা হবে না, তাঁরা পুষিয়ে নিতে পারবেন।