আন্দোলনের হুমকি বিএনপি ও জামায়াতের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীসহ বিএনপির নেতা-কর্মীদের জড়িয়ে দেওয়া অভিযোগপত্রকে ষড়যন্ত্রমূলক বলে উল্লেখ করেছে বিএনপি। দলটি এই অভিযোগপত্রের নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানিয়ে তা প্রত্যাহারের দাবি জানিয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল রোববার সংবাদ বিজ্ঞপ্তিতে দলের পক্ষ থেকে এ প্রতিক্রিয়া জানান। যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি বলেন, মামলা প্রত্যাহার না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। এদিকে, বিএনপির নেতাদের নাম মামলায় জড়ানোর প্রতিবাদে গতকাল বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল করেছেন মূল দল এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। মামলায় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদকে আসামি করার প্রতিবাদ জানিয়েছেন দলটির নেতারাও। তাঁরা এর প্রতিবাদে বিকেলে কাকরাইল মোড় থেকে বিক্ষোভ মিছিল করেছেন। সংবাদ বিজ্ঞপ্তিতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করে জনরোষের সম্মুক্ষীণ হওয়ায়, জনগণের দৃষ্টি ভিন্ন খাতে ফেরানোর অপকৌশল হিসেবে তারেক রহমানকে মামলায় জড়ানো হয়েছে। এর মাধ্যমে জিয়া পরিবারকে ধ্বংস করার ষড়যন্ত্র বাস্তবায়ন করতে চায় সরকার। মির্জা ফখরুল বলেন, হারিছ চৌধুরী ও লুৎফুজ্জামানসহ বিএনপির নেতা-কর্মীদের নামে ওই মামলায় অভিযোগপত্র দেওয়া গভীর ষড়যন্ত্রের ধারাবাহিকতামাত্র। জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরসূরি বেগম খালেদা জিয়া ও তারেক রহমানসহ জিয়া পরিবারকে জাতির সামনে হেয় করার চক্রান্তে মরিয়া হয়ে উঠেছে সরকার। তিনি বলেন, অপপ্রচার, কুৎসা, মিথ্যা মামলা ও বিভ্রান্তি ছড়িয়ে নিজেদের দুঃশাসন আড়াল করা যাবে না। কারণ, তাদের দুষ্কর্মের ফলে জনগণ থেকে তারা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। মিছিলে ককটেল বিস্ফোরণ: ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানসহ দলের নেতাদের নাম প্রত্যাহারের দাবিতে গতকাল রোববার বিকেলে বিএনপির মিছিলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মিছিলটি বিজয়নগর সড়ক ধরে এগিয়ে দিগন্ত টেলিভিশনের কার্যালয়ের কাছে পৌঁছালে অজ্ঞাত পরিচয়ধারী ব্যক্তিরা পরপর পাঁচটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এতে সময় টেলিভিশনের ক্যামেরাম্যান মঞ্জুরুল আহত ও ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুজ্জামান পায়ে আঘাত পান। বিএনপির দাবি, ককটেল হামলায় তাদের অন্তত ১৫ জন নেতা-কর্মী আহত হয়েছে। মিছিলে বিএনপির যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান, রুহুল কবির রিজভী, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ ছাত্রদলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। বিএনপির মিছিলে ককটেল নিক্ষেপের সঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু জড়িত বলে অভিযোগ করেছেন মির্জা ফখরুল। গতকাল গুলশানে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। এই ঘটনার প্রতিবাদে বিএনপি সোমবার সারা দেশে বিক্ষোভ মিছিল করবে। জামায়াতের প্রতিবাদ ও মিছিল: পৃথক এক সংবাদ বিবৃতিতে দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম বলেন, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার হীন উদ্দেশ্যেই মুজাহিদকে আসামি করে সম্পূরক অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে। নতুন করে ওই ঘটনার তদন্ত করে সিআইডি যে অভিযোগপত্র জমা দিয়েছে, তা কল্পকাহিনি ছাড়া আর কিছুই নয়।এর প্রতিবাদে দলটি গতকাল বিকেলে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। বিকেল সাড়ে তিনটায় কাকরাইল মোড় থেকে মিছিলটি শুরু হয়ে শান্তিনগর চৌরাস্তায় গিয়ে শেষ হয়।