আন্না হাজারে কারাগারে
ভারতের সমাজকর্মী আন্না হাজারে ও তাঁর ছয় সহযোগীদের আজ মঙ্গলবার নয়াদিল্লির তিহার কারাগারে পাঠানো হয়েছে। তবে আজ রাতেই তাঁকে ছেড়ে দেওয়া হতে পারে বলে দ্য টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে।আন্না হাজারের সঙ্গে তাঁর সহযোগীদের মধ্যে আছেন অরবিন্দ কেজরিওয়াল ও মনোজ সিসোদিয়া। আজ সকালে তাঁদের গ্রেপ্তার করে নয়াদিল্লি পুলিশ।এদিকে দিল্লি পুলিশের মুখপাত্র রাজন ভগত জানিয়েছেন, পুলিশের সাবেক কর্মকর্তা ও সামাজিক আন্দোলনের কর্মী কিরণ বেদি ও শান্তি ভূষণকে আজ বিকেলেই মুক্তি দেওয়া হয়েছে। পুলিশের নির্দেশনা অমান্য করার অপরাধে আজ সকালেই তাঁদের সতর্কতামূলকভাবে আটক করা হয়েছিল।দুর্নীতি প্রতিরোধে কঠোর আইন প্রণয়নে সরকারের ওপর চাপ সৃষ্টি করতে নয়াদিল্লির জেপি পার্কে আজ থেকে হাজারের অনশন শুরুর কথা ছিল। কিন্তু গতকাল সোমবার দিল্লি পুলিশ এ অনশন কর্মসূচি নিষিদ্ধ ঘোষণা করে।খবরে বলা হয়, দিল্লি পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তারা আজ সকালে হাজারের ফ্ল্যাটে যান এবং তাঁকে জানান তিনি বাসভবন ত্যাগ করতে পারবেন না। তবে টেলিভিশন সংবাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, হাজারেকে সাদা পোশাকের পুলিশ একটি সাদা গাড়িতে করে অজ্ঞাত স্থানে নিয়ে গেছে।আন্নার সহকর্মী কিরণ বেদি জানিয়েছেন, আজ সকালে দিল্লি পুলিশ আন্না ও তাঁর বেশ কয়েকজন সমর্থককে আটক করেছে। তবে তাঁদের আন্দোলন অব্যাহত থাকবে।গ্রেপ্তারের আগে আন্না হাজারে জাতির উদ্দেশে আন্দোলন অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন। তবে তিনি বিক্ষোভকারীদের শান্ত থাকার অনুরোধ জানিয়েছেন।এ সময় হাজারের শত শত অনুসারী তাঁর বাসভবনের সামনে জড়ো হন।এর আগে গতকাল সোমবার জেপি পার্ক এলাকা থেকে পুলিশ আন্না হাজারের ৫০ কর্মীকে আটক করে।গতকাল দিল্লির ঐতিহাসিক লালকেল্লায় প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেছিলেন, দুর্নীতি মোকাবিলায় অনশন কোনো কাজে আসবে না। দুর্নীতি রুখতে তাঁর সরকার ‘সম্ভাব্য কঠোরতম’ পদক্ষেপ নিচ্ছে।