আন্না হাজারে দিনব্যাপী অনশন শুরু করেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের যোগগুরু বাবা রামদেবের দুর্নীতিবিরোধী অনশন কর্মসূচি পণ্ড করে দেওয়ার প্রতিবাদে আজ বুধবার নয়াদিল্লির রাজঘাটে দিনব্যাপী অনশন করছেন সমাজকর্মী আন্না হাজারে। তাঁর হাজার হাজার অনুসারীও এ অনশনের সমর্থনে রাজঘাটে জড়ো হয়েছেন। এঁদের মধ্যে ভারতের সুশীল সমাজের সদস্য স্বামী অগ্নিবেশ, কিরন বেদী, অরবিন্দ কেজরিওয়াল উপস্থিত রয়েছেন বলে খবর পাওয়া গেছে। আন্না হাজারের আজকের দিনব্যাপী অনশন কর্মসূচি নির্বিঘ্নে সম্পন্নের জন্য নয়াদিল্লি পুলিশ যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা করেছে।আন্না হাজারে দিল্লির যন্তর মন্তর রোডে এ কর্মসূচি পালনের উদ্যোগ নিয়েছিলেন, তবে পুলিশ অনুমতি না দেওয়ায় তিনি তা রাজঘাটে পালন করছেন।আজ সকাল থেকেই আন্না হাজারের অনুসারীরা রাজঘাটে সমবেত হতে থাকেন। তাঁদের মধ্যে প্রবীণ-যুবা সবই আছেন। তবে তাঁদের মধ্যে মহাত্মা গান্ধীর মতো বেশভূষাধারী এক ব্যক্তি সবার দৃষ্টি আকর্ষণ করেছেন। এ ব্যক্তি গান্ধীর প্রিয় ভজন রঘুপতি রাঘব রাজা নাম পরিবেশন করেন। হাজারের এ কর্মসূচির সঙ্গে সেখানে একটি সর্ব ধর্মীয় প্রার্থনা এবং লোকপাল বিলের ওপর বিতর্কও অনুষ্ঠিত হবে।গত রোববার দিল্লি পুলিশ যোগগুরু বাবা রামদেবের দুর্নীতিবিরোধী আমরণ অনশন কর্মসূচি পণ্ড করে দেয়। সরকারের এ আচরণের প্রতিবাদে আন্না হাজারে দিনব্যাপী অনশনের ডাক দেন বলে দ্য টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে। মানবাধিকার কর্মীরা বলেছেন, শান্তিপূর্ণ কর্মসূচি করতে না দেওয়া সংবিধানে দেওয়া নাগরিকের মৌলিক অধিকারের লঙ্ঘন।গত এপ্রিলে দুর্নীতির বিরুদ্ধে আন্না হাজারে আমরণ অনশন কর্মসূচি শুরু করেছিলেন। সরকার তাঁর দাবি মেনে নেওয়ার ঘোষণা দিলে তিনি তা প্রত্যাহার করেন।