আন্না হাজারে হাসপাতালে
ভারতের দুর্নীতিবিরোধী আন্দোলনকর্মী আন্না হাজারে বক্ষব্যাধিতে আক্রান্ত হয়ে পুনের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন।আজ রোববার আন্না হাজারের এক সহকর্মীর বরাতে টাইমস অব ইন্ডিয়া অনলাইন এ খবর জানিয়েছে।হাসপাতালে চিকিত্সা নেওয়ার পর হাজারের অবস্থার উন্নতি হয়েছে। তিনি আগের চেয়ে ভালো বোধ করছেন।৭৪ বছর বয়সী আন্না হাজারে বেশ কয়েক সপ্তাহ ধরেই অসুস্থ ছিলেন। পরে হাজারের চিকিত্সক কে এইচ সানচেতির পরামর্শে তিনি সানচেতি হাসপাতালে ভর্তি হন।আজ সকালেও আন্না হাজারের পরীক্ষা-নিরীক্ষা করেছেন সানচেতি। তিনি আন্নাকে আরও দু-তিন দিন হাসপাতালে থাকার পরামর্শ দিয়েছেন বলে জানা গেছে।আন্নার চিকিত্সকের সহকারী সূত্রে জানা গেছে, হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরও তাঁকে এক সপ্তাহ থেকে অন্তত ১০ দিন পূর্ণ বিশ্রামে থাকতে হবে। যদিও ধারণা করা হয়েছিল নিউমোনিয়া, কিন্তু এটা মূলত ব্রংকাইটিসের লক্ষণ। তবে ক্রমশ তাঁর অবস্থার উন্নতি হচ্ছে।অসুস্থতার কারণে আন্না হাজারের সব কর্মসূচি বিশেষ করে সোম ও মঙ্গলবারের কর্মসূচি স্থগিত ঘোষণা করেছেন তাঁর সহকর্মীরা। এসব কর্মসূচির দিন-ক্ষণ পরে জানানো হবে বলে জানা গেছে।