আন্নার জয়ে উচ্ছ্বসিত ‘সাধারণ’ ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ পর্যন্ত জয় হলো আন্না হাজারের। আর তাতে ভারতের সাধারণ মানুষ খুশি। জাতীয় পতাকা হাতে নেচে-গেয়ে আনন্দ প্রকাশের মধ্য দিয়ে তারা উদযাপন করল এই বিজয়। মহারাষ্ট্রে আন্নার গ্রাম রালেগাঁও সিদ্ধি থেকে এই উত্সব ছড়িয়ে পড়েছে ভারতজুড়ে।ভারতে ক্রমবর্ধমান দুর্নীতি প্রতিরোধে কঠোর লোকপাল বিল সংসদে পাস করার দাবিতে অনশন করছিলেন প্রবীণ এই গান্ধীবাদী নেতা আন্না হাজারে। ১৩ দিন পর আজ স্থানীয় সময় সকাল ১০টা ২০ মিনিটে এক মুসলমান ও এক দলিত শিশুর হাত থেকে ডাবের পানি পান করে অনশন ভাঙেন তিনি।বার্তা সংস্থাগুলোর খবরে বলা হয়, অনশন ভাঙবেন বলে আন্নার গ্রামের বাড়িতে আজ সকাল থেকেই ছিল লোকজনের ভিড়। তারা এখন ‘নায়কের’ ফিরে আসার অপেক্ষায়। গ্রামের বাসিন্দা ও আন্নার ঘনিষ্ঠ সহযোগী দত্ত আওয়ারি বলেন, ‘আমরা তাঁকে নায়কের মতো স্বাগত জানানোর অপেক্ষায়।’ প্রবল বৃষ্টির মধ্যে বিপুলসংখ্যক মানুষ গান্ধীটুপি পরে ভিড় করে মুম্বাইয়ের আজাদ ময়দানে। প্রত্যেকের উল্লাস বলে দিচ্ছিল আন্না হাজারের এই বিজয়কে সাধারণ মানুষ কীভাবে দেখছে। রাজস্থানের রাজধানী জয়পুরে এ উপলক্ষে মোটরসাইকেল মিছিল বের করা হয়।কলকাতায় আন্নার সমর্থকেরা গান গেয়ে বিজয় মিছিল করেছে। মিছিল থেকে সাধারণ মানুষের হাতে জাতীয় পতাকা তুলে দেয় তারা। ওডিশার বিভিন্ন স্থানে আনন্দ মিছিল হয়েছে। এ ছাড়া ভারতের বিভিন্ন স্থান থেকে সাধারণ ভারতীয়দের আনন্দ প্রকাশের খবর পাওয়া গেছে।আন্নার সমর্থনে সিকিমের কৃষক ইয়ং তেশরিং লেপচা অনশন করছিলেন। সাত দিনে লেপচা ওজন হারিয়েছেন ১৪ কিলোগ্রাম। আন্নার অনশন ভাঙার সঙ্গে সঙ্গে আজ তিনিও অনশন ভাঙেন।উল্লসিত লোকজনের তালিকায় আছেন ক্ষমতাসীন রাজনীতিকেরাও। গুজরাটের কট্টর হিন্দুত্ববাদী মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ, পশ্চিমবঙ্গের সিপিআই(এম) নেতা বিমান বসু—সবাই আছেন। তাঁদেরও অভিমত, এই জয় জনগণের।দুর্নীতিবিরোধী লোকপাল বিল নিয়ে আন্না হাজারের সমর্থকদের সঙ্গে ক্ষমতাসীন কংগ্রেস দলের তীব্র মতপার্থক্য দেখা দেয়। সরকার তার অবস্থানে অনড় থাকায় অনশন শুরু করেন আন্না হাজারে। শেষ পর্যন্ত ভারতের সংসদে তাঁর দাবি মেনে নেওয়া হয়।