আন্নার দাবি মেনে নিল লোকসভা-রাজ্যসভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্না হাজারের প্রস্তাবিত দুর্নীতিবিরোধী লোকপাল বিলের তিনটি প্রস্তাব আজ শনিবার লোকসভা ও রাজ্যসভায় পাস হয়েছে। টাইমস অব ইন্ডিয়ার খবরে এ কথা বলা হয়েছে। এ খবর জানার পর সমাজকর্মী আন্না হাজারে তার সমর্থকদের উদ্দেশ্য বলেছেন, ‘আমরা অর্ধেক জয় পেয়েছি।’ কাল রোববার সকাল ১০ টায় (ভারতীয় সময়) তিনি অনশন ভাঙার ঘোষণা দিয়েছেন।প্রস্তাবিত দুর্নীতিবিরোধী লোকপাল বিল নিয়ে তার অনশনে সমর্থন দেওয়ার দেশবাসীকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। তার প্রস্তাব লোকসভা ও রাজ্যসভায় পাশ করায় আন্না পার্লামেন্ট সদস্যদেরও ধন্যবাদ জানান।এর আগে কেন্দ্রীয় মন্ত্রী বিলাস রাও দেশমুখ কংগ্রেস নেতা পার্লামেন্ট সদস্য সন্দীপ দীক্ষিতকে নিয়ে রাম লীলা ময়দানে যান। বিলাস রাও দেশমুখ লোকপাল বিলের পাশ হওয়া কপি আন্না হাজারের হাতে তুলে দেন। এ সময় প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের একটি চিঠিও তার হাতে দেওয়া হয়। প্রধানমন্ত্রী আন্নাকে ধন্যবাদ জানিয়েছেন।আন্নার শর্ত তিনটি হলো ১. তাঁর দেওয়া লোকপাল বিল নিয়ে সংসদে আলোচনা শুরু করা এবং চলতি অধিবেশনেই তা পাস করা, ২. নাগরিক সনদ (সিটিজেন চার্টার) মান্য করা ও ৩. লোকপালের ক্ষমতাসহ প্রত্যেক রাজ্যে লোকায়ুক্ত (ন্যায়পাল) নিয়োগ করা (যাতে করে নিচুস্তরের সরকারি কর্মচারীদের এর আওতায় আনা যায়)।নয়াদিল্লির রামলীলা ময়দানে টানা ১২ দিন ধরে অনশন করছেন আন্না হাজারে।