আন্নার দেশব্যাপী নাগরিক আন্দোলন
দুর্নীতিবিরোধী সমাজকর্মী আন্না হাজারে নাগরিক আন্দোলন সামনে রেখে ২০১৩ সালের জানুয়ারি মাসে দেশব্যাপী যাত্রা শুরু করবেন। বিহার রাজ্যের রাজধানী পাটনা থেকে শুরু হবে এই যাত্রা। গতকাল বৃহস্পতিবার ‘টাইমস অব ইন্ডিয়া’র খবরে এ কথা জানানো হয়।দুর্নীতিমুক্ত ভারত ও সবার কাছে গ্রহণযোগ্য জন লোকপাল বিলের দাবিতে আন্না শুরু করবেন এই যাত্রা, চলবে ২০১৪ সাল পর্যন্ত। একই বছর ভারতে সাধারণ নির্বাচন হবে।আন্না হাজারের ভাষ্য, যাত্রা শুরু হবে পাটনার গান্ধী ময়দান থেকে। কারণ, লোক নায়েক জয়প্রকাশ নারায়ণ সেখান থেকেই জন-আন্দোলনের যাত্রা শুরু করেছিলেন।হাজারে জানান, ভারতের গ্রাম ও শহরে সব স্তরের মানুষ দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করে যাচ্ছে। তাদের জন্য তিনি কাজ করে যাবেন। তিনি বলেন, সবাই দুর্নীতির বিরুদ্ধে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করতে পারবেন। আরও আগেই ভারত যাত্রা শুরু করতে চেয়েছিলেন আন্না, তবে চোখের অস্ত্রোপচারের কারণে যাত্রার সময় পেছাতে হয়েছে তাঁকে।আন্নার ভাষ্য, তাঁর পরিকল্পনা হচ্ছে, দুই বছরে দুর্নীতিবিরোধী আন্দোলনে ভারতের কোটি কোটি লোকের সমর্থন আদায় করা। দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে তিনি বিভিন্ন সংস্থা ও সমাজকর্মীদের কাজ করার আহ্বান জানান।