আন্নার সমর্থনে ডাব্বাওয়ালারা
ভারতের সমাজকর্মী ও দুর্নীতিবিরোধী আন্দোলনের নেতা আন্না হাজারের কর্মসূচির প্রতি এবার সমর্থন জানালেন মুম্বাইয়ের ডাব্বাওয়ালারা। শুধু সমর্থন জানিয়েই ক্ষান্ত নন তাঁরা। একদিন কর্মবিরতি পালন করবেন প্রায় পাঁচ হাজার ডাব্বাওয়ালা। করবেন শোভাযাত্রাও। ঝড়-বৃষ্টি-দুর্যোগসহ সব বাধা উপেক্ষা করে নির্দিষ্ট গ্রাহকের কাছে তাঁর বাড়ির খাবারটি পৌঁছে দেওয়ার দায়িত্ব দীর্ঘদিন ধরেই পালন করছেন এই ডাব্বাওয়ালারা। ফোর্বস ম্যাগাজিনের তথ্যমতে, একটি কেন্দ্রীয় ব্যবস্থার মাধ্যমে তাঁরা এ কাজটি বেশ সুনিপুণভাবেই করছেন। তাই মিলেছে আন্তর্জাতিক স্বীকৃতিও। বিশেষত, সরবরাহ চেইন ব্যবস্থাপনার জন্য বিশ্বজুড়ে খ্যাতি তাঁদের। সার্ভিস রেটিং বলছে, গ্রাহকসেবার ক্ষেত্রে ডাব্বাওয়ালারা ৯৯.৯৯ শতাংশ যথার্থতা ও নির্ভুলতার প্রমাণ রাখতে সক্ষম হয়েছেন। ২০০৫ সালে প্রিন্স চার্লস-ক্যামেলিয়ার বিয়েতেও তাঁরা দায়িত্ব পালন করেন।গ্রাহকদের প্রতি যাঁরা এতটা নিষ্ঠাবান, ভারতের দুর্নীতিতে তাঁরাও চরম বিরক্ত। প্রতিবাদ জানাতেই প্রথমবারের মতো তাঁরা একদিন গ্রাহকের কাছে খাবার পৌঁছে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ডাব্বাওয়ালা রঘুনাথ মেজ বিবিসিকে বলেন, ‘আমরা আন্না হাজারের দাবির প্রতি অন্তরের অন্তস্থল থেকে সমর্থন জানাচ্ছি।’ তিনি বলেন, ‘একেকজন ডাব্বাওয়ালা প্রতি মাসে আট হাজার রুপি করে আয় করেন। ভারতের অর্থনৈতিক উন্নয়নের পরও আমাদের অবস্থার পরিবর্তন হচ্ছে না। ধনীরা আরও ধনী আর গরিবেরা আরও গরিব হচ্ছেন। সবকিছুই হচ্ছে দুর্নীতির জন্য।’ ডাব্বাওয়ালাদের এ কর্মসূচির কারণে বিপাকে পড়বেন মুম্বাইয়ের প্রায় দুই লাখ মানুষ। কারণ, এই ডাব্বাওয়ালারা বাড়ি থেকে খাবার সংগ্রহ করে অফিস ও কারখানায় কর্মরত এ বিপুলসংখ্যক মানুষের কাছে খাবার পৌঁছে দেন।আন্না হাজারে আজ থেকে নয়াদিল্লির রামলীলা ময়দানে ১৫ দিনের অনশন কর্মসূচিতে বসেছেন। গতকাল ৭৪ বছর বয়সী হাজারের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে চিকিত্সকেরা তাঁকে সুস্থ বলে সনদ দিয়েছেন। সরকারি দুর্নীতির বিরুদ্ধে নজরদারির জন্য প্রক্রিয়াধীন জন লোকপাল বিল আরও কঠোর করার দাবিতে গত মঙ্গলবার আমরণ অনশন কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন আন্না। ওই কর্মসূচি শুরুর কয়েক ঘণ্টা আগে নয়াদিল্লি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আদালতের মাধ্যমে তাঁকে নেওয়া হয় তিহার কারাগারে। পরে কর্তৃপক্ষ তাঁকে মুক্তি দিলেও কারাগার ছাড়তে অস্বীকৃতি জানান তিনি। এরপর অনশন কর্মসূচি চালিয়ে যাওয়ার দাবিতে অনড় থাকলে সরকার ও হাজারের মধ্যে সমঝোতা বৈঠক হয়।