আন্নার সমর্থনে ভারতজুড়ে বিক্ষোভ
তিহার কারাগারের ভেতরেই আমরণ অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন ভারতের সমাজকর্মী আন্না হাজারে। তাঁর অহিংস আন্দোলনের প্রতি সমর্থন জানাতে কারাগারের বাইরে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন হাজার হাজার ভক্ত। বিক্ষোভ ছড়িয়ে পড়েছে গোটা ভারতে।‘সরকারের ওপর কোনো আস্থা নেই আমাদের। আমাদের গণতন্ত্র আছে। কিন্তু এ গণতন্ত্র শুধুই কাগজে-কলমে’—বলছিলেন বিক্ষোভে অংশ নেওয়া দিল্লির গুরগাঁওয়ের তরুণ সফটওয়্যার প্রকৌশলী সুজিত।আসামে হাজার হাজার কৃষক, শিক্ষার্থী, আইনজীবী পদযাত্রায় অংশ নিয়েছেন। ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে বিক্ষোভ করেন প্রায় ৫০০ আন্না-ভক্ত। আন্নার আন্দোলনে ছাত্রদের যোগ দেওয়ার আহ্বান জানিয়ে ২১ বছর বয়সী রাহুল বলছিলেন, ‘পাসপোর্ট করার সময় আমাকে ঘুষ দিতে বাধ্য করা হয়েছিল। আমি তখন খুবই অসহায়বোধ করেছিলাম। আমাদের ভবিষ্যেক দুর্নীতিমুক্ত করতে আন্নার আন্দোলনে ছাত্রদের যোগ দেওয়ার এখনই সময়।’মহাত্মা গান্ধীর অনুসারী আন্না হাজারে। এ কারণে তুমুল বিক্রি হচ্ছে আন্নার ছবি আঁঁকা টি-শার্ট। শার্টের গায়ে লেখা, ‘আমি আন্না।’ কোনো শার্টের গায়ে লেখা, ‘আমি আন্নাকে ভালোবাসি।’ কোনোটাতে লেখা, ‘আমি আন্নাকে সমর্থন করি।’ সঙ্গে গান্ধী-টুপি।৭৪ বছর বয়সী আন্নাকে গ্রেপ্তার করে উল্টো বিপাকে পড়েছে ভারত সরকার। দেশজুড়ে তীব্র বিক্ষোভের জের ধরে শর্ত সাপেক্ষে সরকার তাঁকে কারাগার থেকে মুক্তির সিদ্ধান্ত নিলেও তিনি তা নাকচ করে কারাগারেই অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।গতকাল মঙ্গলবার সকালে দিল্লি পুলিশ আন্না হাজারেকে গ্রেপ্তার করে। দুর্নীতি প্রতিরোধে কঠোর আইন প্রণয়নে সরকারের ওপর চাপ সৃষ্টি করতে নয়াদিল্লির জেপি পার্কে গতকাল থেকে হাজারের অনশন শুরুর কথা ছিল। কিন্তু সোমবার দিল্লি পুলিশ এ কর্মসূচি নিষিদ্ধ ঘোষণা করে। ওয়েবসাইট।