আপত্তি জানাতে গিয়ে লাঞ্ছিত করলেন নিরাপত্তাকর্মীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশন আজ মঙ্গলবার ষোলশহর ২ নম্বর গেটের কবরস্থানের পাশ থেকে ছয়টি অবৈধ বিলবোর্ড অপসারণ করেছে। এর কয়েক ঘণ্টা পর বিকেলে চট্টগ্রাম আউটডোর অ্যাডভারটাইজিং ওনার্স অ্যাসোসিয়েশনের নেতারা এ ব্যাপারে আপত্তি জানাতে সিটি করপোরেশনে যান। মেয়র মোহাম্মদ মনজুর আলমের কক্ষে প্রবেশে তাঁদের বাধা দিলে তাঁরা দুই নিরাপত্তাকর্মীকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।জানা যায়, আউটডোর অ্যাডভারটাইজিং ওনার্স অ্যাসোসিয়েশনের প্রধান দুই নেতা যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত। এঁদের মধ্যে ফরিদউদ্দিন মাহমুদ মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবং মহিউদ্দিন বাচ্চু যুগ্ম সম্পাদক।সিটি করপোরেশনের সূত্রে জানা যায়, বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে চট্টগ্রাম নগরের সৌন্দর্য বাড়াতে সিটি করপোরেশন অবৈধ ও যত্রতত্র বসানো বিলবোর্ড অপসারণের সিদ্ধান্ত নেয়। এ ধরনের বিলবোর্ড সরানোর জন্য গণবিজ্ঞপ্তি এবং সংবাদপত্রে বিজ্ঞপ্তিও দেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী আজ দুপুরের পর সিটি করপোরেশনের ম্যাজিস্ট্রেট শেখ সালেহ আহমদের নেতৃত্বে একদল কর্মকর্তা-কর্মচারী ষোলশহরের কবরস্থানের পাশের ছয়টি অবৈধ বিলবোর্ড অপসারণ করে চলে আসেন। বিকেলে ফরিদউদ্দিন ও মহিউদ্দিনসহ ৩০-৩৫ জন সিটি করপোরেশনে আসেন। তাঁদের মধ্যে ফরিদ, মহিউদ্দিনসহ ছয়-সাতজন হইচই করতে করতে মেয়রের কক্ষে ঢুকতে চান। এতে বাধা দিলে তাঁরা দুই নিরাপত্তাকর্মী আবদুল লতিফ ও মো. রাকিবকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন এবং মেয়রের কক্ষে ঢোকেন। তাঁদের সঙ্গে আসা অন্যরা নিচে ও দোতলায় ছিলেন।সূত্র জানায়, ওনার্স অ্যাসোসিয়েশনের নেতারা নোটিশ না দিয়ে বিলবোর্ড অপসারণ করায় মেয়রের কাছে প্রতিবাদ জানান। এ সময় মেয়র মনজুর আলম বিলবোর্ড ব্যবসায় বিভিন্ন অনিয়মের বিষয় তুলে ধরে বলেন, অবৈধ বিলবোর্ড অপসারণের জন্য গণবিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এক হাজার ৭৬৪টি বৈধ বিলবোর্ড ছাড়া বাকি সব বিলবোর্ড অপসারণ করা হবে। তিনিই ম্যাজিস্ট্রেট পাঠিয়েছেন। এ সময় অ্যাসোসিয়েশনের নেতারা বিভিন্ন দাবি জানালে মেয়র বলেন, সবকিছু নিয়ম মেনেই করা হবে। সাত-আট দিনের মধ্যে এ ব্যাপারে একটি উপায় খুঁজে বের করা হবে।জানা যায়, অ্যাসোসিয়েশনের নেতারা যখন মেয়রের সঙ্গে কথা বলছিলেন তখন তাঁদের সঙ্গে আসা কয়েকজন তৃতীয় তলায় গিয়ে ম্যাজিস্ট্রেট সালেহ আহমদের চেয়ার উল্টে দেন।খবর পেয়ে প্রায় দেড় ঘণ্টা পর ছাত্রদল মিছিল নিয়ে নগর ভবনের সামনে যায়। মহানগর ছাত্রদলের সহসভাপতি শাহেদ আকবরের নেতৃত্বে কয়েকজন মেয়রের কার্যালয়ের উদ্দেশ্যে যান। এ সময় অ্যাসোসিয়েশনের নেতারা মেয়রের কক্ষ থেকে বের হচ্ছিলেন। কিন্তু কলাপসিবল গেট বন্ধ থাকায় দুই পক্ষ গেটের দুই পাশে দাঁড়িয়ে পরস্পরকে গালাগাল করেন। পরে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন দুই পক্ষকেই নগর ভবন থেকে বের করে দেন। বিকেল সোয়া পাঁচটায় অতিরিক্ত পুলিশ, কয়েকজন ওয়ার্ড কাউন্সিলর ও ছাত্রদলের নেতা-কর্মীদের সঙ্গে মেয়র মন্জুর নগর ভবন ত্যাগ করেন।ঘটনা সম্পর্কে ফরিদউদ্দিন মাহমুদ বলেন, ‘মেয়রকে ফুল দিতে গেলেওতো ধাক্কাধাক্কিতে ফুলের টব ভাঙে। এটাও এ ধরনের একটি ঘটনা।’মেয়র মনজুর আলম প্রথম আলোকে বলেন, ম্যাজিস্ট্রেট অবৈধ কিছু বিলবোর্ড অপসারণ করেন। তারা (অ্যাসোসিয়েশন) এতে আপত্তি জানাতে এসেছে। নিরাপত্তাকর্মীদের লাঞ্ছিত করা প্রসঙ্গে তিনি বলেন, ‘বিষয়টি খুব দুঃখজনক। আমি তাঁদের কাছ থেকে এ ধরনের আচরণ আশা করিনি। সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমি এ ঘটনার বিচার দাবি করছি।’ চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বলেছেন, অতীতে দুর্নীতির সুযোগ নিয়ে যুবলীগের নেতারা চট্টগ্রামে অবৈধভাবে বিলবোর্ড ব্যবসা করে আসছে। এসব অবৈধ ব্যবসায়ীদের সিটি করপোরেশনের বাইরে রাখতে মেয়রের বাধ্যবাধকতা রয়েছে।