সরকারের মেয়াদ আছে আর দেড় বছরেরও কম। কিন্তু এখন পর্যন্ত জাতিসংঘের নারীর প্রতি সব ধরনের বৈষম্য বিলোপ সনদ বা সিডও সনদের গুরুত্বপূর্ণ দুটি ধারা থেকে আপত্তি তুলে নেওয়ার ব্যাপারে কার্যত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।এদিকে সিডও কমিটি সরকারকে ২০১৩ সালে সিডও বাস্তবায়নের অগ্রগতি জানিয়ে একটি সহযোগী বা মধ্যবর্তী মূল্যায়ন প্রতিবেদন জমা দিতে বলেছে।মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী প্রথম আলোকে বলেন, সনদের সংরক্ষিত দুটি ধারা থেকে আপত্তি তুলে নেওয়ার বিষয়ে সরকার চেষ্টা করছে। তবে এখনো এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি।তবে নারী ও মানবাধিকার আন্দোলনের কর্মীরা বলছেন, সবার প্রত্যাশা ছিল বর্তমান সরকারের আমলেই এ বিষয়টির সুরাহা হবে। তবে এ সরকারও ভোটের রাজনীতির কথা চিন্তা করে এ ধরনের পদক্ষেপ নিচ্ছে না। অথচ সরকার নির্বাচনী অঙ্গীকারে এ ধরনের উদ্যোগ নেবে বলেই ইঙ্গিত দিয়েছিল। পরবর্তী সময়ে অন্য দলের সরকার গঠিত হলে আপত্তি তোলার বিষয়টি আবার হিমাগারে চলে যাবে বলেও তাঁরা উদ্বেগ প্রকাশ করেছেন।১৯৭৯ সালের ১৮ ডিসেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদ সিডও সনদটি গ্রহণ করে। ১৯৮১ সালের ৩ সেপ্টেম্বর থেকে সনদটি কার্যকর হয়। ১৯৮৪ সালের ৬ নভেম্বর বাংলাদেশ সরকার সিডও অনুমোদন করে। অনুমোদনকালে ২, ১৩ (ক) এবং ১৬.১ (গ) ও (চ) ধারাগুলো আপত্তিসহ স্বাক্ষর করে। পরে অন্য আপত্তিগুলো তুলে নিলেও ধারা ২ এবং ১৬.১ (গ) থেকে আপত্তি তোলেনি। অনুমোদনের পর দুই যুগ পেরিয়ে গেলেও সরকার সনদের এই দুটি ধারার সঙ্গে শরিয়া আইনের কোনো বিরোধ আছে কি না তা যাচাই করেই চলছে।মানবাধিকারকর্মী হামিদা হোসেন প্রথম আলোকে বলেন, সরকার কোনো ধরনের যুক্তি ছাড়াই সিডও সনদের আপত্তি তুলে নিচ্ছে না। এখন সরকার নির্বাচন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। তাই সনদের ধারা থেকে সরকার আসলেই আপত্তি তুলে নেবে কি না তা নিয়েও সংশয় প্রকাশ করেন তিনি। ধারা দুটিতে যা আছে: সিডও সনদের ২ নম্বর ধারায় বলা আছে, নারীর প্রতি সব ধরনের বৈষম্য নিরসনে শরিক দেশগুলো আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেবে এবং আইনের সংস্কার করবে। ১৬.১(গ) ধারায় বিবাহ এবং বিবাহবিচ্ছেদের ক্ষেত্রে নারী-পুরুষের সমান অধিকার ও দায়িত্বের কথা বলা হয়েছে। বিশেষজ্ঞরা মনে করেন, সংবিধানে নারী-পুরুষের সমতার কথা বলা আছে। এ ধারাগুলো দেশের সংবিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।সিডও সনদে ক্রমাগত পর্যবেক্ষণের ব্যবস্থা রাখা হয়েছে। প্রতি চার বছর পর পর সিডও কমিটির কাছে প্রতিবেদন দিতে হয়। ১৯৮৬ সালে বাংলাদেশ প্রাথমিক প্রতিবেদন দেয়। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ২০০৯ সালের ডিসেম্বরে একসঙ্গে ষষ্ঠ এবং সপ্তম প্রতিবেদন জমা দেয়। কমিটি এ প্রতিবেদন বিবেচনায় নেয় এবং ২০১১ সালের ২৫ জানুয়ারি জেনেভায় সিডও কমিটির কাছে জবাবদিহি করে সরকার। গতানুগতিক ধারায় জবাবদিহির সময় মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরীও বলে এসেছেন, আপত্তি তুলে নেওয়ার ব্যাপারে সরকার আন্তরিক।বছরটির ফেব্রুয়ারি মাসে সিডও কমিটিও প্রতিবারের মতো সমাপনী মন্তব্যে আপত্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করে। সনদের অন্য সব ধারা বাস্তবায়নের মূলেই রয়েছে এই ধারাগুলো। কমিটি বলছে, এই দুটি ধারায় আপত্তি চলে না। কমিটি আপত্তি বা সংরক্ষণ একটা নির্দিষ্ট সময়সীমার মধ্যে তুলে নেওয়ারও তাগিদ দিয়েছে।বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু প্রথম আলোকে বলেন, প্রতিটি সরকারই আপত্তি তোলার বিষয়টি প্রক্রিয়াধীন বলে আসছে। শুধু বিবেচনা বা প্রক্রিয়াধীন না বলে সরকার কত দিনের মধ্যে বিষয়টির সুরাহা করবে তা নির্দিষ্ট করে বলতে হবে।সিডও বাস্তবায়নের অগ্রগতি জানিয়ে সিডও কমিটি সরকারকে আগামী বছর একটি সহযোগী বা মধ্যবর্তী মূল্যায়ন প্রতিবেদন জমা দিতে বলেছে। এ প্রসঙ্গে সিডও কমিটিতে এশিয়া থেকে প্রথম নির্বাচিত নারী চেয়ারপারসন এবং তিনবার অর্থাৎ ১২ বছর সদস্য হিসেবে দায়িত্ব পালন করা সালমা খান প্রথম আলোকে বলেন, সিডও কমিটি সাধারণত গুরুত্বপূর্ণ কারণ ছাড়া কোনো দেশকে সহযোগী বা মধ্যবর্তী মূল্যায়ন প্রতিবেদন দিতে বলে না। বাংলাদেশে যে সরকারই আসে, সে সরকারই সনদের দুটি গুরুত্বপূর্ণ ধারা থেকে আপত্তি তুলে নেওয়ার বিষয়ে অঙ্গীকার করে আসে। কিন্তু এ পর্যন্ত কোনো সরকারই সে অঙ্গীকার বাস্তবায়ন করেনি। এ কারণেই কমিটি এ প্রতিবেদন দিতে বলেছে বলে মনে হচ্ছে।সালমা খান বলেন, ‘আমি আশা করছি, বর্তমান সরকারই এ আপত্তি তুলে নেবে। এতে করে আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে।’২০১০ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় মহিলা ও শিশু উন্নয়ন পরিষদের সভায় সংরক্ষিত দুটি ধারা থেকে আপত্তি প্রত্যাহারে অন্যান্য দেশের অভিজ্ঞতার আলোকে তা পর্যালোচনার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ৪২টি বেসরকারি মানবাধিকার ও উন্নয়ন সংগঠনের জাতীয় মোর্চা সিটিজেন ইনিশিয়েটিভ অন সিডও, বাংলাদেশের সমন্বয়ক রঞ্জন কর্মকার বলেন, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় সিডও বিষয়ে সভা, সেমিনারের আয়োজন করলেও সরকার কার্যত কোনো উদ্যোগ নিয়েছে তার নজির নেই। সিডও থেকে আপত্তি তুলে নিতে বর্তমান সরকারকে রাজনৈতিক ঝুঁকি নিয়ে উদ্যোগ নিতেই হবে। অন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে মতৈক্য গড়ে তোলা এবং সিডও সনদ নিয়ে ব্যাপক জনমত গড়ে তোলাও জরুরি।