আপত্তি সত্ত্বেও ৩২ বছরের পুরোনো এজেন্ট নিয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অডিট আপত্তি সত্ত্বেও ওমানে জেনারেল সেলস এজেন্ট (জিএসএ) নিয়োগ এবং এয়ার আটলান্টার ৭৪৭-৪০০ উড়োজাহাজ ইজারা নেওয়ার ক্ষেত্রে দুর্নীতির সন্ধান পেয়েছে বিমান মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। এ বিষয়ে বাংলাদেশ বিমানের কাছে জবাব চেয়েছে সংসদীয় স্থায়ী কমিটি।আজ রোববার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই তথ্য জানানো হয়। আগামী ১৪ মার্চ কমিটির অনুষ্ঠিতব্য বৈঠকে বিমানকে এ বিষয়ে প্রতিবেদন দেওয়ার জন্য বলা হয়েছে। বৈঠক শেষে কমিটির সভাপতি মোশাররফ হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।গত বছরের ৮ সেপ্টেম্বর সংসদীয় স্থায়ী কমিটির ২৮তম বৈঠকে ওমানে সেলস এজেন্ট নিয়োগ এবং এয়ার আটলান্টার বিমান ইজারা-সংক্রান্ত অনিয়ম তদন্তে একটি উপকমিটি গঠন করা হয়। হুইপ মো. মুজিবুল হককে আহ্বায়ক করে গঠিত তিন সদস্যের এই কমিটির অন্য সদস্যরা হলেন শফিকুর রহমান ও সৈয়দ মহসীন আলী। আজকের বৈঠকে উপকমিটির প্রতিবেদন নিয়ে আলোচনা হয়।কমিটির সভাপতি জানান, এয়ার আটলান্টার এয়ারক্র্যাফট ইজারা নেওয়ার ক্ষেত্রে সংসদীয় উপকমিটি অনিয়মের সন্ধান পেয়েছে। অন্য প্রতিষ্ঠানের চেয়ে ৫০০ ডলার বেশি দিয়ে উড়োজাহাজ কেনা হয়েছে।মোশাররফ হোসেন বলেন, একই প্রতিষ্ঠানের কাছ থেকে এর আগে দুটি উড়োজাহাজ ইজারা নেওয়ার চুক্তি হয়েছিল। কিন্তু তারা মাত্র একটি সরবরাহ করতে পেরেছিল। এর পরও কেন সেই প্রতিষ্ঠানের বিমান ইজারা নেওয়া হলো, সে বিষয়ে কমিটি বিমানের কাছে জানতে চেয়েছে।সেলস এজেন্ট নিয়োগ-সংক্রান্ত বিষয়ে মোশাররফ হোসেন বলেন, অডিট আপত্তি, ওমানে কর্মরত প্রবাসী ও এজেন্টদের লিখিত অভিযোগ, বাংলাদেশ দূতাবাসের আপত্তি এবং সংসদীয় কমিটির সুপারিশ উপেক্ষা করে বিমান কর্তৃপক্ষ ওমানে ৩২ বছরের পুরোনো জেনারেল সেলস এজেন্টকে আরও তিন বছরের জন্য নিয়োগ দিয়েছে। এখানেও অনিয়মের সন্ধান পেয়েছে।বৈঠকে বিমানমন্ত্রী ফারুক খান জানিয়েছেন, কমিটির আগামী বৈঠকে বিমানের প্রতিবেদনে সংসদীয় কমিটি সন্তুষ্ট না হলে বিষয়টি তদন্তের জন্য দুদকে পাঠানো হবে।