আপত্তিকর মন্তব্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে ব্লগ ও সামাজিক যোগাযোগের মাধ্যমে আপত্তিকর মন্তব্য প্রদানকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে দেশের ৪৮টি ব্লগ তদারক করতে বিটিআরসিকে অনুরোধ করা হয়েছে।ব্লগ ও সামাজিক যোগাযোগের মাধ্যমে মহানবী হজরত মুহম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করা ব্যক্তিদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনতে গঠিত উচ্চপর্যায়ের তদন্ত কমিটি আজ বুধবার সচিবালয়ে প্রথম বৈঠক করেছে। বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাইন উদ্দিন খন্দকার নয় সদস্যের এ কমিটির প্রধান।এ ছাড়া ব্লগ ও সামাজিক যোগাযোগের মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার ব্যাপারে অভিযোগ প্রদানের জন্য একটি ওয়েবসাইট খোলার সিদ্ধান্ত হয়েছে। সংশ্লিষ্ট বিষয়ে ৩১ মার্চ ইসলামি চিন্তাবিদদের সঙ্গে আলোচনা করবে কমিটি।