আপন আলোয় উজ্জ্বল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেসি-রোনালদোদের লা লিগায় খেলেও তাঁদের ছায়ায় ঢাকা পড়েননি রাদামেল ফ্যালকাও। অ্যাটলেটিকো মাদ্রিদের কলম্বিয়ান এই স্ট্রাইকারকে নিয়ে লিখেছেন মোসতাকিম হোসেনকলম্বিয়ায় জন্ম নেওয়া রাদামেল ফ্যালকাওয়ের রক্তেই বুঝি মিশে ছিল ফুটবল। বাবা রাদামেল গার্সিয়া কিং ছিলেন ডিফেন্ডার। আশির দশকে কলম্বিয়ার পেশাদার লিগে খেলা বাবা অবশ্য ফুটবলার হিসেবে খুব বেশি নাম কিনতে পারেননি। আর পারেননি বলেই ছেলেকে দিয়ে নিজের অধরা স্বপ্ন পূরণের একটা বাসনা ছিল তাঁর। ছেলের ‘ফ্যালকাও’ নামটা তাঁরই দেওয়া; ব্রাজিলের বিখ্যাত ফুটবলার পাওলো রবার্তো ফ্যালকাওয়ের নামানুসারে। তবে ডিফেন্ডার নয়, ফ্যালকাও হয়ে উঠলেন স্ট্রাইকার। গোল করার ঈশ্বরপ্রদত্ত প্রতিভা নিয়েই যে জন্ম তাঁর!ফুটবলের হালহকিকত যাঁরা জানেন, তাঁদের কাছে ফ্যালকাও ঈশ্বরপ্রদত্ত প্রতিভাই। যে লা লিগা মানে রিয়াল-বার্সার লড়াই, লিওনেল মেসি-ক্রিস্টিয়ানো রোনালদোর ব্যক্তিদ্বৈরথ, সেই লিগে খেলেও আপন মহিমায় উদ্ভাসিত ফ্যালকাও। তাঁর নৈপুণ্যেই চলতি লিগে শীর্ষে থাকা বার্সার সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে চলেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। এ রিপোর্ট লেখা পর্যন্ত সাত ম্যাচ শেষে মেসির দলের পয়েন্ট ১৯। অ্যাটলেটিকো মাদ্রিদেরও ১৯। লিগে মেসি ও রোনালদো গোল করেছেন ৮টি করে। সমান ৮ গোল রাদামেল ফ্যালকাওয়েরও। লিগের সঙ্গে চেলসির বিপক্ষে উয়েফা সুপার কাপটিও জুড়ে দিলে মৌসুমের শুরুতেই তাঁর একডজন গোল। স্প্যানিশ দৈনিক মার্কা এক হিসাব কষে দেখাচ্ছে, ৫৫১ মিনিটে ফ্যালকাও গোল করেছেন ১২টি। অর্থাৎ গড়ে প্রতি ৪৫ মিনিটে একটি করে গোল তাঁর। গোলমেশিন! শোনা যাচ্ছে, সামনের গ্রীষ্মকালীন দলবদলে কলম্বিয়ান এই স্ট্রাইকারকে দলে টানতে চেলসি নাকি ৪৮ মিলিয়ন পাউন্ডও খরচ করতে রাজি! টাকার বস্তা নিয়ে নাকি ইংলিশ প্রিমিয়ার লিগের আরেক দল ম্যানচেস্টার সিটিও ওত পেতে আছে। রিয়াল মাদ্রিদও হতে পারে তাঁর নতুন ঠিকানা। ফ্যালকাওয়ের বাবার অন্তত সে রকমই ইঙ্গিত।বাবার মতো ফ্যালকাও কৈশোরে বড় ফুটবলার হওয়ার স্বপ্ন দেখতেন, সেই ১৪ বছর বয়সে কলম্বিয়ার ফুটবল স্কুল ‘ফেয়ার প্লে’তে ভর্তি হওয়া ফ্যালকাওয়ের। কিছুদিন খেলেছেন বোগোটার ক্লাব দেপোর্তিভো লস মিলোনারিওসের বয়সভিত্তিক দলে। এক বছর পরই ডাক পান কলম্বিয়ার অনূর্ধ্ব-১৭ দলে। এই দলে খেলার সময় রিভার প্লেটের স্কাউটের নজরে পড়েন ১৫ বছরের ফ্যালকাও। এরপর অংশ হয়ে যান রিভার প্লেট যুব প্রকল্পের। পেশাদার ক্যারিয়ারের শুরু এই ক্লাবেই। মাত্র ১৯ বছর বয়সে অভিষেকের প্রথম সাত ম্যাচেই করেন ৭ গোল। কিন্তু বিধি বাম, তাঁর এই দুরন্ত উত্থানে বাগড়া দিয়ে বসে চোট। লিগামেন্টের সমস্যায় পুরো ২০০৬ সালই মাঠের বাইরে কাটাতে হয় তাঁকে। ফিরতে ফিরতে পেরিয়ে যায় ২০০৭ সালের অনেকটা সময়ও।লম্বা বিরতি দিয়ে যখন মাঠে ফিরলেন ফ্যালকাও, যেন গোল করতেই ভুলে গেছেন। ২৫ ম্যাচ খেলে করলেন ৩ গোল। তবে জাত স্ট্রাইকারদের ফর্মে ফেরাটা যে সময়ের ব্যাপার, সেটা তিনি প্রমাণ করলেন ২০০৭ কোপা সুদামেরিকানায় বোটাফোগোর বিপক্ষে। করলেন হ্যাটট্রিক। সেবার সাংবাদিকদের ভোটে দক্ষিণ আমেরিকার বর্ষসেরা একাদশেও ঠাঁই হয় তাঁর। আর দক্ষিণ আমেরিকান বর্ষসেরা খেলোয়াড়দের তালিকায় ছিলেন পঞ্চম। তখন থেকেই তাঁর ওপর চোখ পড়ে ইউরোপীয় ক্লাবগুলোর। তবে শেষ হাসিটা হাসে এফসি পোর্তো। ২০০৯ সালে তাঁকে দলে টানে ক্লাবটি। প্রথম মৌসুমেই বাজিমাত, ২৫ গোল নিয়ে হন পর্তুগিজ লিগের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা। সেই মৌসুমে সব মিলিয়ে করেন ৩৪ গোল। তবে ফ্যালকাও-রূপকথার শুরু আরও পরে।সেবার চ্যাম্পিয়নস লিগে খেলার টিকিট পায়নি পোর্তো। ইউরোপা লিগই ছিল ভরসা। সেখানেই র‌্যাপিড ভিয়েনার বিপক্ষে হ্যাটট্রিক করেন ফ্যালকাও। আন্দ্রে ভিলাস-বোয়াস পোর্তোকে তো ঘরোয়া লিগ জিতিয়েছিলেনই, এনে দেন ইউরোপা লিগের শিরোপাও। আর তাতে ফ্যালকাওয়ের অবদানই ছিল সবচেয়ে বেশি। ইউরোপা লিগে তাঁর ১৭ গোল যেকোনো ইউরোপিয়ান প্রতিযোগিতায় সর্বোচ্চ গোলের রেকর্ড। এর পরই মূলত পাদপ্রদীপের আলোয় চলে আসেন ফ্যালকাও।দলবদলের বাজারে ফ্যালকাওয়ের চাহিদা তখন তুঙ্গে। অনেক দলকেই টেক্কা দিয়ে অ্যাটলেটিকো মাদ্রিদ ‘কবজা’ করে এই স্ট্রাইকারকে। তাঁকে কিনতে অ্যাটলেটিকোকে খরচ করতে হয় ৪৭ মিলিয়ন ইউরো। এত বেশি দাম দেখে অনেকের চোখ সেদিন কপালে উঠে গিয়েছিল; কিন্তু ফ্যালকাও যেন পণ করেছিলেন, নিজেকে অন্য উচ্চতায় নিয়ে যাবেনই। মেসি-রোনালদো দ্যুতিতে বাকিরা স্রেফ ম্রিয়মাণ, এর মধ্যেই নিজেকে আলাদা করে চেনাতে থাকলেন। লা লিগাতেও গোলের তুবড়ি ছোটালেন, আর ইউরোপা লিগের সঙ্গে যেন ছিল অন্য রকম এক মিতালি। অ্যাটলেটিকো মাদ্রিদকে নিয়ে ইউরোপা লিগ জিতে হলেন টানা দুবার এই শিরোপা জেতা প্রথম খেলোয়াড়।আগের মৌসুম যেখান থেকে শেষ করেছিলেন, নতুন মৌসুমের শুরুটাও সেখান থেকেই করলেন। চেলসির বিপক্ষে উয়েফা সুপার কাপের ম্যাচের আগে চলছিল জল্পনা-কল্পনা, দুর্দান্ত একটা ম্যাচই বোধ হয় হতে যাচ্ছে। ম্যাচটা দুর্দান্তই হলো, তবে সেটা শুধু ফ্যালকাওয়ের জন্য। ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের নাস্তানাবুদ করে করলেন অসাধারণ এক হ্যাটট্রিক। আর যেমন-তেমন নয়, প্রতিটি গোল যেন জাত স্ট্রাইকারদের লক্ষণাক্রান্ত। ফ্যালকাও-ঝড়ে বিধ্বস্ত চেলসি হারে ৪-১ গোলে। লিগেও অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে করেন হ্যাটট্রিক। মেসি-রোনালদোদের নাম মনে রেখেও অনেক ফুটবলবোদ্ধা এখন একবাক্যে রায় দিচ্ছেন, ফ্যালকাও-ই এই মুহূর্তে বিশ্বের ভয়ংকরতম স্ট্রাইকার। কিন্তু কী কারণে বাকিদের চেয়ে তিনি এগিয়ে? বক্সের ভেতর তাঁর চিতার মতো ক্ষিপ্রগতি। শারীরিকভাবে দানবীয় না হয়েও বাতাসে দুর্দান্ত তিনি। সবচেয়ে বড় কথা, গোল করার মজ্জাগত ক্ষমতা তাঁর আছে। নিজেও আদর্শ মানেন তাঁর মতোই আরেকজন দুর্দান্ত স্ট্রাইকার ফিলিপ্পো ইনজাগিকে। মার্কার এক জরিপে স্পেনের ৮০ শতাংশ সাংবাদিকই তাঁকে এই মুহূর্তের সেরা স্ট্রাইকার হিসেবে রায় দিয়েছেন। তাই তাঁকে ঘিরে সামনে জানুয়ারির দলবদলের মৌসুমে কাঁড়ি কাঁড়ি টাকা নিয়ে পিএসজি, ম্যানচেস্টার সিটির মতো দলগুলোও যে ছোঁক ছোঁক করবে, সে অনুমান করাই যায়।সোনালি ঝাঁকড়া চুলের কার্লোস ভালদেরামা ফ্যালকাওয়ের স্বদেশি। দুজনের মধ্যে অবশ্য মিলের চেয়ে অমিলই বেশি। ভালদেরামা পছন্দ করতেন গোল করাতে, আর ফ্যালকাওয়ের জন্মই তো গোল করার জন্য। কলম্বিয়ার সোনালি প্রজন্মের প্রতিনিধি ভালদেরামার পর বিশ্বকাপ হয়ে আছে তাদের জন্য মরীচিকাই। ফ্যালকাও কি পারবেন সেই সোনালি সময় আবার ফিরিয়ে আনতে?তাঁদের চোখে ফ্যালকাওখেলোয়াড় হিসেবে তার যেসব গুণ আছে, সেটা দলের হয়ে সে তা দেখিয়েছেপেপ গার্দিওলা, বার্সেলোনার সাবেক কোচফ্যালকাওয়ের সঙ্গে খেলতে পারলে খুশি হতাম। বড় মাপের খেলোয়াড় ওলিওনেল মেসি, বার্সেলোনার প্লে-মেকারএই মুহূর্তে মেসি, রোনালদোর মতোই মনে হয় তাকেবার্নড সুস্টার, রিয়ালের সাবেক কোচ