আপন ঠিকানা খুঁজে পেল খাঁচার এক হাজার পাখি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কাঁটাবন মার্কেটে অভিযান চালিয়ে অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে খাঁচায় রাখা প্রায় এক হাজার পাখি উদ্ধার করেছে বন বিভাগের বন্য প্রাণী সার্কেল।আজ শনিবার বিকেলে এই অভিযান চালানো হয়। উদ্ধার করা পাখির বাজারমূল্য প্রায় ৪০ হাজার টাকা বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।অভিযানের পর বেশ কিছু প্রজাতির পাখি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মুক্ত করে দেওয়ায় নতুন প্রাণ ফিরে পায় এরা। বন বিভাগের কর্মকর্তারা জানান, অন্য পাখিগুলো লাউয়াছড়া ও সাতছড়া জাতীয় উদ্যান এবং কক্সবাজারের বঙ্গবন্ধু সাফারি পার্কে ছেড়ে দেওয়া হবে।তবে অভিযানের কথা আগেই জেনে যাওয়ায় অনেক ব্যবসায়ীকে দোকান থেকে নিরাপদ স্থানে পাখি সরিয়ে নিতে দেখা গেছে।রাজধানীর কাঁটাবন মার্কেটে দীর্ঘদিন ধরে অবৈধভাবে নানা প্রজাতির বন্য পাখি ও প্রাণী বিক্রি করা হয়। বন বিভাগের একশ্রেণীর কর্মকর্তার যোগসাজশে ব্যবসায়ীরা নিয়মিত এ কাজ করে আসছেন বলে অভিযোগ রয়েছে।আজই প্রথমবারের মতো বন বিভাগ এই মার্কেটে অভিযান চালায়। এ সময় ৩৯টি দোকান থেকে পাখি উদ্ধার করা হয়। উদ্ধার করা পাখির মধ্যে রয়েছে: তিন থেকে চার প্রজাতির টিয়া, পাঁচ প্রজাতির শিকারি ইগল, ঘুঘু, ময়না, তিন প্রজাতির মুনিয়া ও কালেম। তা ছাড়া অবৈধভাবে বিক্রির জন্য রাখা তিনটি বানরও সেখান থেকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা পাখির একটি অংশ পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তাঁর কার্যালয়ের সামনে মুক্ত করেন।অভিযানের একপর্যায়ে পেট কর্নার ও দি ফ্লাই বার্ডসের দোকানিরা দোকান বন্ধ করে দিলে বন বিভাগের কর্মকর্তারা সেসব দোকান খুলে সেখান থেকেও পাখি উদ্ধার করেন।প্রাণি বিশেষজ্ঞদের মতে, দেশে সাড়ে ছয় শ প্রজাতির পাখি রয়েছে। এদের ৩০টি প্রজাতি ইতিমধ্যে বিলুপ্ত হয়ে গেছে। আরও অন্তত ১০০ প্রজাতির পাখি এখন বিলুপ্তির পথে। খাঁচায় ভরে অবৈধভাবে বিক্রি করাকেই পাখি বিলুপ্তির একটি বড় কারণ বলে মনে করেন তাঁরা।অভিযানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষক ও ওয়াইল্ড লাইফ ট্রাস্ট অব বাংলাদেশের প্রধান নির্বাহী আনোয়ারুল ইসলাম। তিনি প্রথম আলোকে বলেন, ‘এমনিতেই দেশ থেকে পাখির বিভিন্ন প্রজাতি হারিয়ে যাচ্ছে। তার ওপর যদি অবৈধভাবে খাঁচায় ভরে পাখি বিক্রি করা হয়, তবে পাখির সবগুলো প্রজাতিই একসময় হারিয়ে যাবে। তাই এ বিষয়ে আমাদের সচেতন হতে হবে। কারণ আমরা যদি না কিনি, তাহলে খাঁচায় পাখি বিক্রি বন্ধ হয়ে যাবে।’বিদ্যমান বন্য প্রাণী সংরক্ষণ আইনের সীমাবদ্ধতা তুলে ধরে আনোয়ারুল ইসলাম বলেন, বিদ্যমান আইনে অবৈধভাবে বন্য প্রাণী বিক্রির সর্বোচ্চ শাস্তি দুই বছরের কারাদণ্ড এবং দুই হাজার টাকা জরিমানা। এ কারণে গ্রামে-গঞ্জেও ভ্যানে করে পাখি বিক্রি করতে দেখা যায়।তবে সম্প্রতি বন্য প্রাণী সংরক্ষণ আইন চূড়ান্ত করেছে বন ও পরিবেশ মন্ত্রণালয়। শিগগিরই সংসদে আইনটি পাস হওয়ার কথা রয়েছে। এই আইনে অবৈধভাবে বন্য প্রাণী বিক্রির সর্বোচ্চ শাস্তি ১২ বছরের কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানার বিধান রাখা হচ্ছে বলে জানা গেছে।বন বিভাগের বন সংরক্ষক (বন্য প্রাণী সার্কেল) তপন কুমার দে প্রথম আলোকে বলেন, খাঁচায় ভরে অবৈধভাবে এসব পাখি বিক্রি করা দণ্ডনীয় অপরাধ। কিন্তু আইনের তোয়াক্কা না করে কাঁটাবনের ব্যবসায়ীরা এ কাজ করেই যাচ্ছেন। এঁদের বিরুদ্ধে শিগগিরই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অবৈধভাবে পাখি বিক্রি বন্ধে রাজধানীর বিভিন্ন মার্কেটে এখন থেকে প্রতি মাসে অভিযান চালানো হবে।ব্যবসায়ীদের বক্তব্য: কাঁটাবন মার্কেটের অ্যাকুরিয়াম ব্যবসায়ীদের সংগঠনের সহসভাপতি আতাউর রহমান প্রথম আলোকে বলেন, ‘কেরানীগঞ্জ, সাভারসহ দেশের বিভিন্ন জায়গায় ছোট ছোট খামারে এসব পাখি পাওয়া যায়। সেসব জায়গা থেকে কম দামে আমরা এসব পাখি আনি।’আতাউর রহমান বলেন, ‘রমজানের আগে বন বিভাগের সঙ্গে আমাদের একটি সভা হয়েছিল। সেখানে বলা হয়েছিল, নতুন আইন করা হচ্ছে, সে অনুযায়ী এখন থেকে বন্য প্রাণীর ব্যবসা করতে হবে। কিন্তু আইনটি আমাদের হাতে না দেওয়ায় তাতে কী বলা আছে, আমরা জানি না। আইনে নিষেধাজ্ঞা থাকলে অবশ্যই আমরা আর এ ধরনের পাখি বিক্রি করব না।’ বিক্রি চলতে থাকলে একসময় যে এসব পাখি বিলুপ্ত হয়ে যাবে, সে বিষয়টি তিনি নিজেও স্বীকার করেন।ব্যবসায়ী জামাল হোসেন সাংবাদিকদের বলেন, ‘আমরা এখানে দেশি-বিদেশি প্রাণী বিক্রি করি। আমরাও জানি, দেশি পাখি বিক্রি করলে এগুলো বিলুপ্ত হয়ে যাবে। কিন্তু চুরি-ডাকাতি করার চেয়ে তো এ ব্যবসা ভালো।’ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ: ঢাকা বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, কাঁটাবন মার্কেটটি বিশ্ববিদ্যালয়ের মালিকানাধীন। এ মার্কেটে অবৈধভাবে প্রাণী ও পাখি বিক্রি বন্ধ করতে কী করা যায়, সে বিষয়ে শিগগিরই প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষক ও বন্য প্রাণী বিশেষজ্ঞদের নিয়ে আলোচনায় বসবে কর্তৃপক্ষ। বিষয়টি খতিয়ে দেখতে শিগগিরই বন্য প্রাণী বিশেষজ্ঞদের দায়িত্ব দেওয়া হবে।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক প্রথম আলোকে বলেন, ‘বন্য প্রাণী বিশেষজ্ঞদের এ বিষয়ে খোঁজ নিতে বলা হবে। যদি বন্য প্রাণী সংরক্ষণ আইন অমান্য করার অভিযোগ প্রমাণিত হয়, তবে এসব ব্যবসা বন্ধ করতে ব্যবসায়ীদের নোটিশ দেওয়া হবে।’