আপনজনের ফল উৎসব
ঘড়িতে তখন সকাল সাড়ে সাতটা। ধানমন্ডি লেকের সুধা সদন দ্বীপের চারপাশে নানা বয়সী মানুষের ভিড়। তাদের মাঝে একটি টেবিলে সাজানো রয়েছে নানা রকমের ফল। এর মধ্যে অন্যতম আম, কাঁঠাল ও লিচু। আরও রয়েছে ভেজা চিড়া, দই ও চিনি। তারপর একে একে সবাই টেবিলের কাছে প্লেট নিয়ে আসছে। আর অন্য পাশ থেকে আরেকজন প্লেটে তুলে দিচ্ছে টেবিলে সাজানো রকমারি ফল, দই ও চিড়া। ১০ জুন সকালে ধানমন্ডি লেকের সুধা সদন দ্বীপে এমন দৃশ্য দেখা গেল। এটা ছিল ‘বাৎসরিক মৌসুমি ফল উৎসব’। এর আয়োজক আপনজন নামে একটি সংগঠন। ধানমন্ডি লেকে শরীরচর্চা করতে আসা ব্যক্তিরা গড়েছেন এই সংগঠন। আপনজনের সভাপতি লায়ন জগলু মাহমুদ বলেন, ‘সবাই বাড়িতে কমবেশি মৌসুমি ফল খেয়ে থাকি। কিন্তু সবাই মিলে এখানে একসঙ্গে খাওয়ার মজাই আলাদা।’আট বছর আগে প্রতিষ্ঠিত আপনজনের বর্তমান সদস্য ৮০। ধানমন্ডি লেকে শরীরচর্চা করতে আসা যে কেউই বিনা মূল্যে এর সদস্য হতে পারেন।