আপনাদের চাবকানো উচিত: মমতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষুব্ধ হয়ে নিজের নিরাপত্তারক্ষীদের উদ্দেশে বলেছেন, ‘আপনাদের চাপকানো উচিত।’ গতকাল বুধবার রাতে কলকাতা বইমেলা থেকে বের হয়ে তিনি প্রকাশ্যে এই কথা বলে চিত্কার-চেঁচামেচি করেন। গতকাল সন্ধ্যায় হুট করে বইমেলার যান মমতা। মেলার তিন নম্বর ফটক দিয়ে প্রবেশ করে ভুলক্রমে বের হন এক নম্বর ফটক দিয়ে। এ সময় তিনি সেখানে তাঁর গাড়ি দেখতে না পেয়ে কিছুটা বিচলিত হয়ে নিরাপত্তা কর্মকর্তাদের উচ্চ স্বরে বকাবকি করেন। একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, ‘এটি ছিল মুখ্যমন্ত্রীর অনির্ধারিত আগমন। তাই এত কম সময়ের মধ্যে লোকজনের ভিড় ঠেলে ও যানজট এড়িয়ে তাঁর গাড়িটি অন্য ফটকে নিয়ে যাওয়া পুলিশের পক্ষে কঠিন ছিল।’তৃণমূলের ছাত্রনেতা শাঙ্কু দেব জানান, রাত সাতটা ৫৫ মিনিটে মূল ফটক (তিন নম্বর) দিয়ে মেলায় প্রবেশ করেন মমতা। সেখানে ‘জাগো বাংলা’ স্টলে তিনি তাঁর বই ও কয়েকটি সিডির মোড়ক উন্মোচন করেন। এ সময় সেখানে বিখ্যাত চিত্রশিল্পী শুভাপ্রসন্নসহ প্রকাশক ও বিক্রেতারা উপস্থিত ছিলেন। একজন কর্মকর্তা জানান, বইমেলায় আধাঘণ্টা কাটিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জেবিএস হলডন এভিনিউর দিকের এক নম্বর ফটক দিয়ে বের হন। আচমকা এই পথ পরিবর্তনের জন্য তাঁর নিরাপত্তাকর্মীরা প্রস্তুত ছিলেন না। যে ফটক দিয়ে প্রবেশ করেছিলেন, ওই ফটক দিয়েই তাঁর বের হওয়ার কথা ছিল। তাই তাঁর নিরাপত্তাকর্মীরা সেখানেই অপেক্ষা করছিলেন। তিন নম্বর ফটকে গাড়ি না দেখে মুখ্যমন্ত্রী অবাক হয়ে যান। সেখানে দুই মিনিট অপেক্ষা করে তিনি রাস্তায় নেমে আসেন। এ সময় পুলিশ তাঁর চারপাশে নিরাপত্তাবলয় তৈরি করে ও যান চলাচল বন্ধ করে দেয়। কিন্তু সাধারণ লোকজন এ বলয় ভেঙে মুখ্যমন্ত্রীর কাছে ‘দিদি দিদি’ বলে ছুটে যায়। অনেকেই তাঁর সঙ্গে হাত মেলায়। দুই মিনিট হাঁটার পর মমতা রাগী চোখে পেছনে ফেলে আসা ফটক ও তাঁর নিরাপত্তাকর্মীদের দিকে তাকান। এরপর তিনি তাঁর গাড়িতে চড়ে বইমেলা প্রাঙ্গণ ত্যাগ করেন।এদিকে, এ ঘটনাকে মানবাধিকার লঙ্ঘন বলে বিবেচনা করে কলকাতার মানবাধিকার সংস্থা অ্যাসোসিয়েশন ফর প্রোটেকশন অব ডেমোক্রেটিক রাইটস রাজ্য মানবাধিকার সংস্থায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আবেদন করেছে।