আপনার অবস্থান পরিষ্কার করুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর মেয়র ও আওয়ামী লীগের নেতা লোকমান হোসেন হত্যার ঘটনায় অবস্থান পরিষ্কার করতে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজুর প্রতি আহ্বান জানানো হয়েছে।লোকমান হত্যার প্রতিবাদে গতকাল শুক্রবার বিকেলে নরসিংদী শহরের পশ্চিম কান্দাপাড়ায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তারা এই আহ্বান জানান। সমাবেশে নরসিংদী-৩ (শিবপুর) আসনের আওয়ামী লীগ দলীয় সাংসদ জহিরুল হক ডাক ও টেলিযোগাযোগমন্ত্রীর উদ্দেশে বলেন, ‘মাননীয় মন্ত্রী, লোকমান হত্যাকাণ্ড ইস্যুতে আপনাকে নিয়ে অনেক কথা হচ্ছে। জানতে পেরেছি, আপনি অস্ট্রেলিয়ায় আছেন, আজ রাতে ফিরবেন। আশা করছি, দেশে এসে এই হত্যাকাণ্ডের বিষয়ে আপনি আপনার অবস্থান পরিষ্কার করবেন। খুনিদের মুখোশ উন্মোচনে আপনার ভূমিকা কী হবে, নরসিংদীবাসী তা দেখতে অপেক্ষা করছে।’ তিনি বলেন, সন্ত্রাসীদের কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে না, সরকারি দলের হলেও না।গত মঙ্গলবার রাতে দলীয় কার্যালয়ে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন মেয়র লোকমান হোসেন। এই হত্যার বিচারের দাবিতে নরসিংদী জেলা আওয়ামী লীগ গতকাল প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি আসাদুজ্জামান। সমাবেশে আওয়ামী লীগের কেন্দ্রীয় কোনো নেতা আসেননি।সমাবেশে লোকমানের ছোট ভাই জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামীম নেওয়াজ বলেন, ‘লোকমানের জন্য যাদের রাজনীতির ভবিষ্যৎ অন্ধকার হয়ে গিয়েছিল, তারাই আমার ভাইকে খুন করেছে। যারা মনে করেছে, এক লোকমানকে সরিয়ে দিলে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ উজ্জ্বল হবে, নরসিংদীবাসী তাদের এমন স্বপ্ন কখনোই পূরণ হতে দেবে না।’ তিনি বলেন, ‘তাদের হটানোর জন্য যদি আমাকেসহ আমার পরিবারের আরও কোনো সদস্যকে প্রাণ দিতে হয়, প্রয়োজনে তা দিব। তবুও লড়াই সংগ্রাম থেকে সরে আসব না।’বিকেল সাড়ে তিনটায় সমাবেশ শুরু হয়। এর আগেই শহরের বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে শোকাহত কর্মী-সমর্থকেরা সমাবেশস্থলে হাজির হতে শুরু করেন। নরসিংদী-১ (সদর) আসনের সাংসদ নজরুল ইসলাম বলেন, ‘এমন সময় লোকমান খুন হন, যখন বিএনপি-জামায়াত সরকারবিরোধী আন্দোলনের নামে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। তৃতীয় কোনো পক্ষ এর সুযোগ নিয়েছে কি না, আমাদের খতিয়ে দেখতে হবে।’ মেয়র লোকমানকে সাহসী নেতা আখ্যায়িত করে সাংসদ নজরুল ইসলাম বলেন, মাদকপল্লি উচ্ছেদ করে সেই জায়গায় ঈদগা প্রতিষ্ঠা করার মতো সাহসী উদ্যোগ কেবল লোকমানের মতো সাহসী যুবকের পক্ষেই সম্ভব।নরসিংদী-২ আসনের (পলাশ) আরেক সাংসদ আনোয়ারুল আশ্রাফ দিলীপ বলেন, নরসিংদী ছিল নোংরা শহর। এই নোংরা শহরকে আধুনিক শহরের রূপ দিয়েছেন মেয়র লোকমান। তিনি সরকার ও পুলিশকে উদ্দেশ করে বলেন, ‘কেউ যেন খুনিদের প্রতি অনুকম্পা দেখাতে না পারে, আমাদের সেই দিকে নজর রাখতে হবে।’ নরসিংদী-৪ আসনের (মনোহরদী-বেলাব) সাংসদ নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেন, ‘আমাদের বিবেচনায় লোকমান ছিল নরসিংদীর সূর্য। তাকে সরিয়ে দিয়ে নরসিংদীতে অস্ত্রের রাজনীতি শুরুর পাঁয়তারা হতে পারে। সুষ্ঠু বিচারের মাধ্যমে অস্ত্রের রাজনীতি বন্ধ হতে পারে।’সমাবেশে অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মতিন ভূঁইয়া, সহসভাপতি হাবিবুর রহমান, অহিভূষণ চক্রবর্তী, শওকত আলী, এ কে হাদী, প্রচার সম্পাদক শামসুল আলম, সাংগঠনিক সম্পাদক নাসিরুল হক ভূঁইয়া, সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান ভূঁইয়া, সদর উপজেলা সভাপতি সফর আলী, শিবপুর উপজেলার সাধারণ সম্পাদক ফরহাদ আলম ভূঁইয়া, শিবপুর উপজেলার চেয়ারম্যান ফজলুর রহমান, কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম ভূঁইয়া প্রমুখ বক্তব্য দেন।বিএনপির সমাবেশ আজ: বিএনপির কেন্দ্রীয় শিক্ষাবিষয়ক সম্পাদক ও নরসিংদীর জেলা কমিটির সভাপতি খায়রুল কবিরের মুক্তির দাবিতে আজ শনিবার সকাল ১০টায় সমাবেশ করবে জেলা বিএনপি। শহরের ভেলানগর জেলখানা মোড়ে এ সমাবেশ হবে বলে দলীয় সূত্র জানিয়েছে।লোকমান হত্যার ঘটনায় নরসিংদী পুলিশ গত মঙ্গলবার গভীর রাতে খায়রুল কবিরকে তাঁর ঢাকার খিলগাঁওয়ের বাসা থেকে গ্রেপ্তার করে।