২০০১ সালের ২৬ মে আমি শ্বশুরবাড়িতে এলাম। বাড়ির গেটে অনেকের সঙ্গে একজন অনন্য ব্যক্তিত্ব শুচিশুভ্র শাড়ি পরে গোলাপ ফুলের পাপড়ি ছিটিয়ে আমাকে বরণ করলেন। বুকের মাঝে মাথা টেনে নিয়ে দোয়া পড়ে আশীর্বাদ করলেন। মুখের দিকে তাকিয়ে দেখি, এ মুখ তো আমার অত্যন্ত চেনা। বহুবার পত্রিকায় মিটিং-মিছিলের ছবিতে দেখা মুখ। জানলাম, তিনি আমার নানি শাশুড়ি, মীর্জা আজিজা ইদরিস। বিয়েবাড়ির আসরে তিনিই ছিলেন সবচেয়ে বয়োজ্যেষ্ঠ। আপন দীপ্তিতে উদ্ভাসিত উজ্জ্বল ব্যক্তিত্ব, সবার মাঝে জ্বলজ্বল করছেন। আমার পাশে বসে ছবি তুললেন, গল্প করলেন। একটু রাত হলে বললেন, ‘বুবু, আজ আসি, অনেক রাত হয়েছে।’তিনি থাকতেন আমার বড় মামা শ্বশুরের বাসায়, ইস্কাটনে আর আমরা থাকি মোহাম্মদপুরে। মাস খানেক পর্যন্ত প্রায় প্রতিদিন তিনি আসতেন এবং নানা বিষয়ে আমার সঙ্গে গল্প করতেন। তাঁর জীবনের নানা অভিজ্ঞতার কথা তাঁর কাছে শুনেছি। প্রখর স্মরণশক্তির অধিকারী আমার নানি শাশুড়ি সন-তারিখ উল্লেখ করে বিভিন্ন বিষয়ে আমাকে বলতেন। আমি তাঁর সংস্পর্শে এসে অনেক কিছু শিখেছি, জেনেছি। তাঁর প্রতিটি কথাই ছিল শিক্ষণীয়।আমি তাঁর প্রথম নাত-বউ। তাঁকে একটা ছোট জিনিস উপহার দিলেও অত্যন্ত খুশি হতেন। আমার সেই নানির ২০০৮ সালে অক্টোবর মাসে পা ভাঙল। অপারেশন করানোর পর সুস্থ হলেন। তবে চলাফেরা হলো সীমিত। সেই কর্মচঞ্চল মানুষটি হলেন গৃহবন্দী। তখন তো ইচ্ছে করলেই হুট করে চলে আসতে পারতেন না আর আমরাও নানা ব্যস্ততার কারণে সব সময় যেতে পারতাম না। কয়েক দিন পার হলেই অভিমানী নানি আমাকে ফোন করতেন, আমি সঙ্গে সঙ্গে যেতাম। তিনি বললেন, ‘আসিস না কেন, আমাকে দেখতে ইচ্ছা করে না?’ আমি চুপচাপ মাথা নত করে ভুল স্বীকার করতাম। মাথায় হাত রেখে বলতেন, ‘আসিস বুবু, একা একা ভালো লাগে না। কেউ আসলে আমার কী যে ভালো লাগে!’ তিনি তো সারা জীবন মানুষের জন্য কাজ করেছেন। মানুষ ছাড়া থাকতে পারেন না। আমাদের বাসায় তিনি শেষ এসেছেন ১০ আগস্ট ২০০৮ সালে আমার মেয়ে আস্থার জন্মদিনে। আমাদের বাড়ির খাড়া সিঁড়ি বেয়ে উঠে হাঁপাচ্ছিলেন। ক্লান্ত, শ্রান্ত কিন্তু কী আশ্বর্যদীপ্ত! দুই বছরের আস্থার জন্য বই নিয়ে এসেছিলেন। বললেন, ‘জানি না ওর পড়ার সময় হলে আমি কোথায় থাকব?’ মাস তিনেক আগে আমি স্পনডেলাইটিসের ব্যথায় শয্যাশায়ী হয়ে যাই। আমার অসুস্থ হওয়ার খবর পেয়ে নানির সে কী ব্যাকুলতা। প্রতিদিন ফোন করতেন আর বলতেন, ‘বুবু, আমি তোমাকে দেখতে আসতে পারছি না, এমনই অক্ষম আমি। সব সময় দোয়া করছি।’ আমি ভালো না হতেই তিনি চলে গেলেন হাসপাতালে। বারডেমে ১১০২ নম্বর রুমে তিনি শুয়ে আছেন। আমি দেখতে গেলাম। অবাক হওয়ার পালা। তিনি নিজের প্রচণ্ড রোগ-যন্ত্রণা উপেক্ষা করে আমাকে বলছেন, আমার কী কাজ করা যাবে, কী কাজ করা যাবে না। আমি তাঁর ভালোবাসা দেখে বিস্ময়ে শ্রদ্ধা-অবনত হয়েছিলাম। ঈদের দিন তিনি ছিলেন সিসিইউতে। আরও ক্ষীণকায় হয়ে গেছেন। কথা বলতে কষ্ট হচ্ছে। তবুও আমার হাতটা ধরলেন, আস্থাকে আদর করলেন। আমার শাশুড়ি কাজী মদিনা তাঁর বড় মেয়ে। আমাকে বললেন, ‘তোমার শাশুড়ির দিকে নজর রাখবে।’ আজ অমন করে গল্প করার, কথা বলার আর কেউ নেই। গত ১৭ অক্টোবর তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। এটা ভাবলেই সবকিছু যেন থেমে আসে। ক্ষমা করবেন নানি, আপনার জন্য আমি কিছুই করতে পারিনি।তামান্না মুস্তারীমোহাম্মদপুর, ঢাকা